মাশহুদা খাতুন আর এ পৃথিবীতে নেই। ওর স্বামী আবদুুল কুদ্দুস ফকির ওকে গলায় ওড়না পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মেয়েদের ওপর এই নিষ্ঠুরতা কেন? আবদুল কুদ্দুস গলায় ওড়না পেঁচিয়ে খুন করল তার স্ত্রী মাশহুদাকে। জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী তাসলিমা আক্তারকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করল স্বামী মোজাম্মেল। যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূ সাফিয়াকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে বেদম মারধর করল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মানিকগঞ্জের ঘিওরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করল গৃহবধূ ইয়াছমিন। গত কয়েক দিনের পত্রিকা থেকে সংগৃহীত খবর এগুলো। প্রতি দিন সারা দেশে মেয়েদের ওপর কত ধরন ও মাত্রার নির্যাতন হয়, তা দেখলে যে কেউ শিউরে উঠবেন। আর ভিনগ্রহের কোনো জীব, কোনো হিংস্র পশু বা দৈত্য এসে মেয়েদের ওপর এ নির্যাতন করছে না। মেয়েদের ওপর নির্যাতন করছে এই সমাজেরই পুরুষেরা। সেই পুরুষ কখনো স্বামী, কখনো প্রেমিক, কখনো বা প্রেমিকের ছদ্মবেশে প্রতারক! মেয়েরা যখন পুরুষের নির্যাতক ও প্রতারক রূপটি বুঝতে পারে, তখন তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া তাদের জন্য সহজ হয়। কিন্তু স্ত্রী যখন স্বামীকে আবিষ্কার করে নির্যাতক হিসেবে, স্ত্রী যখন দেখতে পায় তার প্রিয়তমা স্বামী হচ্ছে লোভ ও নিষ্ঠুরতায় পরিপূর্ণ এক জানোয়ার, তখন আর তার উপায় থাকে না। তখন মাশহুদাকে খুন হতে হয়, তাসলিমাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে হয় গৃহবধূ ইয়াছমিনকে। মাশহুদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তার সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, মাশহুদা মেধাবী, পরিশীলিত ও বিনম্র স্বভাবের। তার স্বামী আবদুুল কুদ্দুস ফকিরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ২০১১ সালের ১১ জুন মাশহুদার সঙ্গে পারিবারিকভাবে কুদ্দুসের বিয়ে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা কিছুদিন একসঙ্গে বাইরে থাকে। কিছুদিন আগে কুদ্দুস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এবং মাশহুদা বেগম রোকেয়া হলে ওঠে। মে মাসের শেষের দিকে বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য ছুটি হয়ে গেলে মাশহুদা তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে চলে যায়। মাশহুদাকে হত্যার পর থানায় গিয়ে কুদ্দুস হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে যা জানিয়েছে, সে ভাষ্য অনুযায়ী, ২২ জুন শুক্রবার কুদ্দুস খানপুরে তার শ্বশুরবাড়িতে যায়। শুক্রবার সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ির লোকজন বৈঠক করে তাকে জানিয়ে দেয় যে, পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাশহুদা ও তাকে আলাদা থাকতে হবে। কিন্তু কুদ্দুস এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। ওই রাতে মাশহুদা তার মায়ের কাছে ঘুমায়। কিন্তু রাত ১২টার দিকে কুদ্দুস ফোন করে মাশহুদাকে তার কাছে ডেকে আনে। