দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে এবং সংবাদপত্রটির ছাপাখানায় তালা লাগানো হয়েছে, তা কতটা আইনানুগ হয়েছে—এ নিয়ে প্রশ্ন তোলা যায়। আবার, সংবাদপত্রটির সাম্প্রতিক ভূমিকা প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালার মারাত্মক ব্যত্যয় ঘটিয়েছে বলে ধারণা করারও যথেষ্ট কারণ রয়েছে। উগ্র প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক গোষ্ঠীর মুখপত্র হিসেবে পরিচিত আমার দেশ-এর ওপর ক্ষমতাসীন দলের অসন্তোষ থাকতেই পারে। অনেক ক্ষেত্রে পত্রিকাটি অভাবনীয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে ধর্মীয় অনুভূতি নিয়ে আমার দেশ-এর সংবাদ পরিবেশনা ও মন্তব্যসহ প্রচারণামূলক তৎপরতা শুধু সামাজিক শান্তির প্রতিই হুমকি ছিল না, সেটা দেশের আইন ও সংবিধানেরও পরিপন্থী। সাংবাদিকতার নীতিমালা না মেনে পত্রিকাটি এমন অনেক উদ্দেশ্যমূলক মন্তব্য করেছে, যা কার্যত ছিল উসকানিমূলক। তবে পরিহাস হলো, এ বিষয়ে সরকার ‘আইনি’ পদক্ষেপ নিতে গিয়ে মানবাধিকার রক্ষায় সংবিধান-স্বীকৃত এখতিয়ার লঙ্ঘন করেছে। আবার আমার দেশ নিজের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করতে গিয়ে অন্য অনেকের মানবাধিকার ও সামাজিক মর্যাদা খর্ব করেছে।ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার আগেই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও পরে রিমান্ডে নেওয়া হয়েছে। লক্ষণীয় যে, ব্লগ-সংক্রান্ত আপত্তিকর সংবাদ প্রকাশ করে উত্তেজনা ছড়ানোর অভিযোগ না এনে তাঁর বিরুদ্ধে প্রথমে স্কাইপের বিবরণ প্রকাশ করা এবং পুলিশের কর্তব্য পালনে বাধাদানের অভিযোগ আনা হয়েছে, যা অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে হতে পারে। তবে এ কথাও মনে রাখতে হবে যে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকা জরুরি। মত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এ কারণে সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা দেখা দিলে সেটা অবশ্যই আইনের লঙ্ঘন। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে, কেউ-ই আইনের ঊর্ধ্বে নন। তবে সংবাদপত্রটির প্রকাশনা বন্ধ করার কোনো ভাবনা যদি সরকারের থেকে থাকে, তবে তা সমর্থনযোগ্য নয়।