শব্দদূষণের জন্য প্রধানত দায়ী হাইড্রলিক হর্ন ব্যবহার বন্ধে উচ্চ আদালত যে নির্দেশ দিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার এবং সময়োপযোগী একটি পদক্ষেপ। গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে সব যানবাহনের হাইড্রলিক হর্ন বন্ধের নির্দেশ দেন। এই আদেশে হাইড্রলিক হর্নের আমদানি বন্ধ করতে এবং বাজারে এখনো যেসব হাইড্রলিক হর্ন আছে, তা জব্দ করার নির্দেশ দেওয়া হয়। ২৭ আগস্টের পর ঢাকার সড়কে হাইড্রলিক হর্ন বাজালে সেই গাড়ি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়।
প্রচলিত আইনে হাইড্রলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও অনেকেই তঁাদের গাড়িতে হর্ন ব্যবহার করছেন। সাধারণ হর্নের তুলনায় হাইড্রলিক হর্নের শব্দের মাত্রা কয়েক গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রা অনুযায়ী, মানুষের জন্য শব্দের সহনীয় মাত্রা হচ্ছে ৪০ থেকে ৪৫ ডেসিবেল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের এক জরিপ অনুযায়ী রাজধানীতে এই মাত্রা দুই থেকে তিন গুণ বেশি।
শব্দদূষণের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া রয়েছে। এর কারণে শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। আকস্মিক উচ্চ শব্দ মানবদেহে রক্তচাপ ও হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়, মাংসপেশি সংকুচিত করে পরিপাকে বিঘ্ন ঘটায়। যানবাহনের তীব্র হর্ন মানুষের শিরা ও স্নায়ুতন্ত্রের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ক্রমাগত শব্দদূষণের ফলে কানের টিস্যুগুলো ধীরে ধীরে বিকল হয়ে পড়ে। তখন স্বাভাবিক শব্দও শোনা যায় না।
হাইকোর্টের এই নির্দেশের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু গাড়ি থেকে হাইড্রলিক হর্ন অপসারণ করেছে পুলিশ। বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলাও হয়েছে। এই অভিযান অব্যাহত রাখতে হবে। নির্ধারিত সময়ের পরও যদি কেউ তা ব্যবহার করে, তবে সেই যান বাজেয়াপ্ত করার উদ্যোগ নিতে হবে। এ ধরনের উদ্যোগ গণমাধ্যমে প্রচার করা হলে সবাই সতর্ক হয়ে যাবে। আমরা আর হাইড্রলিক হর্নের শব্দ শুনতে চাই না।