মতিয়া চৌধুরীর জন্ম ৩০ জুন, ১৯৪২ সালে, পিরোজপুরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারেও তিনি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ‘অগ্নিকন্যা’ খ্যাত এককালের ছাত্র ইউনিয়ন নেত্রী মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদেই কৃষিমন্ত্রী হিসেবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর আগ্রহেই বিজ্ঞানী মাকসুদুল আলম দেশে ফিরে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। তাঁর সঙ্গে আলাপচারিতায় কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি, কৃষকের অবস্থা ও কৃষি গবেষণার পাশাপাশি চলমান রাজনীতি এবং আগামী নির্বাচনের বিষয়টিও উঠে আসে। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও ইফতেখার মাহমুদপ্রথম আলো বিজ্ঞানী মাকসুদুল আলমকে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের গবেষণাটির দায়িত্ব দিলেন। সফলতাও এল। আপনাদের পরবর্তী পরিকল্পনা কী?মতিয়া চৌধুরী আমাদের শৈশব-কৈশোরে পাট নিয়ে অনেক স্মৃতি আছে। পাট শুধু একটি ফসল নয়, এর সঙ্গে আমাদের আবেগও জড়িত। প্রথম আলোতে মাকসুদুলের ওপর লেখা প্রতিবেদন দেখার পর জানতে পারলাম, তাঁর হাতে পেঁপে ও রাবারের জীবনরহস্য উন্মোচিত হয়েছে। পাটের জীবনরহস্য তাঁর হাতেই সম্ভব। তখন প্রথম আলো থেকে তাঁর টেলিফোন নম্বর নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলাম। দেশে আসতে বললে তিনি দ্রুত দেশে এলেন। তাঁর বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের প্রতি তাঁরও মমতা আছে। তাঁকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেলাম। প্রধানমন্ত্রী এই গবেষণায় অর্থায়নের ব্যাপারে সম্মতি দিলেন। মাকসুদুল আলমও আমাদের মুখ উজ্জ্বল করে একে একে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করলেন। গবেষণাটিতে আমরা অর্থায়ন করার আগে ২০০৫ সাল থেকে মাকসুদ বিভিন্ন সরকারের দ্বারে দ্বারে ঘুরেছেন। ২০০৯ সালে যখন গবেষণাটিতে অর্থায়ন করার সিদ্ধান্ত নিই, তখন কিন্তু আমরা অনেক সমস্যায় ছিলাম। বিদ্যুৎ-সংকট, বিশ্বজুড়ে খাদ্যসংকট ও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে বই দেওয়ার প্রক্রিয়া চলছিল, অনেক স্কুলকে নতুন করে এমপিওভুক্ত করতে গিয়ে এই খাতে আমাদের খরচও বেড়ে গিয়েছিল। এত বিপুল পরিমাণ খরচের চাপ সত্ত্বেও সরকার এ গবেষণা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৬৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দেশে এ ধরনের গবেষণা কতটুকু হবে, তা নির্ভর করে কারা ক্ষমতায় আছে তার ওপর।যেমন, আগে বাংলাদেশ থেকে পাটবীজ ভারতে যেত। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর দেখলাম, উল্টো ভারত থেকে পাটবীজ আসছে। কেননা, দীর্ঘ দিন দেশে পাটের জাত উন্নত করা নিয়ে কোনো গবেষণা হয়নি। ভারত বেশ এগিয়ে গেছে। এর পরই আমরা পাটের গবেষণায় আগ্রহী হই। বর্তমান সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে সচেষ্ট হয়। তাই পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় অর্থ দিতে আমরা কুণ্ঠাবোধ করিনি। প্রথম আলো সরকারি গবেষণা প্রতিষ্ঠানে দলবাজি, দুর্নীতি আর অপচয়ের কথাই বেশি শোনা যায়। এই গবেষণাটিকে এর বাইরে নিয়ে এলেন কীভাবে? মতিয়া চৌধুরী বাইরে থেকে অনেক কথা শোনা যায়। কিন্তু বাস্তবে একটি কাজ এগিয়ে নেওয়া অনেক কঠিন। আমি ও প্রধানমন্ত্রী আওয়ামী লীগ করি। আমাদের একটি আদর্শ ও রাজনৈতিক অবস্থান আছে। কিন্তু বিজ্ঞানী নিয়োগের ক্ষেত্রে আমরা সব সময় দলমতের ঊর্ধ্বে থেকেছি। এই প্রকল্পের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। দলবাজি করলে আজকে বুয়েট চালু হতো না। সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে গাড়ির চাকা সামনে এগিয়ে নিয়ে যাওয়াই বড় কথা। আমরা সব সময় দেশের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছি। প্রথম আলো কিন্তু তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে তো তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। কিন্তু ইন্টারনেট ব্যবহারে এখনো বেশ পিছিয়ে।