এ বছর আমের ফলন ভালো হয়েছে বলে আমচাষিরা আনন্দিত ছিলেন। কিন্তু রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা এখন বলছেন, আমের বাজারে মন্দা। তাই তাঁরা আম নিয়ে দিশেহারা অবস্থায় পড়েছেন।
কিন্তু মন্দা কেন? আমচাষিদের ভাষ্য হলো গত বছর আমে রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ে ব্যাপক প্রচারণা হয়েছিল বলে এ বছর বাজারে আমের চাহিদা কমে গেছে। বড় ক্রেতারা আর আগের মতো আম কিনছেন না। রাজশাহী জেলা প্রশাসন মৌসুমের শুরুতেই আমে রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও তা লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে আমচাষিদের উদ্দেশে এমন নির্দেশনা জারি করে যে গাছে আম না পাকা পর্যন্ত কেউ আম পাড়তে পারবে না। চাষিরা সে জন্য প্রায় ২০ দিন অপেক্ষা করার পর আম পাড়া শুরু করেছেন। ফলে একসঙ্গে সব আম পাকা শুরু হয়েছে, কিন্তু পর্যাপ্ত ক্রেতার অভাব দেখা যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সব আম বিক্রি করা সম্ভব না হলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থা চাষিদের জন্য সমস্যাপূর্ণই বটে।
আমের ফাঁস থেকে মুক্তি পাচ্ছেন কৃষককিন্তু এ সমস্যার কিছু সমাধান অবশ্যই আছে। প্রথমত, বাজারের মন্দাভাব কাটানোর জন্য জনমনে এমন আস্থা সৃষ্টি হওয়া জরুরি যে আম পাকানো ও সংরক্ষণের জন্য বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে না। জনমনে এ আস্থা সৃষ্টির দায় প্রধানত আমচাষি ও আম ব্যবসায়ীদের। এটা একটা ভালো সংবাদ যে রাজশাহীর প্রশাসন আম পরীক্ষা করে রাসায়নিকমুক্ত আমের সনদ দেওয়া শুরু করেছে। আমচাষি ও আম ব্যবসায়ীদের উচিত সময়ক্ষেপণ বা গড়িমসি না করে প্রশাসনের সনদ সংগ্রহ করা। আর প্রশাসন পরীক্ষা-নিরীক্ষা করে যদি সংবাদমাধ্যমে এমন বার্তা পাঠায় যে এ মৌসুমে আমে রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হচ্ছে না, বা অনেক হ্রাস পেয়েছে, তাহলে তার ইতিবাচক প্রভাব বাজারে অবশ্যই পড়বে।
তবে সে জন্য আমচাষি ও আম ব্যবসায়ীদের অবশ্যই বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।