আমরাই জনসমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সিভিল সোসাইটির প্রচলিত বাংলা অনুবাদ হলো সুশীল সমাজ। আমি সিভিল সোসাইটি বলতে ‘জনসমাজ’ শব্দটি ব্যবহার করি। কেননা, সুশীল কথাটার মধ্যে একধরনের পদসোপান আছে বলে মনে হয়। আমরা যদি একে জনসমাজ বলে অভিহিত করি, তবে এই দুর্বলতা থেকে খানিকটা দূরে থাকা যায়। কেউ কেউ একে ‘সচেতন নাগরিক সমাজ’ বলার পক্ষপাতী।বাংলাদেশে এই জনসমাজের ধারণা এবং তার কার্যকারিতা নিয়ে একধরনের ভুল ধারণা ও সমালোচনাও রয়েছে। আমি লক্ষ করেছি, প্রায়ই গোটা জনসমাজের বিরুদ্ধে একধরনের বিষোদ্গার করা হয়ে থাকে। এর অন্যতম কারণ হলো, বাংলাদেশে সিভিল সোসাইটি বলতে একটা নির্দিষ্ট ধারণা বদ্ধমূল হয়ে গেছে আর তা হলো জনসমাজ; মানে দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। তা ছাড়া সিভিল সোসাইটি বলতে বোঝায় একগুচ্ছ পরিচিত মানুষ, যাঁরা সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি (এবং জনপ্রিয়তা) অর্জন করেছেন। এর সঙ্গে যুক্ত করা হয় কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, যারা বিভিন্ন বিষয়ে মন্তব্য প্রকাশ করে। সংবাদপত্রে লেখালেখি কিংবা টেলিভিশনে টক শোতে অংশগ্রহণকারী বুদ্ধিজীবীদের এই জনসমাজের প্রতীক, প্রতিনিধি ও প্রতিভূ বলেও মনে করা হয়। এনজিও, বেসরকারি গবেষণা সংস্থা, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী, তাঁদের সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে অনেকেই গোটা জনসমাজের ধারণারই বিরোধিতা করে থাকেন। ধরে নেন, সুশীল সমাজ হলো একটি সমশ্রেণীভুক্ত সমাজ এবং আমরা সবাইকে একভাবে বিচার করতে পারি; আর এর যেকোনো অংশের বা ব্যক্তির সীমাবদ্ধতা আসলে পুরো ধারণাটিরই অকার্যকরতার প্রমাণ বহন করে। কাজটি ক্ষমতাসীনেরা তো হরহামেশাই করেন, এমনকি বিরোধী রাজনীতিবিদেরাও তা থেকে পিছপা হন না। এখন সাধারণ মানুষও প্রায়ই এমনভাবেই বলে থাকেন।আমার মনে হয়, এই বিষয়ে খোলামেলা আলোচনার সময় এসেছে। আমাদের জনসমাজের ধারণা বিষয়ে আলোচনা করা দরকার। কেননা, জনসমাজ বলে যাদের চিহ্নিত করা হয়, তাদের কোনো কোনো অংশের, বলা যায় বড় অংশের আচরণের কারণে আমরা সম্ভবত জনসমাজের ধারণাকে এমনভাবে সমালোচনা করছি, যা দীর্ঘ মেয়াদে স্বাধীন (স্বায়ত্তশাসিত অর্থে) তৃণমূল পর্যায় থেকে দলীয় বিবেচনার বাইরে সামাজিক আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে উঠতে পারে। সে কারণে আমাদের আলোচনা করা দরকার যে আমরা জনসমাজ বলতে কী বুঝি, গণতান্ত্রিক সমাজে তার দরকার কেন এবং কেন এখন বাংলাদেশে দলীয় বিবেচনায় বিভক্ত কিংবা আর্থিক বিবেচনা দ্বারা চালিত জনসমাজ প্রকৃতপক্ষে জনসমাজের ধারণার সঙ্গে অসংগতিপূর্ণ। এখন সময় এসেছে জনসমাজের ধারণাকে তার অপব্যবহারকারীদের হাত থেকে উদ্ধার করে তার প্রকৃত জনসমাজের কাছে ফিরিয়ে আনা।