বাংলাদেশ ও আমেরিকাকে যদি পাশাপাশি রেখে তুলনা করতে হয়, তা হলে মিলের চেয়ে অমিলই বেশি পাব। একটি গরিব দেশ, অন্যটি ধনী। একটি উঠে দাঁড়ানোর জন্য লড়ছে, অন্যটি সবার চেয়ে উঁচুতে দাঁড়িয়ে। একটি টোটেম পোলের একদম নিচে, অন্যটি তার শীর্ষে।কিন্তু আরেকভাবে দেখলে মনে হবে দেশ দুটির মধ্যে কিছু কিছু মিলও আছে। যেমন রাজনীতি। আমেরিকাকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়—একদিকে রক্ষণশীল রিপাবলিকান, অন্যদিকে মধ্যপন্থী ডেমোক্র্যাট। বিভক্তি শুরু হয়েছিল রাজনীতি নিয়েই, কিন্তু ক্রমশ সেই বিভক্তি সামাজিক জীবনেও প্রসারিত হয়েছে। বিভক্তি এখন এত তীব্র ও গভীর যে কেউ কেউ দেশটিকে ‘ফিফটি ফিফটি নেশন’ নামে ডাকা শুরু করেছেন। নিজেদের দল ভারী করার জন্য দলের নেতারা একে অপরের বিরুদ্ধে অহর্নিশ গালি দিয়ে যাচ্ছেন, কখনো কখনো সে গালি ভদ্রতার মাত্রা ছাড়িয়ে যায়। জনমত জরিপকারীরা হিসাব দেখিয়েছেন, মোট সমর্থকের অঙ্কে এই দুই দলের মধ্যে ফারাক খুব সামান্যই। মাঝখানে যে দু-চারজন আছেন, যাঁরা এখনো নিজেদের ‘স্বতন্ত্র’ বলে ভাবেন—যত হাড্ডাহাড্ডি লড়াই তাঁদের কাছে টানবার জন্য।বাংলাদেশেও তাই। আমাদের দেশের অধিকাংশ মানুষ হয় আওয়ামী লীগ, নয় বিএনপি। ‘আমার দল’ নিয়ে কথা বলতে গিয়ে তাদের মুখে ফেনা ওঠে, কেউ কেউ আস্তিন গোটায়। এই দুই দলের সমর্থকদের মধ্যে বিভক্তি এত সম্পূর্ণ যে তাদের একে অপরের মধ্যে দেখা নেই, কথা নেই। নিচের স্তরে সামাজিকতা হয়তো আছে, কিন্তু দলের শীর্ষে যারা, মুখোমুখি হলে তাঁরা একে অপরের চুল ছিঁড়বেন। এই দুই দলের সমর্থকদের বাইরে ছোটখাটো দলের সমর্থক বা ‘স্বতন্ত্র’ লোকজন নেই তা নয়, কিন্তু তাঁরা সংখ্যায় নগণ্য। নগণ্য কিন্তু গুরুত্বপূর্ণ—এই মাঝখানের মানুষদের হাতেই নির্বাচনী ফলাফল জিম্মি।অথচ দেশটা শুধু আমাদেরও নয়, ওদেরও নয়—সবার। এ কথা আমেরিকায় যেমন সত্য, বাংলাদেশেও তেমনই সত্য। বারো বছর আগে, বারাক ওবামা নামের একজন তরুণ রাজনীতিক বোস্টনে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে বলেছিলেন: ‘আমরা ডেমোক্র্যাট নই, রিপাবলিকান নই, ব্লু স্টেট নই, রেড স্টেট নই। আমরা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা।’ সবাই তাঁর কথা শুনে বিস্তর হাততালি দিয়েছিল বটে, কিন্তু পরদিন থেকেই আবার একে অপরের বিরুদ্ধে আদা-জল খেয়ে নেমে পড়ে। ২০০৮ সালে সেই এক কথা বলে ওবামা নির্বাচনে জিতে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু কাজে নেমে দেখেন অন্য দল তিনি কীভাবে হড়কে পড়বেন, তারা সে চেষ্টাতেই মশগুল। এতে দেশ যদি গোল্লায় যায় তো তাতেও রাজি। বিরোধী রিপাবলিকানদের এক বড় নেতা তো বলেই বসলেন, তাদের কাছে সবচেয়ে বড় এজেন্ডা অর্থনীতি নয়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, বৈশ্বিক উষ্ণায়ন নয়—কীভাবে ওবামা মাত্র এক দফার প্রেসিডেন্ট হন, তা নিশ্চিত করা। বস্তুত, গত চার বছর তাঁরা সে কাজেই সময় ব্যয় করেছেন। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব তাঁরা কাঁধে নিয়েছেন এবং যে কাজের জন্য প্রতি মাসে নগদ বেতন, রাহাখরচসহ চৌদ্দ রকম ভাতা বাগাচ্ছেন—তা আপাতত চাংগে তোলা আছে।বাংলাদেশেও সেই একই অবস্থা। গত বিশ-বাইশ বছর ধরে দেখে আসছি, নির্বাচনে হারার পরের দিন থেকে প্রতিপক্ষ তাদের সব নিশানা এক দিকে তাক করে থাকে: যত দ্রুত সম্ভব বিজয়ী দলকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো যায়। আমেরিকায় বিরোধী দল ভদ্রতা করে আইন পরিষদে নিয়মিত আসন নেয়, বিতর্কে যোগ দেয়, পক্ষে-বিপক্ষে ভোট দেয়। আমাদের দেশে সে বালাইও নেই। একদম পয়লা দিন থেকেই তারা ক্ষমতাসীন দলের মুখের ওপর আলোচনার দরজা সেঁটে রাখেন।এই বিভক্তি যদি সুস্থ হয়, তা হলে ব্যাপারটা মন্দ হয় না। সব গণতন্ত্রের কার্যকারিতার জন্যই দরকার শক্ত বিরোধী দল। তুলনার জন্য খেলার মাঠের কথা ভাবুন। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা যেখানে সবচেয়ে তীব্র, সেখানে খেলা দেখে মজা। শুধু তা-ই নয়, প্রতিদ্বন্দ্বীর শক্তি জেনে প্রত্যেক খেলোয়াড় জান-প্রাণ দিয়ে খেলায় অংশ নেয়। এই প্রতিদ্বন্দ্বিতার ভেতর দিয়ে তারা একে অপরকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করে।আমেরিকায় প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বিতা, তাবৎ নোংরামি সত্ত্বেও, একে অপরের সম্পূরক হিসেবে কাজ করে। কথাটা বুঝিয়ে বলি। রিপাবলিকান দল সরকারের ভূমিকা ছোট রাখার পক্ষে। তারা চায় সরকার মানুষের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ব্যাপারে যতটা সম্ভব কম নাক গলাবে। তারা মনে করে, আমেরিকার উন্নতির পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে এ দেশের মানুষের ব্যক্তিগত উদ্যোগ, তাদের অবিরাম চেষ্টা। সরকারের কাজ তাকে সাহায্য করা, কিন্তু যে কাজ ব্যক্তি করতে পারে সে কাজ সরকার নিজের মাথায় তুলে নেবে না। অন্য কথায় রিপাবলিকানদের কাছে অগ্রাধিকার পাবে ব্যক্তিগত খাত, সামাজিক খাত নয়। তাদের দাবি, ব্যক্তিকে সাহায্য করার জন্য করের বোঝা কমাতে হবে, ব্যবসা-বাণিজ্যকে আরও বেশি বেশি ছাড় দিতে হবে, নিয়ম-কানুনের লাল ফিতা যত সম্ভব বাতিল করতে হবে।