একই দিনের খবরের কাগজে দুই জায়গায় দুটো ছবি ছাপা হয়েছে। সে দুই ছবির মানুষেরা প্রায় এক বয়সের। পরিচয়ে তারা একই, নতুন প্রজন্ম। তারা এক এবং এক নয়, ভিন্ন। দুটি ছবির একটিতে দেখতে পাই, মানুষেরা প্রাণের দাবি নিয়ে মনের টানে ঘর থেকে বেরিয়ে পড়েছে রাজপথে। তাদের চোখে ও মুখে দৃঢ় প্রত্যয়। কণ্ঠে স্লোগান, হাতে হাতে মোমবাতি, নানান আকৃতির লাল-সবুজ পতাকা আর দেশকে কলঙ্কের কালিমামুক্ত করতে রাজাকারদের বিচার ও ফাঁসির দাবি লেখা জ্বলজ্বলে প্ল্যাকার্ড। একই আকাঙ্ক্ষা, স্বপ্নে ও চেতনায় মানুষের পর মানুষ জড়ো হয়েছে শাহবাগে। অজস্র মানুষের শুধু একটা দাবিতে শাহবাগ মুখরিত, হয়ে উঠেছে প্রজন্ম চত্বর। অন্য ছবিতে আরেক দল মানুষের হাতে দেখা যায় ধারালো অস্ত্র, পিটিয়ে-কুপিয়ে মানুষের প্রাণ কেড়ে নিতে প্রস্তুত। তারা জোর দেখিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। হত্যা, জখম, রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বীরের আসনে অধিষ্ঠিত থাকতে চায়। একই চরিত্রের প্রতিপক্ষকে এরা সন্ত্রাসী বিবেচনা করলেও নিজেদের যাবতীয় কুকাণ্ডকে আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের অংশ ভাবতে ভালোবাসে। অপরের প্রতি সকল প্রকার অন্যায়কে ন্যায় ও নৈতিক বিবেচনা করে। এক ছবির একদল মানুষ শহরের সাধারণ একটা জায়গায় এক দাবিতে হাতে হাত ধরে মিলিত হয়েছে। সে মানুষেরা ক্রমে হাজার থেকে লাখে পরিণত, পরিণত হয়েছে জনসমুদ্রে। সে জনসমুদ্রের অসাধারণ সৌন্দর্যে শহরের সাধারণ জায়গাটা আর সাধারণ থাকে না। হয়ে ওঠে বিশেষ। অন্যদিকে শিক্ষাঙ্গনে পিটিয়ে, কুপিয়ে মানুষ হত্যার জন্য আরেক দল মানুষ যখন অস্ত্র হাতে প্রস্তুত থাকে, সে দৃশ্য ও অভিপ্রায়ে বিশেষ স্থানের পবিত্রতা অক্ষুণ্ন থাকে না। এক ছবি হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস, অন্য ছবি জাগায় বেদনা, হতাশ করে। ৪২ বছর ধরে মানুষের মন হয়ে উঠেছে হতাশার ঠাসাঠাসি গুদামঘর। সাধারণ মানুষ দিনের পর দিন ঠকে, হেরে আশা কাকে বলে ভুলেছে। কোনো দিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে এমন ভরসার সামান্যতম ইঙ্গিত ছিল না। একদিন হঠাৎ জানা হলো, আশা মৃত্যুহীন। একদিন জানা হয়ে গেল, ভরসা এখনো আছে। সাধারণের জন্য কেউ নেই, এ রকম অনুভূতির মৃত্যু ঘটে গেল হঠাৎ। নুয়ে পড়া মানুষেরা বলা নেই কওয়া নেই রচনা করে বসেছে এক নতুন ইতিহাস। সাধারণ মানুষ নিজেদের ভেতরের অসাধারণত্বকে আবিষ্কার করে ফেলেছে। নিজেদের শক্তির পুনরুত্থানে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস, আত্মসম্মান। নিজেরা জেনেছে, পরিচয়ে সাধারণ বলে হেলাফেলা চলবে না, তারা ইচ্ছে করলে জনসমুদ্রে পরিণত হতে পারে। সে জনসমুদ্র অবাক হওয়ার মতো। হঠাৎ, প্রতিবাদমুখর তবু সুশৃঙ্খল। সে জনসমুদ্রের জোয়ার ছড়ি ঘোরানো মানুষদের চোখ কপালে তুলে দিয়েছে।যে দুটো ছবির কথা তুলে এ লেখার শুরু, তার দ্বিতীয় ছবিটা আবার সামনে আনা যাক। যে ছবিটাতে শিক্ষাঙ্গনে অস্ত্র হাতে একদল তরুণকে সগৌরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, শাহবাগ প্রজন্ম চত্বরের ছবিটা কি তাদের চোখে পড়েছে? যদি পড়ে থাকে, কেমন বোধ জেগেছে মনে? হাতে হাতে ধরা অস্ত্র অতিমাত্রায় জোরহীন মনে না হোক, অতি লজ্জার কি মনে হয়নি? অস্ত্রের ক্ষমতা কতটুকু? রক্তপাত বা হত্যা। ব্যস, অতটুকুই। যাদের হাতে অস্ত্র কিংবা খুনখারাবির প্রশ্রয়দাতা যারা, উভয়ে একত্রে ভেবে কি দেখেছে প্রকৃতই নিজেরা কতটুকু ক্ষমতাধর? শাহবাগ প্রজন্ম চত্বরের বিস্ময়কর বিশালতায় তাদের মনে নিশ্চয়ই জন্ম নিয়েছে ক্ষুদ্রতার অনুভব। তা আড়াল না করলে হয়তো তাদের অস্তিত্ব টিকে থাকে না কিন্তু কতটুকু নিজেদের সাধ্য, তা অবশ্যই অজানা থাকেনি। অস্ত্রের জোর বা অর্থের জোরে কী হয়, কতটুকু হয় তা নিজের চোখে দেখেছে মানুষ। ৪২ বছর ধরে মানুষ অসহায়ত্বের নিদারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে চলেছে। চলতে হবে, তেমনটাই জানত মানুষেরা। গত কয়েক দিন লক্ষ করা যায়, মানুষের মুখস্থ জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। ঘরে-বাইরে, টেলিভিশনের আলাপ-আলোচনায়, পরিচিত মানুষ, তাদের কথার ধরন, শরীরের ভাষা—সবই খানিক বদলেছে, তা বেশ দৃশ্যমান। মনে মনে আশার প্রদীপ, তবু ঘরপোড়া গরুদের সিঁদুরে মেঘকে ভুললে চলে না। সাধারণের অর্জন চুরি-ডাকাতি হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল নয়। এই যে অন্তহীন জনসমুদ্র, অঙ্গীকার, ঐক্যবদ্ধ আশা—এটিই প্রকৃত অর্জন। এই অর্জন ঘিরে কথা হবে অন্তহীন, হচ্ছেও। চেনা মানুষদের পায়ের তলায় মাটি সরেছে। অচেনারা হয়ে উঠেছে চেনা, আপন। চেনাদের অবিরত চিনে চিনে হতাশপ্রাণ মানুষেরা নতুন এক আশায় হঠাৎ জেগে উঠেছে। এ এক সন্ধিক্ষণ, মানুষের শক্তিকে যেমন ভয়, তেমন সাধারণের সারল্যকে দুর্বলতা বিবেচনা করা চলবে। চলুক। যাকে যেটা মানায়, কুশলীদের হাতেই থাকুক কূটকৌশল। সারল্য, সততা, আস্থায় এবং বিশ্বাসে এক হয়েছে মানুষ। চেতনা যাদের এক করেছে, হেরে যাওয়ার ভয়ে তারা ভীত হবে কেন? সাধারণের জন্যই সারল্য, থাকুক তারা পরস্পরের জন্য। ওটুকুই তাদের বিশেষত্ব, ওটুকুতেই সাধারণেরা অসাধারণ।