জনসমাজের দুটো ধারণার সঙ্গে আমরা পরিচিত। একটা আমরা পাই আন্তনিও গ্রামসির লেখা থেকে। গ্রামসি বলছেন, পুঁজিবাদী রাষ্ট্র আসলে দুটো পরস্পর সংযুক্ত (ওভারলেপিং) এলাকা। একটা হলো ‘রাজনৈতিক সমাজ’ (পলিটিক্যাল সোসাইটি), আরেকটা হলো ‘জনসমাজ’ (সিভিল সোসাইটি)। গ্রামসি বলছেন, রাজনৈতিক সমাজ বল প্রয়োগের মাধ্যমে শাসন করে আর সিভিল সোসাইটি সম্মতির (কনসেন্ট) মাধ্যমে শাসনব্যবস্থা বহাল রাখে। তিনি পরিবার, শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, ট্রেড ইউনিয়ন ইত্যাদিকে সিভিল সোসাইটির অংশ বলে মনে করেন। আমরা এই ধারণা থেকে এগিয়ে গিয়ে বলতে পারি, যেকোনো পুঁজিবাদী সমাজে সিভিল সোসাইটি ওই ব্যবস্থাকে বহাল রাখার বাইরে কিছু করবে না। আবার বলতে পারেন, যদি আপনি পুঁজিবাদী ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চান, তবে আপনাকে তা করতে হবে এই সম্মতির জায়গায় আঘাত হানার মধ্য দিয়েই। প্রকৃতপক্ষে গ্রামসি তাই-ই বলেছেন, যখন তিনি সমাজবদলের কথা বলছেন। তিনি বলছেন, বিপ্লবী দল শ্রমজীবী মানুষের মধ্যে জৈব বুদ্ধিজীবী বা অরগানিক ইন্টেলেকচুয়াল তৈরির পরিস্থিতি তৈরি করবে এবং সিভিল সোসাইটির মধ্যে বিকল্প আধিপত্য বা হেজিমনি তৈরির পথ উন্মুক্ত করবে। তারাই তাদের রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমে সর্বহারা মানুষের সংস্কৃতিকে প্রসারিত করবে। একে গ্রামসি বলছেন অবস্থানের লড়াই (ওয়ার অব পজিশন)। এই ধারণার আলোকে বর্তমান পরিস্থিতিতে (ধরা যাক বাংলাদেশের ক্ষেত্রে) আমরা বলতে পারি, যাঁরা প্রচলিত ব্যবস্থার ধারণাগুলোকে চ্যালেঞ্জ করছেন, রাষ্ট্র ও আধিপত্যশীল আদর্শের বিরুদ্ধে সাধারণ মানুষের নিত্যদিনের সংগ্রামের পাশে দাঁড়িয়ে বিকল্প ভাবাদর্শকে তুলে ধরছেন, তাঁরাই হচ্ছেন জনসমাজ বা সিভিল সোসাইটির অংশ।সিভিল সোসাইটির দ্বিতীয় ধারণাটি অনেক পুরোনো, তবে মার্ক্সের আবির্ভাবের পর এ নিয়ে (গ্রামসি ছাড়া) অন্যরা খুব একটা আলোচনা করেননি। গত তিন দশকে অবশ্য এ নিয়ে নতুন করে আলোচনা লক্ষ করা যাচ্ছে। ধারণাটি হলো পরিবার, রাষ্ট্র ও বাজারের বাইরে সাধারণ মানুষ তাদের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জায়গায় (কেবল ভৌত জায়গা বা ফিজিক্যাল স্পেস নয়, ‘এরেনা’ অর্থে) একত্র হয়, সেটাই হলো সিভিল সোসাইটি। আরেকভাবে বললে আমরা বলতে পারি, যারা নাগরিকদের স্বার্থ ও ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে এবং রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রভাবের বাইরে থাকে, সেই সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত রূপই হলো সিভিল সোসাইটি।