মতিয়া চৌধুরী বিষয়টিকে অন্যভাবে দেখতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের বড় সাফল্যগুলো এসেছে। ১৯৯১ সালে বিএনপির আমলে বিনা মূল্যে অপটিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার হবে—এই অজুহাত তুলে তারা সেটার সঙ্গে যুক্ত হয়নি। পরে অনেক অর্থের বিনিময়ে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে হয়েছে। আগে যুক্ত না হওয়ায় বাংলাদেশ অনেক বছর পিছিয়ে পড়ে। বিএনপির আমলে দেশে একটিমাত্র মোবাইল ফোন কোম্পানি ছিল। একটি মোবাইল সেটের দাম ছিল দেড় লাখ টাকা। ফোন করলে প্রতি মিনিট ২৮ টাকা, এলে ২০ টাকা দিতে হতো। আমরা ক্ষমতায় এসে গ্রামীণফোনসহ অন্য কোম্পানিগুলোকে লাইসেন্স দিই। আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছি। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা শুধু গ্যাস ও তেলের ওপর নির্ভর করতে চাই না। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য কাজ করছি। পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে।প্রথম আলো পাটের জীবনরহস্য উন্মোচনের পর প্রধানমন্ত্রী এবং আপনি তো বলেছিলেন, গবেষকদের আলাদা বেতনকাঠামো ও সুযোগ-সুবিধা দেওয়া হবে। গবেষণার ধারাবাহিকতা রাখতে তাঁদের চাকরির বয়সসীমা বাড়ানো হবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কি? মতিয়া চৌধুরী বিজ্ঞানীদের আলাদা বেতনকাঠামো তৈরি করতে সাবেক সচিব এ এম এম শওকত আলীর নেতৃত্বে যে কমিটি করা হয়েছিল, তারা বিস্তারিত সুপারিশ জমা দিয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত বরাদ্দের জন্য পাঠানো হবে। বিষয়টি বলা যতটা সহজ, করা ততটা কঠিন। প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের এই কাঠামোয় অন্তর্ভুক্ত করতে হচ্ছে। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বেতনকাঠামোর মধ্যে আছেন। তাঁদের একক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা চলছে।প্রথম আলো গত সাড়ে তিন বছরে উৎপাদন বাড়ানো এবং নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে। কিন্তু এটাও সত্যি, কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষিক্ষেত্রে ভর্তুকিও কমানো হয়েছে। মতিয়া চৌধুরী আমরা ক্ষমতায় এসে প্রথমেই সারের দাম কমিয়েছি। এত দিন ইউরিয়া সারের দাম কম ছিল আর টিএসপি, এমওপি ও ডিএপি সারের দাম অনেক বেশি ছিল। ফলে কৃষক জমিতে ইউরিয়া বেশি দিতেন, এতে ফসল সবুজ হতো ঠিকই, কিন্তু উৎপাদন ভালো হতো না। বেশি সবুজ হওয়ায় গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হতো। ফলে কৃষককে ফসলে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হতো। ইউরিয়া ও কীটনাশক বৃষ্টিতে ধুয়ে নদী ও জলাশয়ে পড়ত। এতে মাছ ও জীববৈচিত্র্য ধ্বংস হতো। আমরা সব ধরনের সারের দাম প্রায় সমান পর্যায়ে নিয়ে এসেছি। ফলে কৃষক সব ধরনের সার সমানভাবে বা ভারসাম্যপূর্ণভাবে ব্যবহার করছেন। এতে ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি ইউরিয়ার ব্যবহার কমায় পোকামাকড়ের আক্রমণ কমেছে। জমিতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না। এতে