চিরদিনের মতো চলে গেলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি ৮৪ বছর বয়সী বর্ষীয়ান জননেতা মো. জিল্লুর রহমান। তাঁর প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত বুধবার অপরাহে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যিনি এর আগে অসংখ্যবার আসা-যাওয়া করেছেন, সেই একই বিমানবন্দর দিয়ে তিনি কফিনবন্দী হয়ে তাঁর স্বজন ও বাংলাদেশের কাছে ফিরলেন বৃহস্পতিবার চৈত্রের মধ্যদুপুরে শেষবারের মতো। একটি টেলিভিশন চ্যানেল যখন বিমানবন্দর থেকে বঙ্গভবন পর্যন্ত তাঁর শেষ যাত্রাটা সরাসরি প্রচার করছিল, তখন অনেকের অশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়েছিল। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, যিনি তাঁর রাজনৈতিক সতীর্থদের কাছে জিল্লুর ভাই, দেশে ফিরছেন শেষবারের মতো। এই ফেরার জন্য জাতি প্রস্তুত ছিল না। বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকজন হাতেগোনা নির্লোভ, নিরহংকারী, চরিত্রবান, দৃঢ়চেতা আর দূরদর্শী নেতা ছিলেন, তাঁদের মধ্যে জিল্লুর রহমান ছিলেন অন্যতম। ২০০৭ সালের এক-এগারোর পর যখন বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দলের নেতারা কারাগারে, যখন শেখ হাসিনা আর খালেদা জিয়া উভয়ই সেনা হেফাজতে গৃহবন্দী, তখন হঠাৎ আওয়ামী লীগ আর বিএনপি—দুই দলই এক রাজনৈতিক বিপর্যয়কর অবস্থার মুখোমুখি হলো। বিএনপি তো প্রকাশ্যেই দুই ভাগে বিভক্ত হয়ে গেল। অন্যদিকে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান দলকে আগলে ধরে রাখলেন এবং দলের ও দেশের রাজনীতির দুর্দিনে কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হলেন। সে সময় রাজনৈতিক অনেক বিশ্লেষকের এই মন্তব্য ছিল, বিএনপির দুর্ভাগ্য, তাদের দলে একজন জিল্লুর রহমান নেই।রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার এক দিন আগে ড. এ কে আজাদ চৌধুরী (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যান), ড. সালেহউদ্দিন আহমেদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য) ও আমি গিয়েছিলাম জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে, তাঁকে অভিনন্দন জানাতে। তখন সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মী আর সাধারণ মানুষ গিজগিজ করছিলেন। খবর দিতেই তিনি ভেতর থেকে লুঙ্গি আর একটা ফতুয়া গায়ে দিয়ে বের হয়ে এলেন। আমাদের কাছে টেনে নিয়ে পাশে বসালেন। বললেন, ‘দোয়া করবেন।’ আমি বলি, আপনি একজন ভালো রাষ্ট্রপতি হবেন। চেহারায় তাঁর এক নিষ্পাপ হাসি, মনে হলো অনেকটা স্বর্গীয়। বিগত দিনে একাধিক রাষ্ট্রপতিকে কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। বিচারপতি সাহাবুদ্দীন ও মো. জিল্লুর রহমান—এ দুজনকেই আমার মনে হয়েছে একেবারে নিষ্পাপ শিশুর মতো। বিচারপতি সাহাবুদ্দীনের কোনো রাজনৈতিক অতীত ছিল না আর জিল্লুর রহমান রাজনীতির একজন মাঠের কর্মী থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রায় ৬০ বছরের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, যার সমাপ্তি ঘটল গত বুধবার।আজকাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আবির্ভাব হওয়া ‘রাজনীতিবিদদের’ প্রাদুর্ভাবে সুস্থ রাজনীতি বিপর্যস্ত। জিল্লুর রহমান ছিলেন সেই প্রজন্মের রাজনীতিবিদ, যাঁদের হাত ধরে বাংলাদেশে সুস্থ রাজনীতি দীর্ঘদিন পথ চলেছে। সেই রাজনীতি এখন পথভ্রষ্ট। শুরু করেছিলেন ভাষা আন্দোলন দিয়ে। পরিণত বয়সে এসে হারালেন তাঁর প্রিয়তমা স্ত্রী আইভি রহমানকে, যখন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘাতকেরা একেবারে ব্যাগভর্তি গ্রেনেড নিয়ে দলের সমাবেশে হামলা চালাল। ঘাতকের হাতে আইভি রহমানের নৃশংস মৃত্যু জিল্লুর রহমানের বয়স আরও কয়েক বছর বাড়িয়ে দিয়েছিল। রাষ্ট্রপতি মনোনীত হওয়ার পর তাঁর অনুভূতি জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই মুহূর্তে তিনি সবচেয়ে যাঁর অনুপস্থিতি অনুভব করছেন, তিনি আর কেউ নন, তাঁর স্ত্রী আইভি রহমান। বুঝতে কষ্ট হয় না, শেষ বয়সে এসে তিনি অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন।২০১০ সালের প্রথম দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বঙ্গভবনে গিয়েছিলাম রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আমি চ্যান্সেলর অর্থাৎ রাষ্ট্রপতির একজন প্রতিনিধি। তিনি কক্ষে প্রবেশ করতেই তাঁর সঙ্গে কুশল বিনিময় ও পরিচয় পর্বের পর তাঁর হাতে আমার লেখা তিনটি বই তুলে দিয়েছিলাম, যার একটি ছিল আমার লেখা বঙ্গবন্ধুর ওপর সংকলন—একটি মহাকাব্যের শেষ অধ্যায়। নামটি তাঁর বেশ পছন্দ হয়েছিল। তিনি নিজে তাঁর ব্যক্তিগত স্টাফকে বললেন বঙ্গভবনের ফটোগ্রাফারকে খবর দিতে। ছবি তোলার সময় তিনি আমাকে কাছে টেনে নিলেন, যাতে ছবি ভালো হয়। যেহেতু আমাদের আলোচনার তেমন কোনো এজেন্ডা ছিল না, অনেক কিছু নিয়েই আলোচনা হলো। তাঁকে জানানো হলো, মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মাহাথির মুহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিতে ইচ্ছুক। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেহেতু তাঁর অনুমতি প্রয়োজন। এককথায় তিনি রাজি। জানালেন, যেহেতু অনেক সময় শারীরিক কারণে তাঁর ঢাকার বাইরে যাওয়া সম্ভব হয় না, সেহেতু তিনি প্রধানমন্ত্রীকে তাঁর পক্ষে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাবেন। তিনি এও জানান, তিনি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের কথা শুনেছেন। পরবর্তীকালে ব্যক্তিগত কারণে ড. মাহাথির মুহাম্মদের বাংলাদেশে সফর স্থগিত হলে সেই বিশেষ সমাবর্তন আর হয়নি। দুর্ভাগ্য, রাষ্ট্রপতি জিল্লুর রহমানেরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদধূলি পড়েনি। উঠে আসার সময় আমাদের বললেন, ‘আবার আসবেন।’২০১০ সালের ১০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নয়জনের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গিয়েছিল। দলে আমিও ছিলাম। পরিচয় পর্বে আমি উঠে দাঁড়ালে তিনি বললেন, ‘আপনাকে আমি চিনি। আপনার লেখা আমি নিয়মিত পড়ি।’ আমি তো অভিভূত। আমাদের সময় ছিল আধঘণ্টা। সেই আধঘণ্টা পার হয়ে দেড় ঘণ্টায় পড়ল। বেশির ভাগই ব্যক্তিগত আলাপ। কার ব্লাডপ্রেশার কেমন, ডায়াবেটিসের কী অবস্থা—এই ধরনের কথাবার্তা। তাঁর সঙ্গে আমাদের দলের বেশ কয়েকজনের ব্যক্তিগত পরিচয় ছিল। তাঁর ব্যক্তিগত স্টাফ কিছুটা উসখুস করছিলেন। আমি প্রটোকল অফিসারকে ইশারা করতেই তিনি রাষ্ট্রপতির কাছে দাঁড়ালেন। জানালেন, তাঁর ওষুধ সেবনের সময় হয়েছে। রাষ্ট্রপতি উঠে দাঁড়িয়ে বললেন, ‘আপনারা মাঝে মাঝে আসবেন।’ তাঁর নিঃসঙ্গতা কাটানোর প্রয়োজন ছিল।আমার বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হবে। সবার প্রত্যাশা, তিনি সমাবর্তনে এসে অনুষ্ঠানটিকে উজ্জ্বল করুন। বঙ্গভবনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চয়তা দিতে পারল না। তারা জানাল, রাষ্ট্রপতি শারীরিকভাবে সুস্থ থাকলে যেতে পারেন। বঙ্গভবনে আমার পরিচিত দু-একজনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, রাষ্ট্রপতি যেতে পারেন, তবে কোনো অবস্থাতেই তাঁকে মঞ্চে ৪০ মিনিটের বেশি রাখা যাবে না। আমি এককথায় রাজি। ঘড়ি ধরে রিহার্সেল দেওয়া হলো। অনুষ্ঠানের দিন ৩৮ মিনিটের বেশি রাষ্ট্রপতিকে মঞ্চে থাকতে হয়নি। বাকি কয়েক মিনিট শিক্ষকদের নিয়ে তাঁর সঙ্গে একটা ছবি তুলতে চাই। এককথায় তিনি রাজি। সচরাচর এই পর্বটা হয় না। সেদিন আমাদের এই পর্বে দেখে অনেকে অবাক হয়েছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বঙ্গভবনে ফেরার পথে তাঁর ব্যক্তিগত সহকারী আমাকে ফোন করে বললেন, মহামান্য রাষ্ট্রপতি আমাদের এত সুন্দর একটি সমাবর্তন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একজন অসামান্য উদার ব্যক্তির পক্ষেই এমন উদাহরণ সৃষ্টি করা সম্ভব। সাধারণত মানুষ কোনো একটি বড় পদ-পদবিতে গেলে অনেক আনুষ্ঠানিকতার বেড়াজালে আটকে যান। আবার অনেকে তা পছন্দও করেন। জিল্লুর রহমান ছিলেন এর ব্যতিক্রম।দেশের রাজনীতির এক ক্রান্তিকালে রাষ্ট্র একজন বড় অভিভাবক হারাল। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নিশ্চয় কেউ একজন প্রয়াত জিল্লুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। তবে দেশের মানুষ আশা করে, সেই মানুষটিরও জিল্লুর রহমানের মতো রাজনৈতিক প্রজ্ঞা থাকবে এবং তিনি তাঁর মতো মানবিক গুণাবলির অধিকারী হবেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতি বাংলাদেশ ও বাঙালির মনে চিরজাগরূক থাকুক। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।