একটি বিচারের রায় প্রকাশ করা হবে। তার জন্য দেশের এবং দেশের বাইরের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে সোমবার সারা রাত। জাতি অপেক্ষা করেছে ৪১ বছর। একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিরপুরের কসাই নামে খ্যাত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার অপরাধের বিচারের রায় ঘোষণা করবেন পরদিন। আগের রাতে অসংখ্য বন্ধুবান্ধব ও মুক্তিযোদ্ধা বিদেশ থেকে আমাকে বলে রেখেছে রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে যেন তাদের জানিয়ে দিই। তাঁর বিরুদ্ধে মোট ছয়টি অপরাধের অভিযোগ। এগুলোর মধ্যে আছে কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলুব্দী গ্রামে ৩৪৪ জনকে হত্যা, আইনজীবী-সাংবাদিক আবু তালেবকে হত্যা, হযরত আলী লস্কর ও তাঁর পরিবারের মেয়েদের ধর্ষণ ও হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের আরও দুটি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা। যাঁরা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, তাঁদের মধ্যে একজন ধর্ষিতাও ছিলেন, যাঁকে ধর্ষণ করে মৃত ভেবে আসামিরা ফেলে রেখে গিয়েছিলেন। তিনি ক্যামেরা পদ্ধতিতে (গোপনে) সাক্ষ্য দিয়েছেন। সব সাক্ষীকে কাদের মোল্লার কৌঁসুলিরা জেরা করেছেন। এর আগে একই ট্রাইব্যুনালে বাচ্চু রাজাকারের একই ধরনের অভিযোগে ফাঁসির আদেশ হয়। ধারণা করা হয়েছিল, যেহেতু আইন-আদালতে একই অপরাধে আগের দেওয়া রায় আমলে নেওয়া হয়, সেহেতু কাদের মোল্লার বেলায়ও বাচ্চু রাজাকারের অপরাধের রায়ের অনুরূপ রায়ই হবে। বিজ্ঞ আদালত যখন ১৩২ পৃষ্ঠার রায়ের শেষ অংশটুকু পড়া শেষ করে বললেন একটি ছাড়া (কেরানীগঞ্জ গণহত্যা) প্রসিকিউশন বাকি পাঁচটি অপরাধই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে, তখন সবাই ধারণা করেছে কাদের মোল্লার ফাঁসির আদেশ নিশ্চিত। কিন্তু না, আদালত রায় দিলেন কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য এবং তা প্রমাণিত, কিন্তু শাস্তি ভিন্ন কীভাবে হয়, তা ব্যাখ্যা করার মতো কোনো আইনগত বিদ্যা আমার নেই। হয়তো আদালত এমন কিছু বিষয়কে আমলে নিয়েছেন, যা সাধারণ জনগণের পক্ষে জানা সম্ভব নয়। তবে এই রায়ে সাধারণ মানুষ শুধু ক্ষুব্ধই নয়, শঙ্কিতও বটে। আদালত সম্পর্কে মন্তব্য করা আদালত অবমাননা হতে পারে। আমার দুই বন্ধু যারা ট্রাইব্যুনালে অন্য মামলায় সাক্ষ্য দিয়েছে, আমাকে ফোন করে ক্ষুব্ধ কণ্ঠে বলেছে, তারা এখন বাকি বিচারের রায় নিয়ে উদ্বিগ্ন। তাদের ধারণা, তারা অনেক ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিতে এসেছিল। তাদের অভয় দিয়ে বলি, আদালতের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আদালত আইনের ব্যাখ্যা, যুক্তিতর্ক, সাক্ষী, আলামত, পারিপার্শ্বিক অবস্থা দেখে সাধারণত রায় দিয়ে থাকেন এবং সব রায় যে প্রত্যাশিত হয়, তা নয়। এসব তো সান্ত্বনার বাণী কিন্তু জনগণ যে কতটুকু ক্ষুব্ধ তা তো সবাই জানে। কেউ কেউ তো ক্ষুব্ধ হয়ে এমনও বলা শুরু করেছে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি কোথাও একটা ছন্দপতন হলো? দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ, যাদের শাসনামলে এই মামলা শুরু হয়েছিল, তারা কি এখনো তাদের অবস্থানে আছে! যদিও দলের মুখপাত্র তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি। অনেকের প্রশ্ন, গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদীরাও কি এভাবে পার পেয়ে যাবেন? এসবের উত্তর পেতে হলে আমাদের আরও হয়তো অপেক্ষা করতে হবে। রায়ের আগের দিন জামায়াত-শিবির হুমকি দিয়ে বলেছিল তাদের নেতাদের কিছু হলে দেশে গৃহযুদ্ধ হবে। যদিও রায়ে বস্তুতপক্ষে তেমন কিছু হয়নি, তথাপি জামায়াত আজ বুধবার হরতাল ঘোষণা করেছে। এটি করতে হয় বলে করা। বাস্তবে তাদের তো মিষ্টি বিতরণ করার কথা। খবর নিয়ে জেনেছি, দেশের কোনো কোনো এলাকায় তা করাও হয়েছে এবং শিবির ক্যাডাররা মোটরসাইকেল মিছিল বের করেছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একজন আসামি যেকোনো সময় সাধারণ ক্ষমা পেয়ে জেল থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। অন্য কোনো দল ক্ষমতায় এলে তিনি আবার মন্ত্রী-মিনিস্টারও হতে পারেন। এখন যে ধর্ষিতা নারী সবকিছুর ঊর্ধ্বে উঠে সাক্ষ্য দিতে এসেছিলেন, তাঁকে কীভাবে সান্ত্বনা দেওয়া যাবে? অথবা আমার যে বন্ধুটি অনেক ঝুঁকি নিয়ে সাক্ষ্য দিয়েছিল, তার অশ্রু কীভাবে থামানো যাবে? এসবের কোনো কিছুরই জবাব আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারি, কোটি কোটি মানুষ যে আগ্রহ নিয়ে একটি রায় শোনার জন্য ৪১ বছর আর একটি দীর্ঘ রাত অপেক্ষা করেছে, তারা চরমভাবে হতাশ হয়েছে। এখন একমাত্র আশার আলো, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল, যেমনটি বলেছেন অ্যাটর্নি জেনারেল। আর দল হিসেবে আওয়ামী লীগের প্রতি অনেকেই যে সন্দেহের তির ছুড়েছে, সেই সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে আনা একান্তভাবে দায়িত্ব তাদেরই। যুদ্ধাপরাধের বিচারকাজ সমাপ্ত করা বাঙালির দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কোনো অবস্থাতেই এই যুদ্ধে তো বাঙালি পরাজিত হতে পারে না । এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে একজন মহামানবের কথা মনে পড়ল আবার। তাঁর অদম্য সাহস ছিল। এখন মনে হয় তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সাহসেরও মৃত্যু হয়েছে। ওই মহামানবটি বঙ্গবন্ধু শেখ মুজিব। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।