আরও এক ব্লগার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ব্লগার বা মুক্তচিন্তার মানুষ খুন হলেও খুনিদের খুঁজে না পাওয়া কিংবা কোনো কোনো খুনিকে খুঁজে পেলেও মামলার অগ্রগতি না হওয়ায় এ ব্যাপারে সরকারের সদিচ্ছা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
গত শুক্রবার দুপুরে গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায়কে তিন ব্যক্তি তাঁর গোড়ানের বাড়িতে ঢুকে তাঁকে খুন করে পালিয়ে যায়। এর আগে চলতি বছর ১২ মে সিলেটে অনন্ত বিজয় দাশ, ঢাকায় ৩০ মার্চ ওয়াশিকুর রহমান ও ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায়কে হত্যা করা হয়। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন তুঙ্গে, তখন আহমেদ রাজীব হায়দার নামের আরেক ব্লগারকে খুন করা হয়। এই পাঁচ খুনের ধরন যেমন এক, তেমনি খুনিরা মতাদর্শিকভাবে অভিন্ন বলে ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে।
যে সরকার মৌলবাদী-জঙ্গিবাদীদের বিরুদ্ধে অভিযানে সফল বলে দাবি করে আসছে, সেই সরকারের আমলে এসব ঘটনা কিসের ইঙ্গিত দেয়? যেখানে কেউ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে বিরূপ মন্তব্য করলে সরকার তাকে পাকড়াও করতে দ্বিধা করে না, সেখানে ব্লগার হত্যাকারীরা কীভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে? ঘটনার পর অনেক সময় মন্ত্রী-নেতা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বুলন্দ আওয়াজ তুললেও মামলার তদন্ত এগোয় না, বিচার হয় না। এভাবে আর কত দিন?
যাঁরা এইসব নৃশংস খুনের শিকার হচ্ছেন, তাঁরা বয়সে তরুণ ও চিন্তাচেতনায় আলাদা। তাঁরা কারও পায়ে কুড়াল মারেননি; নিজের স্বাধীন মত প্রকাশ করেছেন মাত্র। সেই মতের বিরোধিতা, সমালোচনা হতে পারে। কিন্তু সেসব না করে এভাবে খুনোখুনি চলতে পারে না।
আমরা নীলাদ্রির খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করছি। খুনি ও তাদের নেপথ্যের কুশীলবদের ধরতে এবং বিচার করতে না পারলে এই হত্যা–উৎসব থামানো যাবে না। বিচারের পাশাপাশি এই খুনিদের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভ্যতা ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এই শত্রুদের রুখতেই হবে।