লক্ষ করলে দেখবেন, বাংলাদেশে জনসমাজের যে ধারণা প্রতিষ্ঠা পেয়েছে, তা হলো এটা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা কয়েকজন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষ তাঁদের পরিচিতির কারণে আলাদাভাবে ‘সিভিল সোসাইটি’ বলে পরিচিত হবেন; কিন্তু এ ধারণা আসলে জনসমাজের মূল ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয়। যাঁরা রাজনৈতিক সমাজের অংশ, যাঁরা দলীয় বিবেচনায় তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেন, যাঁরা আর্থিক বিবেচনায় তাঁদের এজেন্ডা নির্ধারণ করেন, তাঁরা তো একেবারে মৌলিক বিবেচনায়ই নিজেদের সিভিল সোসাইটি বলে দাবি করতে পারেন না। এই রকম যে শ্রেণী বাংলাদেশে গড়ে উঠেছে, তারা নিজেরাও কিন্তু দাবি করে না যে তারাই সিভিল সোসাইটি। অন্য পক্ষে তাদের এই ধরনের কার্যকলাপের সমালোচনা করতে গিয়ে তাদের সমালোচকেরা এমন জায়গায় স্থাপন করেন, যেখানে তাদের থাকার যোগ্যতাই নেই। এটা রাজনৈতিক শ্রেণীর সদস্যরা খুব আনন্দের সঙ্গে উপভোগ করেন। কেননা, তাঁরা দেখতে পান যে এই সমালোচনা কার্যত সিভিল সোসাইটি বা জনসমাজের ধারণাকেই নাকচ করে দিচ্ছে। এটা বলা প্রয়োজন যে জনসমাজের ধারণা কোনো এক দল ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের কাছে ইজারা দেওয়া হয়নি। জনসমাজ কেবল তাদের কাজের মধ্য দিয়েই জনসমাজ হয়ে ওঠে, টিকে থাকে।এই জায়গায় এসেই গণতন্ত্রে জনসমাজের প্রয়োজনটা আমাদের মনে করতে হবে। জনসমাজের সবচেয়ে বড় ভূমিকাটি হলো জবাবদিহির সংস্কৃতি তৈরি করা। জবাবদিহি বলতে রাজনৈতিক শ্রেণী সব সময়ই নির্বাচনকে বোঝে এবং তারা সেটাই বোঝাতে চায়। তারা এটাও বলে, জবাবদিহির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থাই যথেষ্ট। ‘আপনার যদি বক্তব্য থাকে, তাহলে সংসদে আসুন’ বলে সব সময়ই উচ্চ স্বরে যে সরকারি দল (এখন এবং অতীতে) বলে থাকে, তা থেকে প্রমাণিত যে তারা রাজনৈতিক দলের বাইরে আর কোনো স্বাধীন সত্তার ব্যাপারে মোটেই উৎসাহী নয়। তাহলে যাঁরা দলের বাইরে থাকবেন, তাঁদের কণ্ঠস্বর আমরা কীভাবে শুনতে পাব? আমরা যদি দেখতে পাই, নির্বাচিত সরকারের করণীয় কাজে ব্যত্যয় ঘটছে, তাহলে আমাদের কি কেবল বিরোধী রাজনীতিবিদদের ওপর নির্ভর করতে হবে? গণতন্ত্রে সবার কণ্ঠস্বর শোনার উপায়ই হচ্ছে জনসমাজের উপস্থিতি ও শক্তি। আমরা যদি ক্রমাগতভাবে জনসমাজের ধারণাকেই অগ্রহণযোগ্য করে তুলি, তবে তা কার অনুকূলে যাবে?বাংলাদেশের রাজনীতির ইতিহাস হলো এই, যাঁরাই ক্ষমতায় যান, তাঁদের মধ্যেই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয়। আমাদের সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি, দলীয় ব্যবস্থা, নেতৃত্বের ধরন—সবই এই কর্তৃত্ববাদী শাসনের কারণ ও ফলাফল। সেই পটভূমিকায় ক্রমাগতভাবে জনসমাজ বলে পরিচিত একটা বড় অংশ, যেমন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনগুলো দলীয় মুখপাত্রে পরিণত হয়েছে। ব্যক্তিদের ভূমিকা উল্লেখ করলাম না। কেননা, এ বিষয়ে সবাই অবগত। এই রকম পরিস্থিতিতে কিছু লোকের অপব্যবহারের কারণে স্বাধীন জনসমাজের ধারণাকেই যদি আমরা বাতিল করে দিই, তবে তার পরিণতি ভালো হবে না।