হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের দরিদ্র কৃষক সায়েদ আলীর ১৫ বছরের কিশোরী মেয়ে বিউটি আক্তারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হওয়ার পর প্রায় দুই সপ্তাহ পেরোতে চলল, কিন্তু এখন পর্যন্ত পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলে চলেছেন, হত্যাকারী বলে সন্দেহভাজন বাবুল মিয়াকে ‘শিগগিরই’ গ্রেপ্তার করা যাবে। কিন্তু সেই ‘শিগগির’ এত দীর্ঘ হচ্ছে যে নিহত বিউটির শোকার্ত মা-বাবা হতাশ হয়ে পড়েছেন।
শায়েস্তাগঞ্জের ছাতাগর্ত হাওরে বিউটির ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকবে—তার পরিবার এমন বিভীষিকাময় আশঙ্কায় না ভুগলেও তাদের বিপদগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। কারণ, বিউটির বাবা সায়েদ আলী তাঁর মেয়েকে ধর্ষণ করার অভিযোগে বাবুল মিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা করার পর থেকে বাবুল মিয়া ওই পরিবারটিকে নানা রকমের হুমকি দিয়ে আসছিলেন। মেয়ের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় সায়েদ আলী বিউটিকে তার নানার বাড়ি রেখে এসেছিলেন। কিন্তু তাতেও বিউটির শেষরক্ষা হয়নি। বিউটি নানার বাড়ি যাওয়ার চার দিন পর ১৬ মার্চ দিবাগত রাতে সেখান থেকে অপহৃত হয়ে যায়। পরদিন দুপুর ১২টার দিকে তার নানার বাড়ির লোকজন শুনতে পায় ছাতাগর্ত হাওরে এক কিশোরীর লাশ পাওয়া গেছে।
বিউটি আক্তারের খুন হওয়ার এই মর্মান্তিক কাহিনি এই সময়ের বাংলাদেশের এক অসহনীয় বাস্তবতার চিত্র তুলে ধরে। মেয়ে ধর্ষণের শিকার হবে, বাবা মামলা করবেন, ধর্ষক আসামি ধর্ষিতার পরিবারকে হুমকি দেবে, ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহার করতে চাপ দিতে থাকবে, তাতে কাজ না হলে ধর্ষণের শিকার মেয়েটিকে আবার ধর্ষণ করবে, সে জন্য তাকে অপহরণ করার প্রয়োজন হলে তা-ই করবে এবং শেষে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করবে। ধর্ষণ-মামলা-অপহরণ-হত্যার এই বিভীষিকা চক্রের ভেতরেই যেন বাংলাদেশ ঘুরপাক খেয়ে চলেছে।
বিউটির বাবা সায়েদ আলী স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করার অভিযোগে তিনি যে মামলা করেছেন, তার আসামিই তাঁর মেয়েকে আবার ধর্ষণ করে হত্যা করেছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিউটির লাশ উদ্ধারের পরপরই বলেন, মেয়েটির পেট ও বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পাঁচটি ক্ষত রয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণও করা হতে পারে।
কিন্তু লাশ উদ্ধারের ১৩ দিন পরও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট পায়নি। শায়েস্তাগঞ্জ থানা কর্তৃপক্ষের উচিত সংশ্লিষ্ট হাসপাতালকে ময়নাতদন্তের রিপোর্টের জন্য তাগিদ দেওয়া। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অপরাধীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে সুষ্ঠু ময়নাতদন্তের রিপোর্ট, ধর্ষণের আলামতসহ সব সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা পুলিশের একান্ত দায়িত্ব। তবে সবকিছুর আগে দরকার অবিলম্বে অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করা।