আমাদের সহস্রাব্দ প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের জনমিতি বিশেষজ্ঞরা হিসাব দিয়েছেন, বর্তমানে বিশ্বের মোট ৭৪০ কোটি মানুষের মধ্যে ২০০ কোটির বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। মোট বৈশ্বিক জনসংখ্যার এই ২৭ শতাংশকে বলা হচ্ছে মিলেনিয়াল জেনারেশন বা সহস্রাব্দ প্রজন্ম—আগামী পৃথিবীর সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান অনুঘটক।
যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান এ টি কার্নির গ্লোবাল পলিসি কাউন্সিলের তৈরি এক গবেষণা প্রবন্ধের প্রণেতারা বিশ্বের আটটি দেশ চিহ্নিত করেছেন, যেগুলোতে সহস্রাব্দ প্রজন্মের সংখ্যাধিক্য দীর্ঘ মেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ‘মিলেনিয়াল মেজরস’ নামে অভিহিত এই আট দেশের তালিকার একদম শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। কারণ, দেশভিত্তিক হিসাবে মোট জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশিসংখ্যক সহস্রাব্দ প্রজন্মের বাসস্থান হলো বাংলাদেশ। আমাদের মোট জনসংখ্যার ৩১ শতাংশ বা ৪ কোটি ৯৬ লাখই সহস্রাব্দ প্রজন্ম, যাদের মেধা, শ্রম ও উদ্যম যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হলে এ দেশে চমক লাগানোর মতো উন্নয়ন-অগ্রগতি সাধিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
গ্লোবাল পলিসি কাউন্সিলের ওই গবেষণা প্রবন্ধে আট ‘মিলেনিয়াল মেজরস’-এর মধ্যে সর্বাধিক সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রথমে বাংলাদেশ, তারপর ফিলিপাইন ও ভিয়েতনামের কথা। বলা হয়েছে, এই তিনটি দেশে আগামী পাঁচ বছর দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে, এগুলোতে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার অপেক্ষাকৃত কম। অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক হলে এবং তরুণ-যুবক সমাজ, অর্থাৎ সহস্রাব্দ প্রজন্মের সদস্যদের জন্য অব্যাহতভাবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা সৃষ্টি করা হলে দীর্ঘ মেয়াদে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সাধনে তারা বিরাট ভূমিকা পালন করবে।
সম্ভাবনা ও আশাবাদের পাশাপাশি আমাদের প্রায় পাঁচ কোটি তরুণ-যুবককে সর্বোচ্চ মাত্রায় উৎপাদনক্ষম শ্রমশক্তি বা মানবসম্পদে রূপান্তরিত করার চ্যালেঞ্জও বিবেচনায় নেওয়া উচিত। বিশেষজ্ঞরা যথার্থই বলে আসছেন, আমাদের শিক্ষাব্যবস্থা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটাকে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নেওয়া অত্যন্ত প্রয়োজন।
তা ছাড়া শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান বাড়ানো দরকার। মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনক্ষমতাকে উৎসাহিত করতে হবে। গতানুগতিক চিন্তা ও চর্চার বিপরীতে অভিনব চিন্তা ও সৃজনশীল উদ্যোগের প্রতি রাষ্ট্র, সমাজ ও পরিবার থেকে উৎসাহ ও সহযোগিতা প্রয়োজন। শিল্প, কৃষি, ব্যবসাবাণিজ্য, সেবা খাতসহ অর্থনীতির সব ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ গ্রহণের সহায়ক নীতি ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।