আম-ছালাতত্ত্ব ও দুই নৌকায় পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম-ছালাতত্ত্ব ও দুই নৌকায় পা রাখার নীতির পেছনে একটু ইতিহাস আছে। দুটি বাস্তব ঘটনা থেকেই এই তত্ত্ব ও নীতির সূচনা। ঘটনা দুটি এ রকম: এক লোকের একটি ছালা ছিল। কিন্তু তার বাড়িতে কোনো আমগাছ ছিল না। একদিন তার অন্যের বাগান থেকে আম চুরি করার বাসনা হয়। সে ছালা নিয়ে আম চুরি করতে বের হয়। গাছ থেকে আম পেড়ে কেবল বস্তায় ভরেছে, এমন সময় ‘কে রে আমগাছের নিচে’ বলে বাগানের মালিক তাকে ধাওয়া করে। ছালা ও আম ফেলে লোকটি প্রাণ বাঁচাতে ভোঁ-দৌড়। খালি হাতে বাড়ি ফেরার পরে তার বউ জিগ্যেস করে, ‘আম আনলা না।’ সে বলে, ‘না।’ বউ বলে, ‘তোমার ছালা কই?’ লোকটি বলে, ‘ছালা ফ্যালাইয়া আইছি। জান নিয়া আসবার পারি না, তোমার ছালা!’ এবার বউ বলে, ‘তা হইলে আমও গেল, ছালাও গেল।’ছালা ও আম দুটোই হারানো খুব বড় ব্যর্থতা। এক লোক বর্ষাকালে বাজারে গিয়েছিল। তার নিজের নৌকা ছিল না। অন্য কারও নৌকায় বাড়ি ফিরতে হবে। সে দেখতে পায়, দুটি মজবুত নৌকা ঘাটে বাঁধা। লোকটি ছিল কাঁচা চালাক। ভেবেছিল, একটিতে উঠলে যদি অন্যটি আগে ছেড়ে যায়। তাই সে দুই নৌকায় দুই পা রাখে। তার মতলব, যে নৌকাটি আগে ছাড়বে সেটাতেই যাবে। কিন্তু হঠাৎ দুটি নৌকাই একসঙ্গে ছাড়ে এবং পরস্পর থেকে দূরে সরতে থাকে। দুই পা শরীরের যেখানে এসে মিলিত হয়েছে, লোকটির সেই সংযোগস্থলে টান লাগে। ফেটে যাওয়ার উপক্রম। দুই নৌকা থেকেই পা সরে যায়। সঙ্গে সঙ্গে লোকটি পড়ে যায় পানিতে। নৌকায় চড়ে বাড়ি যাওয়া হলো না তার। হাবুডুবু খেতে থাকে নদীতে। এই দুই ঘটনা থেকেই আম ও ছালাতত্ত্ব এবং দুই নৌকায় পা রাখার নীতি প্রচলিত হয়। আজও বিশেষ পরিস্থিতিতে এই তত্ত্ব ও নীতির কথা শোনা যায়। বাঙালি শুধু বীরের জাতি নয়, কবিরও জাতি। তাই তারা রাজনীতির ব্যাপারেও সোজাসাপটা কথা না বলে উপমা-উৎপ্রেক্ষা ও রূপক-অলংকার দিয়ে বলতেই ভালোবাসে। মহাজোটের দুই দলের দুই নেতাও আম-ছালা ও দুই নৌকায় পা রাখার উপদেশমূলক রূপককাহিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন। এক নেতা প্রধান দলের, আরেক নেতা এক বাম দলের।এক নেতা মনে করছেন, শাহবাগ ও শাপলা চত্বর দুটি নৌকা। মহাজোট সরকার সেই নৌকার সম্ভাব্য যাত্রী। অন্যদিকে আরেক নেতা রাজধানীর দুই বিখ্যাত চত্বরকে মনে করছেন—একটি আম আর একটি ছালা। শাহবাগ যদি ছালা হয়, তো শাপলা হবে আম, অথবা শাপলা যদি ছালা হয় তো শাহবাগ আম। আওয়ামী লীগ ও নৌকা চুয়ান্ন সাল থেকে অবিচ্ছেদ্য। নৌকা বিষয়ে আওয়ামী লীগের নেতারা বিশেষজ্ঞ। এক নৌকায় তাঁরা ভরসা পান না। সব সময়ই দুটি নৌকায় পা রাখেন। মধ্য-পঞ্চাশে ও সত্তরের প্রথম দিকে আওয়ামী লীগ সরকার দুই নৌকায় পা রাখতে গিয়েই নৌকাডুবি হয়। নৌকার যাত্রীদের সলিলসমাধি ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কেউই পাশে রইল না। যাঁরা আগে মার্ক্সীয় তত্ত্ব আওড়াতেন, তাঁরা এখন আম-ছালাতত্ত্বের প্রবক্তা হয়েছেন। মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সে তুংয়ের চিন্তাধারা বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে। গত ৪২ বছরে বুড়ো মার্ক্সের উম্মতরা—তাঁরা মস্কো তরিকার হোন বা বেইজিং তরিকার হোন—সব বেসামরিক ও সামরিক শাসকের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। ফলে এখন তাঁরা প্রায় বিলুপ্ত এক প্রজাতি। কোনো ব্যক্তির কাছে একটি ছালার যে কদর, বড় শাসক দলগুলোর কাছে বামদের সে দামও নেই। শাসক দলগুলোর কাছে বঙ্গীয় বামরা ছেঁড়া ছালার চেয়ে বেশি কিছু নন। মহাজোট সরকার চুরুলিয়ার খ্যাপাটে লোকটির মতো ‘দেখিয়া শুনিয়া খেপিয়া’ গিয়াছে। তাই করে তার ‘যখন যা চাহে মন যা’। সরকার কেমন যেন উদ্ভ্রান্ত, কোনো স্থিরতা নেই। সরকারের অ-স্থিরতায় জাতি আজ গভীরতর সংকটে। সরকার কখনো শাহবাগকে সমর্থন দেয়, কখনো তাদের ওপর বিরূপতা দেখায়। সরকার কখনো হেফাজতের সঙ্গে সমঝোতায় বসে, কখনো তাদের বিরুদ্ধে অবরোধের এন্তেজাম করে। তাদের চলাচলের সব পথ বন্ধ করে দেয়। সরকারের নীতি অতি পরিষ্কার: যখন যে দিক থেকে যতটা সুবিধা নেওয়া যায়। ওই প্রসঙ্গেই মহাজোটের প্রধান দল আওয়ামী লীগের নেতা সঠিকভাবেই স্মরণ করিয়ে দিয়েছেন দুই নৌকায় পা রাখার রূপক এবং ওয়ার্কার্স পার্টির নেতা খাড়া করেছেন আম ও ছালার তত্ত্ব। আমি তাঁদের উভয়কেই সমর্থন করি। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।