আমি মানুষ গড়ার কারিগর, শিক্ষক। ২০০১ সালের আগস্ট এডিবি প্রকল্পে আমি বা আমরা যোগদান করি। পুরো বাংলাদেশে আমার মতো ছয় হাজার শিক্ষক ২০০৫ সালের আগস্টে রাজস্ব খাতে আবার যোগদান করে। তার আগে আমাদের জন্য ২০০৫ সালের ২০ জুন এসআরও নম্বর-১৮৪ আইন/২০০৫/সম/বিধি-১/এস-৯/২০০০ মূলে আমাদের চাকরির করণীয় জারি করে সরকার। এতে স্পষ্টভাবে চাকরিতে প্রথম যোগদান তথা প্রকল্পে যোগদানের তারিখ থেকে তার বেতন, ছুটি, পেনশন ও আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হবে। সে হিসেবে আমাদের ২০০৯ সালের আগস্টে টাইমস্কেল হওয়ার কথা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চট্টগ্রাম মহোদয় গত ২০১২ সালের ৭ ডিসেম্বর প্রথম টাইমস্কেল মঞ্জুর করে। কিন্তু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আপত্তি দিয়ে আমাদের মঞ্জুর করা টাইমস্কেল স্থগিত রাখেন। তাঁরা (হিসাব অফিস) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ মানতে বাধ্য নন। আমাদের কষ্টের সময় (প্রকল্পের) যদি মূল্যায়িত না হয়, তবে সরকারি আইন তথা মানবিকতাকে অবমূল্যায়ন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি আমাদের আবেদন, আমরা আমাদের প্রাপ্য পেয়ে পাঠদানে মনোযোগী হতে চাই, যাতে শিক্ষার্থীর ওপর কোনো প্রভাব না পড়ে।মোহাম্মদ শাহজাহানসাতকানিয়া, চট্টগ্রাম।