অন্যদিকে ডেমোক্র্যাটরা বলে, ব্যক্তিগত উদ্যোগে কোনো বাধা নেই, কিন্তু সমাজে যারা দুর্বল, তাদের সাহায্যের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। ফলে সরকারকে দুর্বল করা যাবে না, তার হাতকে আরও শক্ত করতে হবে। ব্যবসা-বাণিজ্যে সব নিয়মকানুন তুলে দিলে বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, বড়লোক আরও বড় হবে, গরিব হবে আরও গরিব। অতএব নিয়মকানুন চাই। ব্যক্তি উদ্যোগে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সরকারের সাহায্য ছাড়া তারাও খুব বেশি দূর এগোতে পারবে না। যেমন, কারখানা বানানোর আগে রাস্তাঘাট চাই, শিক্ষিত শ্রমিকশ্রেণী তৈরি করতে শিক্ষাব্যবস্থা চাই, বিদেশি আক্রমণ ঠেকাতে প্রতিরক্ষাব্যবস্থা চাই। এ কাজ একা কারও পক্ষে সম্ভব নয়, সে জন্য সরকারকেই এগিয়ে আসতে হয়।আমেরিকার শক্তি বলুন, দুর্বলতা বলুন, তার কেন্দ্রে রয়েছে এই দুই প্রতিদ্বন্দ্বী ‘দর্শন’। ওয়াশিংটন পোস্ট পত্রিকার নামজাদা কলাম লেখক ই জে ডিয়ন সম্প্রতি এই প্রতিদ্বন্দ্বিতার ভেতর-চেহারা বিশ্লেষণ করে আওয়ার ডিভাইডেড পলিটিক্যাল হার্ট নামে একটি চমৎকার বই লিখেছেন। ডিয়নের কথা অনুযায়ী, আমেরিকা গোড়া থেকেই বিভক্ত। তার একদিকে ব্যক্তি-স্বাতন্ত্র্যবাদ ও ব্যক্তিস্বাধীনতা, অন্যদিকে সম্প্রদায়ের (কমিউনিটি) প্রতি দায়দায়িত্ব। অতিসাম্প্রতিক সময় বাদ দিলে ইতিহাসের অধিকাংশ সময়েই আমেরিকানরা এই দুই বিপরীত দর্শনের ‘স্বাস্থ্যকর’ প্রভাবে লাভবান হয়েছে। সোজা কথায় এই প্রতিদ্বন্দ্বিতা তাদের জন্য ভালো হয়েছে, মন্দ নয়।আমেরিকায় রিপাবলিকান-ডেমোক্র্যাট কোন্দলের ফল হয়েছে এই যে, এক দল যখন সামাজিক খাত অতিরিক্ত রকম বাড়াতে চায়, ঋণের বোঝা বাড়ায়, প্রতি পদে নতুন আইনকানুনের বেড়ি তৈরি করে, তখন অন্য দল বলে, ‘থামো, থামো। আমরা আয়ের চেয়ে ব্যয় করছি বেশি, আইনকানুনের মারপ্যাঁচে আমাদের প্রাণ ওষ্ঠাগত।’ আবার উল্টোও ঘটেছে। রিপাবলিকানরা যখন ব্যক্তি অধিকারের নামে যাবতীয় নিয়ম-অনুশাসন তুলে দিয়ে সবকিছু বাজারের স্বেচ্ছাচারিতার ওপর ছেড়ে দিতে চেয়েছে, তার ফল হয়েছে অর্থনৈতিক মন্দাবস্থা। কিছু লোক হয়তো আরও বড়লোক হয়েছে, কিন্তু ধনী-গরিবের ফারাক বেড়ে গেছে অসহনীয় রকম। সে অবস্থায় ডেমোক্র্যাটরা চেঁচিয়ে বলেছে, হয়েছে, আর নয়।