বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি গ্রামে প্রায় দুই মাস আগে এক রাতে ধর্ষণের শিকার হয়েছেন এক দরিদ্র দিনমজুরের স্ত্রী। কিন্তু ধর্ষণের মধ্য দিয়ে তাঁর সঙ্গে পাশবিক আচরণের অবসান ঘটেনি। বরং ওই ঘটনার পর থেকে শুরু হয়েছে তাঁর জীবনের এক দুর্বিষহ অধ্যায়। ন্যায়বিচার পাওয়া দূরে থাক, ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন বলে তাঁকে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
দুঃখজনক ও অগ্রহণযোগ্য বাস্তবতা হলো, একজন ধর্ষিত নারী তাঁর সামাজিক সম্মান হারিয়ে যখন ন্যায়বিচারের প্রত্যাশায় আইনের আশ্রয় নিয়েছেন, তখন তাঁর জীবন অরক্ষিত হয়ে পড়েছে। ধর্ষণের অভিযোগে তিনি যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন, তিনি কৃষ্ণকান্ত নামে গ্রাম পুলিশের একজন সদস্য। মামলা করার পর দুই মাস পেরিয়ে গেছে, কিন্তু
পুলিশ কৃষ্ণকান্তকে গ্রেপ্তার করেনি। কৃষ্ণকান্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তা-ই নয়, তিনি যাঁকে ধর্ষণ করেছেন, সেই নারীকেই এখন মামলা তুলে নিতে বলছেন। তাঁর কথাবার্তা সাংঘাতিক: ‘তোকে ধর্ষণ করে আমি জেলে যাব না; তুই মামলা তুলে না নিলে তোকে খুন করে জেলে যাব।’
ধর্ষণকারী কৃষ্ণকান্ত ইতিমধ্যে নিশ্চিত যে ধর্ষণ করার অপরাধে তাঁকে কারাগারে যেতে হবে না। কী করে তাঁর মনে এমন নিশ্চয়তাবোধ সৃষ্টি হলো? কী করে তিনি ভাবতে পারছেন যে ধর্ষণ এতই মামুলি বিষয়, যার দায়ে তাঁকে কারাগারে যেতে হবে না? পারছেন এই কারণে যে সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। ধর্ষণের শিকার অসহায় নারীটি থানায় গিয়ে ধরনা দিয়েছেন, পুলিশ তাঁর আবেদন আমলে না নিয়ে বরং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এখন তিনি মনে করছেন, থানা-পুলিশের কাছ থেকে তিনি নিরাপত্তা ও বিচার কিছুই পাবেন না।
মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, বিচারপ্রার্থীকে খুন করার হুমকি দিচ্ছেন, অথচ মামলার তদন্তকারী কর্মকর্তা বলছেন আসামি পলাতক। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষণ মামলার আসামি কৃষ্ণকান্তর দিক থেকে ধর্ষণের শিকার নারীটি এখন বড় ধরনের নিরাপত্তাহীনতার মুখে রয়েছেন। তাই অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা উচিত। একই সঙ্গে মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তৎপর হওয়া পুলিশের দায়িত্ব।