শোক আর দুঃখ মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। গত শতাব্দীর শুরুতে জাপান কোরিয়াকে যুদ্ধে বিধ্বস্ত করে যেভাবে নিগৃহীত ও অপমান করেছিল, সেখান থেকেই নাকি কোরিয়ার উত্থান। আমরাও নানা সময়ে নিগৃহীত হয়েছি, দাতাগোষ্ঠী সময়-অসময়ে আমাদের অপমানও করেছে, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যে ইচ্ছাশক্তি, তা কখনো জেগে ওঠেনি।যে পোশাকশিল্পের সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষের শ্রমলব্ধ উৎপাদন থেকে বৈদেশিক মুদ্রার সিংহভাগ অর্জিত হয়, তাঁদের জন্য আমরা নিরাপদ কাজের স্থান নিশ্চিত করতে পারিনি। একটি দুর্ঘটনায় শত শত মানুষ মারা যাওয়ার পরও পরবর্তী দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না, বরং আরও বড় আকারে সংঘটিত হচ্ছে। সম্প্রতি সাভারের দুর্ঘটনায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ যেভাবে জীবন বাজি রেখে উদ্ধারকাজে শরিক হয়েছে, তা তাদের অদম্য ইচ্ছাশক্তিরই বহিঃপ্রকাশ। তারা আবার প্রমাণ করল ‘মানুষ মানুষের জন্য’। তাদের এই নিঃস্বার্থ সেবার জন্য গোটা জাতি গর্ববোধ করতে পারে। অভিযোগ রয়েছে, সাভারে ধসে পড়া রানা প্লাজা অপরিকল্পিতভাবে ও বেআইনি জায়গায় বাড়তি লাভের আশায় মাত্রাতিরিক্ত উঁচু করা হয়েছিল। এটা সত্য, অধিকাংশ ক্ষেত্রে অধিক মুনাফার জন্য ত্রুটিযুক্ত কাঠামোর ওপর যে দালানকোঠা গড়ে উঠেছে, তাতে নিরাপত্তার বিষয়টি কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। সে ক্ষেত্রে অনুরূপ মানবিক দুর্যোগ যেকোনো মুহূর্তে আসতে পারে। এর প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময়ও এখনই। উপরন্তু, অগ্নিকাণ্ডের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আমার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাহাজে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। লোহিত সাগরে ভরদুপুরে হঠাৎ ঘণ্টা বেজে উঠল। তখনই আমাদের স্বেচ্ছায় লোহিত সাগরের মধ্যে জাহাজ ছেড়ে লাইফবোটে চড়তে হতো। কারণ, আগুন ধরার ঘণ্টা বেজেছে। এটা ছিল মহড়ামাত্র, যাতে সত্যিকারেই আগুন ধরলে আমরা কিংকর্তব্যবিমূঢ় না হয়ে লাইফবোট ব্যবহার করে জীবন বাঁচানোর পাশাপাশি সম্ভব হলে জাহাজও বাঁচাতে পারি।আমাদের দেশে এ ধরনের মহড়া চোখে পড়ে না। কিছুদিন আগে তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে কত মানুষ পুড়ে ছাই হয়ে গেল। আমরা কি তার কার্যকারণগুলো উদ্ঘাটন করেছি? যে পোশাকশিল্প নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে, তাকে এমন অবহেলা করা অমার্জনীয় অপরাধ। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তাহীনতার কারণে পোশাক রপ্তানিতে জাতীয় জীবনে মহাদুর্যোগ নেমে পড়তে পারে। তাই দুর্ঘটনা এড়ানোর জন্য এবং দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি সীমিত রাখার জন্য নিচে কিছু প্রস্তাব করছি।১. সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রতিটি ভবন বা কারখানার অবকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য থাকার কথা। না থাকলে, দ্রুততম সময়ে স্থাপত্য নকশাসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত জোগাড় করতে হবে। শুধু তা-ই নয়, দুর্যোগ মোকাবিলার জন্য ন্যূনতম সরঞ্জামাদি, বিশেষ করে জনবহুল প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে।২. অগ্রাধিকারের ভিত্তিতে তুলনামূলকভাবে কম নিরাপদ স্থাপনাগুলোকে প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা করিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া সমীচীন হবে না, কেননা সে ক্ষেত্রে দেশ ও জাতিসমূহ ক্ষতির সম্মুখীন হতে পারে।৩. কারখানায় যাতে আগুন না লাগে, সে জন্য যেমন সতর্কতা প্রয়োজন, ঠিক তেমনি নেভানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। আমাদের ফায়ার সার্ভিস বিভাগকে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে। শুধু আগুন লাগার সময়েই নয়, আগুন প্রতিরোধে সারা দেশে পূর্বপ্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করা যেতে পারে। যেসব স্থাপনায় অনেক মানুষ একযোগে কাজ করে, তাদের জন্য মহড়ার ব্যবস্থা করতে হবে। আগুন নেভানোর যন্ত্রপাতির স্থান এবং তা কীভাবে দ্রুত ব্যবহার করা যায়, তা শেখানোর অনুশীলন নিয়মিত দরকার। ঘনবসতিপূর্ণ স্থান ও স্থাপনাগুলোর কাছে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভবন ধসে যাওয়া, আগুন লাগাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কীভাবে নিরাপদ থাকা যায়, তার মহড়া বড় বড় প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা উচিত।৪. এলাকায় এলাকায় দুর্ঘটনা ও দুর্যোগ ব্যবস্থাপনাকে কার্যকর করার জন্য সচেতন নাগরিকদের দিয়ে কমিটি করে অরক্ষিত স্থাপনাগুলো খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা যেতে পারে।দুর্ঘটনা ও দুর্যোগ প্রতিরোধের মহড়ায় কিংবা স্থাপনাগুলোর নির্মাণশৈলীর যথার্থতা নিরূপণের জন্য যে বিনিয়োগ প্রয়োজন, তা কিন্তু প্রকৃত ক্ষতির চেয়ে অনেক কম। সুতরাং এ ক্ষেত্রে মহড়া কিংবা স্থাপনা পরীক্ষা না করে অর্থসাশ্রয় গ্রহণযোগ্য নয়। নানা দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ছে। আর দেরি নয়, এখনই ঘুরে দাঁড়ানোর সময়। আসুন, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে দেশের মানুষের জীবন ও সম্পদকে অধিকতর নিরাপদ করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তিকে পুনঃপ্রতিষ্ঠা করি। মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।