জীববৈচিত্র্য রক্ষা পাচ্ছে, খরচও কমেছে। ভর্তুকি বলতে আমরা বুঝি কৃষককে এমন ধরনের সহায়তা দেওয়া, যাতে তাঁর খরচ কমে। প্রথম আলো সরকার চালের দাম কম রেখে প্রান্তিক কৃষকের লাভের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ আছে। আপনি তো কৃষির পাশাপাশি কৃষকেরও মন্ত্রী, রাজনীতির এই হিসাব-নিকাশের মধ্যে কৃষকের স্বার্থকে কীভাবে দেখছেন? মতিয়া চৌধুরী আমরা যখন ক্ষমতায় আসি, তখন চালের দাম ছিল ৪৫ টাকা কেজি। ঘূর্ণিঝড় আইলার আঘাত ও আন্তর্জাতিক বাজার চড়া থাকার কারণে সব ধরনের খাদ্যের দাম ছিল ঊর্ধ্বমুখী। ফলে আমরা দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছি এবং সফল হয়েছি। মোটা চালের দাম এখন ২০-২৫ টাকায় নেমে এসেছে। এতে গরিব মানুষের লাভ হয়েছে। আর প্রান্তিক কৃষক শুধু চালের ওপর নির্ভরশীল নন। তাঁরা নানা ধরনের ছোট ব্যবসা ও কায়িক শ্রমের সঙ্গে যুক্ত। আমাদের শাসনের তিন বছরে কৃষি মজুরি তিন গুণ হয়েছে। ধানের দাম কম হওয়ায় যাঁরা বেশি জমির মালিক, তাঁরা নিজেরা চাষ না করে প্রান্তিক কৃষককে জমি বর্গা দিয়ে দিচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে। কৃষক ভালো দাম পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু আমাদের তো ১৫ কোটি মানুষ নিয়ে ভাবতে হবে। দুধের স্বাদ কিছু লোক পাবে, এটা আমরা চাই না। আমরা চাই, দুধের পাত্রটা বড় হোক, দুধের পরিমাণ বাড়ুক, এর স্বাদ সবাই পাক। প্রথম আলো কৃষিজমি সুরক্ষার ব্যাপারে আইন করার কথা ছিল। এখন পর্যন্ত এর খসড়া কেবিনেটেই যায়নি। মতিয়া চৌধুরী কৃষিজমি সুরক্ষা আইন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু বাংলাদেশে দ্রুত শিল্পায়ন হচ্ছে, এ জন্য প্রচুর জমি দরকার। ট্রানজিট চালু হলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। দেশের দক্ষিণাঞ্চলে এখনো বিপুল পরিমাণ জমিতে বছরে একটির বেশি ফসল হয় না। লবণাক্ত-সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন এবং দক্ষিণাঞ্চলে আমন ও আউশ চাষের জমির পরিমাণ বাড়াতে চাইছি। প্রথম আলো এবার রাজনীতি প্রসঙ্গে কিছু প্রশ্ন করতে চাই। আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা মহলে কথাবার্তা হচ্ছে। কবে হবে নির্বাচন, কীভাবে হবে? পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হবে। আবার সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দেওয়ার কথা আছে। কোনটি ঠিক?মতিয়া চৌধুরী সংবিধানে যখন বলা আছে, তখনই জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক নয়। নির্বাচনের আগে সংসদ অধিবেশন বসবে না। কিন্তু সাংসদদের সদস্যপদ থাকবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদ না থাকার সুযোগে সরকারি-বেসরকারি আমলারা ন্যাম ভবন নিয়ে নিতে চেয়েছিলেন। পারেননি। সাংসদদের হাতেই তার মালিকানা ছিল।তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিটি কেন এসেছিল? বিএনপি মাগুরার ঘটনা ঘটিয়েছিল। আমরা মাগুরার মতো নির্বাচন করিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের গাড়ির চাকা কেটে তাঁকে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে যাওয়া আটকে দিইনি। আমাদের আমলে যে কটি নির্বাচন হয়েছে, তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। নারায়ণগঞ্জের নির্বাচনে আমাদের প্রার্থী শামীম ওসমান হারলেন, সেলিনা হায়াৎ আইভী জিতলেন। কুমিল্লাতেও বিএনপির প্রার্থী জিতলেন। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতেও অনেক বিএনপি ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী জিতেছেন। কোথাও কোনো ভোটবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।