উম্মে কুলসুম ঋতু নামের মেয়েটি অকালে ঝরে গেল বা ঝরে যেতে বাধ্য হলো। কোনো অজপাড়াগাঁ নয়, এই রাজধানীর খিলগাঁও এলাকার নন্দীপাড়ার বাসিন্দা ও স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ছিল সে। কিন্তু আলোকোজ্জ্বল এই নগরে হরেক রকম বাহিনীর সদাসক্রিয়তাও মেয়েটির নিরাপত্তা দিতে পারেনি। পাড়ার মাস্তান শিমুল ও তার সহযোগীরা মেয়েটিকে নিয়মিত উত্ত্যক্ত করত। ঘটনার দিন দুর্বৃত্তরা কুলসুমের বাসার সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত ও প্রকাশ্যে গালাগাল করে। এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
একে কোনোভাবেই স্বেচ্ছামৃত্যু বলা যায় না। দুর্বৃত্তরা ক্রমাগত তাকে আত্মহননের দিকে নিয়ে গেছে। না সমাজ, না রাষ্ট্র—কেউ তার সম্মান বাঁচাতে এগিয়ে আসেনি। ঘটনার পর অভিযুক্ত শিমুলের পরিবার পালালেও তারা এত দিন দোর্দণ্ড প্রতাপেই সেখানে ছিল। সুশীল মণ্ডল নামে এক ব্যক্তির হত্যার দায়ে অভিযুক্ত হলেও পুলিশ শিমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? সুশীল হত্যার বিচারে পুলিশ তৎপর হলে হয়তো কুলসুমকে এভাবে জীবন দিতে হতো না। অপরাধী যখন অপরাধ করে পার পেয়ে যায়, তখনই সে আরও অপরাধ সংঘটনে উৎসাহিত হয়।
মৃত্যুর আগে কুলসুম অপরাধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে বলেছে, ওরা যেন ক্ষমা না পায়। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা বখাটে মাস্তানদের প্রশ্রয় দেবে, না তাদের শাস্তি দিতে সচেষ্ট হবে? কোনো বিচারই কুলসুমের জীবন ফিরিয়ে দিতে পারবে না। তবে যদি তার মৃত্যুর জন্য দায়ী দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে এভাবে আর কোনো কুলসুমকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে না, আর কোনো মেয়েকে বখাটে-মাস্তানদের হাতে উত্ত্যক্ত হতে হবে না। এই নিশ্চয়তা সরকারকেই দিতে হবে।