বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দুটি ফটক ও সামনের রাস্তা থেকে পুলিশ, জলকামান ও দুটি প্রিজন ভ্যান সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ১৬ দিন ধরে তাঁর ‘অবরুদ্ধ’ দশার অবসান ঘটেছে। কিন্তু এরপর তিনি ওই কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ঘোষণা দিলেন, দেশজুড়ে তাঁর দলের ডাকা অবরোধ কর্মসূচি চলতে থাকবে। এর মধ্য দিয়ে তিনি দেশবাসীকে স্পষ্টতই হতাশ করলেন, জনগণের উদ্বেগ, ভোগান্তি ও নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিলেন।
অবরোধ চলবেখালেদা জিয়াকে অবরুদ্ধ করে সরকার চরম অগণতান্ত্রিক আচরণ করেছে, তাতে সন্দেহ নেই। এর প্রতিবাদে তিনি দেশজুড়ে যে অবরোধের ডাক দেন, তাতে পুরো দেশই এখন অবরুদ্ধ হয়ে পড়েছে। অবরোধের মতো আন্দোলন কর্মসূচির নামে যা হয়েছে তা স্রেফ নাশকতা। এ পর্যন্ত প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে, যানবাহন ভাঙচুর ও আগুন লাগিয়ে শিশু-নারীসহ সাধারণ মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটেছে। দেশজুড়ে অবরোধের মধ্যেই আবার বিভিন্ন বিভাগ ও জেলায় হরতালের ডাক দিয়ে জনভোগান্তি ও ক্ষয়ক্ষতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিপুল ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে জাতীয় অর্থনীতি।
অবরুদ্ধ অবস্থা থেকে ‘মুক্ত’ হওয়ার পর খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাওয়ার যে ঘোষণা দিলেন, তার পেছনে কোনো যুক্তি তুলে ধরেননি। আমরা মনে করি, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা অযৌক্তিক। কারণ, এই প্রক্রিয়ায় চলমান রাজনৈতিক সংকটের অবসান ঘটবে না, বরং তা আরও জটিল ও সহিংস রূপ নিতে পারে, যার পরিণতি কারও পক্ষেই ভালো হবে না।
অবরোধ ও হরতালের মতো কর্মসূচি থেকে সরে এসে বিএনপির উচিত সভা-সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া। অন্যদিকে সরকারের উচিত বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া। সংকট যেহেতু রাজনৈতিক, এ থেকে উত্তরণের জন্য তাই গঠনমূলক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। সংলাপের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উভয় পক্ষের উদ্যোগী হওয়ার কোনো বিকল্প নেই।