বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের করা তালিকা ও সূচকে বিভিন্ন ক্ষেত্রে ঢাকা যে জায়গায় অধঃপতিত হয়ে চলেছে, তা চরম হতাশাজনক। বাসযোগ্যতার দিক থেকে হোক, নিরাপত্তার দিক থেকে হোক, নারীর জন্য বা মানসিক চাপের প্রশ্নেই হোক—সব ক্ষেত্রেই ঢাকার স্থান একেবারে নিচের দিকে।
থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা এক তালিকায় নারীদের জন্য সবচেয়ে খারাপ মহানগরের মধ্যে বিশ্বে সপ্তম স্থানে আছে ঢাকা। যৌন সহিংসতা বিবেচনায় নিলে পরিস্থিতি আরও খারাপ; এখানে বাংলাদেশের স্থান চতুর্থ। লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর নিরাপদ শহর সূচক-২০১৭ অনুযায়ী নিরাপত্তার দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৮তম। ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিটের এ বছর করা আরেকটি তালিকা অনুযায়ী বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর তৃতীয় স্থানে আছে ঢাকা। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জিপজেটের করা পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী বিশ্বে সবচেয়ে শারীরিক ও মানসিক চাপের শহরগুলোর মধ্যে সপ্তম স্থানে আছে ঢাকা।
একটি আধুনিক ও বাসযোগ্য শহরের জন্য যে দিকগুলো বিবেচনায় নিয়ে শহর গড়ে তুলতে হয় বা ব্যবস্থাপনা পরিচালনা করতে হয়, তার কিছুটা মানা হলেও ঢাকা শহরকে এই দুর্নাম বয়ে বেড়াতে হতো না। ঢাকা শহরের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নগরীতে গড়ে ওঠা অবকাঠামোর ৭৩ শতাংশই পুরোপুরি অপরিকল্পিত। জলাশয় ও নিম্নাঞ্চল ভরাট করে গড়ে ওঠা অপরিণামদর্শী উন্নয়নের ফলে রাজধানীর পানিনিষ্কাশনব্যবস্থা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। সড়ক অব্যবস্থাপনার কারণে বিপর্যস্ত পরিবহন খাতও। অসহনীয় যানজট এই শহরকে কার্যত এক অচল নগরীতে পরিণত করেছে। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাব, পানিদূষণ ও বায়ুদূষণ শহরটির স্বাস্থ্যঝুঁকি শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে।
চুরি, ডাকাতি, ছিনতাই—এগুলো ঢাকা শহরের নিয়মিত ঘটনা। অজ্ঞান পার্টি আর মলম পার্টির খপ্পরে পড়তে পারে যে কেউ। এই শহরে আসলেই নগরবাসীর ব্যক্তিগত নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। নারীদের জন্য এই শহর আরও অনিরাপদ। যৌন হয়রানি, সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা এই শহরে খুবই নিত্যনৈমিত্তিক।
এই যে বিভিন্ন ক্ষেত্রে ঢাকার এত শোচনীয় অবস্থা এবং পরিস্থিতি দিনে দিনে আরও শোচনীয় হচ্ছে তা দেখার যেন কেউ নেই। ঢাকা আর কত নিচে নামলে সংশ্লিষ্ট সবার টনক নড়ে উঠবে?