ই জে ডিয়ন আমেরিকার নাগরিক জীবনের এই বৈপরীত্যের প্রতি এই বইতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বৈপরীত্যই আমেরিকার চালিকাশক্তি। ডিয়নের কথায়, আমেরিকার ইতিহাসে বরাবর এই দুই বিপরীতমুখী অততি (টেনশন) কাজ করেছে। একদিকে ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রতি আকর্ষণ, অন্যদিকে সম্প্রদায়ের স্বার্থের প্রতি আনুগত্য। প্রায় প্রত্যেক আমেরিকানের চেতনায় রয়েছে এই দুই আপাত বিপরীত চেতনার সহাবস্থান। আমেরিকান শৌর্য ও সাফল্যের পেছনে রয়েছে তাদের এই প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি।বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তেমন অততির কথা বলা যায় কি না, আমি নিশ্চিত নই। কারণ, আমরা এখনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা হিসেবে সম্পূর্ণ সংগঠিত নই। আমাদের রাজনীতির শিকড়ে রাজনৈতিক দর্শন তেমন প্রবল রেখাপাত করে না। আমরা এখনো নেতাকে অনুসরণ করি, তাঁকে প্রশ্ন করি না। আমরা এখনো গোত্রগত (ট্রাইবাল) আনুগত্যে আস্থাবান, ব্যক্তিস্বাতন্ত্র্য আমাদের চেতনায় কোনো অততি জাগায় না। আমরা তর্ত করি না, আমরা বিশ্বাস করি। আমরা ভোট দিই, এবং ভোট দিয়েই সব দায়িত্ব শেষ বলে ধরে নিই। আমরা এ কথা জানি না যে রাজনীতির অর্থসামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকা, বিশেষত স্থানীয়ভাবে। আমরা তেমন সক্রিয়তাকে হয় বাড়তি ঝামেলা বলে নিজ দায়িত্ব এড়াই, অথবা নিজেদের এত ক্ষুদ্র ও অপাঙেক্তয় মনে করি যে রাজনীতিতে সক্রিয় থাকাকে ভাবি ‘গরিবের ঘোড়া রোগ’। আর আমাদের সক্রিয় অংশগ্রহণের অভাবে জন্ম নেয় রাজনৈতিক স্থবিরতা, তার সুযোগে একটি অতি ক্ষুদ্র সুবিধাবাদী গোষ্ঠী রাজনীতির ওপর তাদের প্রভুত্ব বছরের পর বছর চালিয়ে যাওয়ার সুযোগ পায়।ই জে ডিয়ন দুঃখ করেছেন, যে বিপরীতমুখী দর্শন আমেরিকাকে এত দিন সামনে এগোতে সাহায্য করেছে, সে দর্শন এখন প্রায়-নির্বাসনে। ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাসী রিপাবলিকান দল এখন এতটা অন্তর্মুখী যে সমষ্টির ভালো হয়, এমন কোনো বিশ্বাসই তাদের আর আন্দোলিত করে না। ডিয়নের এই কথা সত্যি বলেই মনে হয়। আগামী নির্বাচনে এই দলের প্রার্থী মিট রমনি স্বীকার করেছেন, দেশের সব মানুষ নিয়ে তাঁর কাজ নেই। যাঁরা তাঁকে ভোট দেবেন, শুধু তাঁদের স্বার্থরক্ষার দায়িত্ব তাঁর।বাংলাদেশে যে দল ক্ষমতায় যায় তারাও কেবল নিজেদের সমর্থকদের কথা ভাবে। সচিবালয় থেকে বিচারালয়, বিদ্যালয় থেকে হাসপাতাল—সর্বত্রই ‘আমার লোক, আমার লোক’। বাহ, তা হলে এই আরেক বিষয়েও আজকের আমেরিকার সঙ্গে আমাদের মিল রয়েছে। কিন্তু তফাত হলো, ‘অনেক হয়েছে, এবার থামো’—এমন কথা বলার মতো লোক আমেরিকায় আছে, আমাদের দেশে নেই।হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।