আমিনবাজারে নিখোঁজ পাঁচ যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারের দুটি গ্রামের নিখোঁজ পাঁচ যুবককে পৃথক স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে তাঁদের পরিবারের সদস্যরা যে অভিযোগ করেছেন, আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এ রকম ঘটনা এর আগেও ঘটেছে; গত ১৩ আগস্ট সাভারের হেমায়েতপুর থেকে একই দিনে নিখোঁজ হয়েছিলেন পাঁচজন। পরে ঢাকার মিরপুরে এক চিকিৎসককে হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার দেখায় র‌্যাব। আইন প্রয়োগের এমন অস্বচ্ছ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।সাত্তার নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে। অচেনা তিন ব্যক্তি তাঁকে প্রকাশ্যে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে ১০ অক্টোবর। তার পর থেকে সাত্তারের কোনো খোঁজ পাননি স্বজনেরা। তাঁর ভাই থানায় জিডি করেছেন, র‌্যাবের কাছে চিঠি লিখেছেন, কিন্তু ভাইয়ের সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।২৩ অক্টোবর ঈদের কেনাকাটা করার জন্য একসঙ্গে ঢাকার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছেন তিন যুবক। তাঁদের পরিবারের সদস্যরা পুলিশের কাছে গিয়ে কোনো সহযোগিতা পাননি। নিখোঁজ এক যুবকের ভাই অভিযোগ করেছেন, কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাঁকে ধমক দিয়ে সাভার থানা থেকে বের করে দেন। আরেক নিখোঁজ যুবকের মা ছেলের সন্ধানে সাহায্য চাইতে বারবার থানায় গেলে থানা থেকে তাঁকে বলা হয়, মা নিজেই যেন ছেলেকে খোঁজাখুঁজি করেন। আরেক নিখোঁজ যুবকের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা তাঁর অভিযোগ নেয়নি।পাঁচ যুবকের নিখোঁজ হওয়া যেমন উদ্বেগের বিষয়, তার চেয়ে বেশি বিস্ময়ের কথা তাঁদের স্বজনদের সঙ্গে পুলিশের অসহযোগিতার অভিযোগ। নিখোঁজ যুবকদের বিরুদ্ধে অপরাধবৃত্তির অভিযোগ আছে, কিন্তু তাই বলে তাঁদের নিখোঁজ হওয়া তো গ্রহণযোগ্য নয়। তাঁদের খুঁজে বের করা, অন্তত তাঁদের পরিবারগুলোকে তাঁদের সম্পর্কে তথ্য জানানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা রাষ্ট্রের দায়িত্ব। আর খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই সাদা পোশাকে তাঁদের ধরে নিয়ে গেছেন—এমন অভিযোগ যদি সত্য হয়, তা হলে এই বেআইনি চর্চা বন্ধ করার জন্য সরকারের নীতিনির্ধারকদের দ্রুত তৎপর হওয়া উচিত।