প্রথম আলো ক্ষমতায় আসার পর সরকার দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, কিন্তু কয়টি দুর্নীতির বিচার করেছে? বরং সরকারের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের শর্ত পূরণের মধ্য দিয়ে দুর্নীতির বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়েছে কি না? মতিয়া চৌধুরী আপনারা সাংবাদিকেরা দুর্নীতি নিয়ে যত তথ্য প্রকাশ করছেন, সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে রাতের বেলা টেলিফোন যাচ্ছে না। যখন যেখানে দুর্নীতি ও অনিয়মের সংবাদ পাওয়া গেছে, সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। তারেক রহমান হুন্ডি করে দেশ থেকে কোটি কোটি ডলার পাচার করেছেন। এফবিআই কোকোর অর্থ পাচার ও ঘুষের তদন্ত করছে। কিন্তু বিএনপির নেত্রী এখনো তাঁর ছেলেদের দুর্নীতিমুক্ত বলে দাবি করেন। পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘আমরা পাঁচজন ছাড়া আমাদের পরিবারে আর কেউ নেই।’ এই সৎসাহস কি খালেদা জিয়ার আছে, কিংবা ছিল?হলমার্ক নিয়ে গণমাধ্যমে অনেক সংবাদ এসেছে, ডেসটিনি নিয়েও অনেক লেখা এসেছে। আমরা কিন্তু কাউকে ছাড় দিইনি। প্রতিটি ঘটনার তদন্ত হচ্ছে। সরকার যখন যে জায়গা থেকে তথ্য পাচ্ছে, তদন্ত করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, মানুষ নানা কারণেই সদ্গুণের অনুসরণ ধীরগতিতে করে, আর অসৎ কাজে দ্রুত অগ্রসর হয়। ফলে সমাজের এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হচ্ছে। তাই বলে দুর্নীতিবিরোধী অভিযান থেমে নেই। মনে রাখতে হবে, আমাদের তো দেশটাও চালাতে হয়। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার করতে হচ্ছে। তবে আমরা কোনো কিছু ধামাচাপা দিচ্ছি না। প্রতিকূলতার মধ্যে থেকেই সংগ্রাম করে পরিবর্তন আনতে হচ্ছে।প্রথম আলো বিএনপির নেত্রী খালেদা জিয়া তো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তাঁরা নির্বাচনে যাবেন না। তা হলে কীভাবে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে? মতিয়া চৌধুরী দেখুন, বাংলাদেশে গণতন্ত্র ক্ষণভঙ্গুর, অন্যান্য ব্যবস্থার শিকড় অনেক দূর বিস্তার লাভ করেছে। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান থেকে শুরু করে প্রতিটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় যাওয়ার আগে ও পরে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। জেনারেল নাসিমের ক্যু থেকে শুরু হয়ে সর্বশেষ ইয়াজউদ্দিনের আমলে ওয়ান-ইলেভেন হলো। আমরা কোনো নির্বাচনকে প্রভাবিত করিনি। তা হলে কেন খালেদা জিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যেতে চাইছেন না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করেছিলাম মাগুরায় নির্বাচনী প্রহসনের কারণে। এবার তো তেমন কোনো নির্বাচন হয়নি। আর গণতন্ত্র রক্ষার দায়িত্ব সবার। গণমাধ্যমকেও মনে রাখতে হবে, গণতন্ত্র না থাকলে সাংবাদিকেরাও স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। গণতন্ত্র না থাকলে দেশের সংকট ও সমস্যার কথা বলা যায় না। রাজনীতি ও সমাজের মুখ বন্ধ হয়ে যায়। অমর্ত্য সেন বলেছিলেন, ‘গণতন্ত্র থাকলে একটি দেশে দুর্ভিক্ষ হয় না।’ গণতন্ত্র আছে বলেই আমাদের শাসনামলে দেশের উত্তরাঞ্চলে মঙ্গা হয় না। অন্যরা থাকলে মঙ্গা শুরু হয়। আমার বিশ্বাস, গণতন্ত্রের স্বার্থেই খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে এবং তাঁর দল বিএনপি নির্বাচনে অংশ নেবে।প্রথম আলো আপনাকে ধন্যবাদ।মতিয়া চৌধুরী ধন্যবাদ।