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। ভোর চারটার দিকে গলায় ওড়না পেঁচিয়ে নির্মমভাবে মাশহুদাকে হত্যা করে তার স্বামী কুদ্দুস। সকালে সাতক্ষীরা সদর থানায় গিয়ে কুদ্দুস আত্মসমর্পণ করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়। আবদুল কুদ্দুস কি সুস্থ কোনো মানুষ? বিয়ে করে কি সে মনে করেছে যে তার স্ত্রী তার সম্পত্তি হয়ে গেছে? আমাদের সমাজ, চারপাশের পরিবেশ কি অধিকাংশ পুরুষের মধ্যে এই মধ্যযুগীয় ধারণাকে ঢুকিয়ে দেয়? অধিকাংশ পুরুষ কি মনে করে যে, স্ত্রী তার ফাই-ফরমাশ খাটবে, হয়ে যাবে তার ইচ্ছা-দাসী! এ কোন বর্বর সমাজে আমরা বাস করছি, যেখানে নারীরা শৃঙ্খলিত? সন্ধ্যার পর মেয়েরা ঘরের বাইরে যেতে পারে না নিরাপত্তার কারণে। কোনো হিংস্র পশু নয়, পুরুষ নামের কিছু ব্যক্তির কারণে মেয়েরা বাইরে বেরোতে পারে না। ঘরে-বাইরে সর্বত্র মেয়েদের শৃঙ্খলিত করার চেষ্টা হয়। মেয়েদের শৃঙ্খলিত করে, ঘরের চার দেয়ালের মধ্যে বন্দী করে কী করে সমাজ সামনের দিকে এগোবে? তবুও বাংলাদেশের মেয়েরা জীবন্ত কিংবদন্তি! নইলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষায় লৈঙ্গিক সমতা অর্জন করা যেত না। নইলে তৈরি পোশাকশিল্প ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে লাখ লাখ নারীশ্রমিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারত না। কিন্তু সেখানেও রয়েছে নারীশ্রমিকদের নিরাপত্তাহীনতা, যৌন হয়রানি ও প্রাণহানির আশঙ্কা। আবদুল কুদ্দুস অসুস্থ, না প্রচলিত বাংলাদেশি সমাজের ‘টিপিক্যাল পুরুষ’-এর যথার্থ প্রতিনিধি? যে কিনা মনে করে, স্ত্রীকে তার প্রতিটি আদেশ ও নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যে স্বামী মনে করে, তার ইচ্ছার অন্যথা হলে স্ত্রীর প্রাণ হরণ করার অধিকার তার রয়েছে। এমন অসুস্থ মানসিকতার শত শত পুরুষ যদি এ সমাজে না থাকে তাহলে মাশহুদা, তাসলিমা ও ইয়াছমিনদের কেন একের পর এক বলি হতে হয়? মাশহুদা তার মা-বাবাকে বলেছিল, ‘আমাকে ওর (স্বামীর) বাড়ি পাঠিয়ো না। ও আমাকে মেরে ফেলবে।’ মাশহুদাকে তার স্বামী কুদ্দুস মেরেই ফেলল! আমরা মাশহুদাকে বাঁচাতে পারলাম না। এ সমাজ তাকে বাঁচাতে পারল না। মাশহুদা তার মা-বাবার বাড়িতেই ছিল, তবুও তার পাষণ্ড স্বামী গলায় ওড়না পেঁচিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করল। মাশহুদা পড়াশোনা শেষ করে বিচারক হতে চেয়েছিল, ন্যায়বিচার নিশ্চিত করতে চেয়েছিল, চেয়েছিল শত শত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে। কিন্তু কয়েক দিন আগে সে নিজেই শিকার হলো নির্মম এক মানবাধিকার লঙ্ঘনের। মাশহুদার জীবনের অধিকারই কেড়ে নিল তার পাষণ্ড স্বামী! আমরা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যত দ্রুত সম্ভব বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত আবদুুল কুদ্দুসকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এ দাবিও জানাই, আর কোনো মাশহুদাকে যেন বলি হতে না-হয়। যেদিন সমাজের প্রতিটি পরিবার থেকে মেয়েদের শ্রদ্ধা করতে শেখানো হবে, যেদিন প্রত্যেকটি পুরুষ মমতা ও মানবিকতায় নারীর প্রতি সহমর্মী হয়ে উঠবে, সেদিন হয়তো মাশহুদাদের এভাবে জীবন দিতে হবে না। শেখ হাফিজুর রহমান: সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফারহানা হেলাল মেহতাব: সহযোগী অধ্যাপক, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।