জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন বাংলাদেশে রাজনৈতিক সংঘাত বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে—এই খবরটি এ দেশের জাতীয় সংবাদমাধ্যম বিশেষ গুরুত্বসহকারে প্রচার করেছে। কারণ, তাদের এই উদ্বেগে বাংলাদেশের আপামর জনসাধারণের গভীর উদ্বেগেরই প্রতিফলন ঘটেছে।
কিন্তু পরিস্থিতির ক্রমেই এমন অবনতি ঘটছে যে দেশের জনগণ কিংবা বিদেশি বিভিন্ন সংস্থা ও কূটনীতিকদের উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়। রাজনৈতিক পক্ষগুলো যেন সবার উদ্বেগ আমলে নিয়ে এই দুঃসহ পরিস্থিতির অবসান ঘটাতে উদ্যোগী হয়, সে লক্ষে৵ জনমত সংগঠিত করা প্রয়োজন।
জাতিসংঘের সংস্থাটি এখনই সংঘাত বন্ধের উদ্যোগ নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে। আমরাও বরাবরই এই আহ্বান জানিয়ে আসছি, কেননা সংঘাত-সহিংসতা, নৈরাজ্য ও নাশকতায় জনজীবনের স্বাভাবিক শান্তি, স্বস্তি ও নিরাপত্তাবোধ নষ্ট হয়ে গেছে। সার্বক্ষণিক শঙ্কা, উদ্বেগ ও অনিশ্চয়তা গ্রাস করেছে জাতিকে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় রাজনীতিকদেরই খুঁজতে হবে। যেহেতু সমস্যাটি রাজনৈতিক, তাই এর সমাধানও রাজনৈতিক পন্থায় হওয়া বাঞ্ছনীয়। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশন শঙ্কা প্রকাশ করেছে, এই সংঘাতময় পরিস্থিতি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময়কার রূপ নিতে পারে। এটা প্রকৃতই শঙ্কার বিষয়, এই শঙ্কা যাতে বাস্তব হয়ে না ওঠে, সে জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দমন–পীড়ন চালিয়ে এ সমস্যার সমাধান হবে না, এ জন্য সরকারকে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে।
প্রথমত, বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে স্বীকৃতি দিতে হবে, শান্তিপূর্ণ উপায়ে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার খর্ব করা চলবে না। তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগও বন্ধ করা উচিত। একইভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোকেও সহিংসতার পথ পরিহার করতে হবে।
এই জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য উভয় পক্ষের আন্তরিকতা প্রয়োজন; সহনশীল হয়ে উভয় তরফে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রাজনৈতিক সংলাপ সম্ভব হয়। সংলাপের মাধ্যমে একটি কার্যকর রাজনৈতিক পরিবেশ ও সম্পর্ক সৃষ্টির মধ্য দিয়ে চলমান সংকট থেকে বেরিয়ে আসা অবশ্যই সম্ভব।