তাহলে করণীয় কী? দেশে জনসমাজ বলে পরিচিতদের একটা বড় অংশের এই ধরনের দেউলিয়াপনা এখন সবার কাছেই স্পষ্ট। তারা যে এখন আর নাগরিকদের স্বার্থ ও ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে না, সেটা সত্য, কিন্তু তার অর্থ এই নয় যে সাধারণের প্রয়োজনে ইস্যুর ভিত্তিতে তৃণমূল পর্যায় থেকে চাপ দেওয়ার জন্য আন্দোলন তৈরি হয় না বা তৈরি হওয়া সম্ভব নয়। বিভিন্ন প্রয়োজনে (যেমন ধরুন, প্রবল শৈত্যপ্রবাহের সময় সামাজিক উদ্যোগে সাধারণের জন্য বস্ত্র বিতরণ) আমরা জনসমাজের উদ্যোগ দেখেছি। ২০১১ সালে সড়ক নিরাপত্তা নিয়ে যে এ ধরনের আন্দোলনের উদ্ভব হয়েছিল, সেটাও অনেকের মনে থাকবে। প্রচলিত রাজনৈতিক শক্তি বা দলের বাইরে সচেতনভাবে যাঁরাই এগিয়ে আসছেন, তাঁর শ্রেণী বা পেশার সম্মিলিত স্বার্থের কথা বলতে তাকেই আমরা জনসমাজ বলে চিহ্নিত করব। যেমন নারীসমাজ তাদের অধিকার নিয়ে কথা বললে তাকে জনসমাজের অংশ হিসেবে গণ্য করতে হবে। কৃষক তাঁর উৎপাদন খরচ ও উৎপাদনের পণ্যের উপযুক্ত দাম নিয়ে কথা তুললে তিনি জনসমাজের অংশ হয়ে ওঠেন। তেল-গ্যাস-বিদ্যুৎ নিয়ে আন্দোলন করতে গিয়ে নাগরিক স্বার্থের কথা যাঁরা তুলছেন, তাঁদের জনসমাজ বা সচেতন নাগরিক সমাজ বলা হবে না কেন? যাঁরা গার্মেন্টসের অনিয়ম-অনাচার-বঞ্চনা নিয়ে কথা তুলছেন, তাঁদের জনসমাজ না বলার পক্ষে যুক্তি কোথায়? এই যে শিক্ষকসমাজ রাস্তায় নেমেছে, তাদের পেশাগত দাবির জন্য লড়ছে, তারাই কি জনসমাজ নয়?এগুলো প্রমাণ করে, বাংলাদেশে প্রকৃত বিচারে জনসমাজের উপস্থিতি আগেও ছিল, এখনো রয়েছে। তাঁদের আরও বড় ধরনের সামাজিক আন্দোলনের কাজে যুক্ত করাই হচ্ছে এখনকার কাজ। আমাদের প্রয়োজন হলো জনসমাজের এই ধারণাকে আরও বেশি করে সামনে নিয়ে আসা। এসব কার্যকলাপ একদিকে জনসমাজের ধারণাকে তার জায়গায় প্রতিষ্ঠিত করবে, অন্যদিকে যাঁরা সিভিল সোসাইটির ধারক বলে নিজেদের ভাবছেন, তাঁদের দেউলিয়াপনা স্পষ্ট হবে। এই বিবেচনায়ই আমি সিভিল সোসাইটি বলতে ‘জনসমাজের’ কথা বলছি এবং মনে করি, যাঁরা দলীয় উঞ্ছবৃত্তির বাইরে, ব্যবসায়িক বিবেচনার বাইরে স্বাধীনভাবে জনস্বার্থে কথা বলছেন, সংগ্রাম করছেন, তাঁদের এখন উচ্চ কণ্ঠে বলা দরকার, ‘আমরাই জনসমাজ’ এবং জনসমাজের ধারণাকে যাঁরা কলুষিত করছেন, তাঁদের এবং যাঁরা একে বাতিল করে দিতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে একইভাবে সোচ্চার হওয়া প্রয়োজন।আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।