তরুণ বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের নৃশংস হত্যাকাণ্ড কেবল গুরুতর ফৌজদারি অপরাধই নয়, এটা বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পথে সহিংস বাধার ভয়ংকর দৃষ্টান্ত। তাঁর শোকার্ত স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশের সঙ্গে সঙ্গে
আমরা বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা ও মুক্তচিন্তা চর্চার প্রতি হুমকির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
গত মঙ্গলবার সকালে সিলেটে অনন্তর বাসার কাছে চারজন মুখোশধারী ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যেভাবে তাঁকে হত্যা করেছে, তা ব্লগার রাজীব হায়দার, বিজ্ঞানলেখক ও ব্লগার অভিজিৎ রায় ও ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাপদ্ধতির অনুরূপ। পুলিশও বলছে, অনন্ত হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, ব্লগার রাজীব ও অভিজিতের মতো এই হত্যায়ও উগ্রপন্থী কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে। যদি একই অশুভ শক্তি, একই ধরনের নৃশংস কায়দায় একের পর এক এসব হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তারা কেন ও কীভাবে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে? যে সরকার বুক ফুলিয়ে জঙ্গিবাদ দমনের সাফল্যগাথা প্রচার করে, সেই সরকারেরই পুলিশ কর্তৃপক্ষ কেন ‘উগ্রপন্থী কোনো গোষ্ঠী’র দ্বারা সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ডগুলোর কূলকিনারা পেতে ব্যর্থ হচ্ছে?
এবার সিলেটে ব্লগার হত্যাঅভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা ছাড়া পুলিশ আর কিছুই করতে পারেনি। ওয়াশিকুর হত্যাকাণ্ডের সময় জনতার হাতে ধরা পড়া দুই হত্যাকারী গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছে যে ‘মাসুম ভাইয়ের’ নির্দেশে তারা ওয়াশিকুরকে হত্যা করেছে বলে স্বীকার করেছে, পুলিশ সেই মূল হোতারও হদিস বের করতে পারেনি। সর্বশেষ অনন্তর হত্যাকারীদের কাউকেও পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের এই ধারাবাহিক ব্যর্থতার কি কোনো জবাবদিহি নেই?
বিচারহীনতার পরিবেশ খুনিদের বেপরোয়া করে তুলেছে। এদের রাশ টানা জরুরি। প্রতিটি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন, খুনি ও তাদের নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় পেরিয়ে যাচ্ছে।