স্তব্ধ প্রাণে প্রাণে তরুণ প্রজন্ম জ্বালিয়ে দিয়েছে চেতনার প্রদীপ। আকাশ-বাতাসে রাত্রি-দিন তাদের অঙ্গীকারের প্রতিধ্বনি। তারা দাবি ছাড়বে না, ঘরে ফিরবে না। বলাবলি হচ্ছে, পুরো বিষয়টা খুবই আবেগঘন। কেউ কেউ মানবসমুদ্রে নেতা খুঁজে ফিরছে। দিনে দিনে উত্তেজনা প্রশমিত হবে, এমন বিশ্লেষণ কানে আসুক, সে নিয়ে মাথা না ঘামালেও চলে। ফলাফল নিয়ে আগাম উদ্বেগের হিসাব-নিকাশে যারা ব্যস্ত, থাকুক। মাথায় যাদের জয়-পরাজয়ের ছক, ব্যথা নিয়ে তারাই কাতরে মরুক।সাধারণ মানুষ তাদের অস্তিত্ব জানান দিতে পেরেছে, তাদের স্বপ্নের কথা, প্রাণের দাবি স্পষ্ট উচ্চারণে বলতে পেরেছে, সেটাই এযাবৎকালের বড় ঘটনা। অত্যাচার-অনাচার নীরবে সয়ে সয়ে শেষ পর্যন্ত জানান দিয়েছে সাধারণেরা, কাউকে প্রভু বিবেচনা করে না। এসব মানুষের নিজের কোনো স্বার্থ নেই, রয়েছে সমষ্টির। এই মানুষেরা নিজ লাভের জন্য ঘর ছেড়ে পথে নামেনি। পকেটে কেষ্ট নিয়ে এরা কষ্ট করতে আসেনি। যারা কেষ্টর জন্য কষ্ট করে, যারা নির্ভয়ে মিথ্যে বলায় এবং যেকোনো প্রকার অন্যায়ে ছিল অকুতোভয়, তাদের গলা শুকিয়েছে। ঢোক গিলতে হচ্ছে তাদের। নতুন করে হিসাব-নিকাশ কষে মাঠে নামতে হবে পুরোনো খেলোয়াড়দের। যখন-তখন রক্তচক্ষু, গলার রগ ফোলানোর পুরোনো অভ্যাসে যদি একটুও পরিবর্তন আসে, সেও কম নয়। এই গণজাগরণ যদি সাধারণের কাঁধে বন্দুক রেখে গুলি করা অভ্যাসে ভাটা ফেলতে পারে, তেমন সামান্যেও তুষ্ট হওয়া যায়। তরুণ প্রজন্ম জানান দিতে পেরেছে, জমি ছাড়বে না। তাদের সঙ্গে পোষা মানুষেরা ছাড়া সকল দেশবাসী যে একত্রে বলতে পেরেছে মরিনি, বেঁচে আছি, সেটা নিশ্চয়ই সবচেয়ে বড় অর্জন।খবরের কাগজে ছাপানো দুটো ছবি অন্য কার? আমাদেরই। আলো আর আঁধারের মতো পাশাপাশি। আলোর যাত্রীরা এক গাঢ় অন্ধকার জীবন থেকে মুছে ফেলার অঙ্গীকারে হঠাৎ জনসমুদ্র বনেছে। একদিন অন্য ছবির অন্ধকারের দিকে সে সমুদ্র সুনামি হয়ে ধেয়ে আসবে না বলেছে কে? সালাম, ফিরে পাওয়া আত্মবিশ্বাস। সালাম, গণজাগরণ। আফজাল হোসেন: লেখক, অভিনেতা, নির্দেশক।[email protected]