ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাটি আমাদের শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়ের উদাহরণ হয়ে থাকবে। একই সঙ্গে প্রতিকারেরও। ২০১৪ সালের অক্টোবরে বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী অধ্যাপক কামরুল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। এই প্রেক্ষাপটেই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বেশির ভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনা চেপে যায়। এ ক্ষেত্রে সে রকম কিছু হয়নি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধুবাদ পেতে পারে। তবে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে অবসর না দিয়ে চাকরিচ্যুত করাটাই হতো উপযুক্ত বিচার। লঘু পাপে যেমন গুরুদণ্ড কাম্য নয়, তেমনি গুরু পাপেও লঘুদণ্ড নয়। শিক্ষক হয়ে যখন এই ঘৃণ্য কাজ করেন, তখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিই হওয়া উচিত।
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কেবল মেধাবী ও উচ্চ ডিগ্রিধারী হবেন না; তাঁর নৈতিক মান ও নীতিবোধও অত্যন্ত উঁচু হওয়া উচিত। উদ্বেগের বিষয় হলো, আমাদের শিক্ষাঙ্গনে নীতি ও নৈতিকতাবোধ বিবর্জিত ব্যক্তির সংখ্যা বাড়ছে। সব ক্যাম্পাসের সব অঘটনের খবরও আমরা জানি না। অনেক সময় ছাত্রী কিংবা নারী শিক্ষকেরা যৌন হয়রানির শিকার হলেও মুখ বুজে সহ্য করেন। যখন কেউ সাহস করে প্রতিবাদ করেন বা প্রতিকার চান, তখনই সেটি গণমাধ্যমে আসে। প্রতিকারের দাবি ওঠে।
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বন্ধে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা আছে। সেই নির্দেশনা মেনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নারী নিপীড়নবিরোধী কমিটি হয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়েই যাতে এ ধরনের অনৈতিক ও অপরাধমূলক ঘটনা ঘটতে না পারে, সে জন্য সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকতে হবে।
যৌন হয়রানির কারণে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের শাস্তি তা যতই লঘু হোক না কেন, নিশ্চয়ই অন্যদেরও বার্তা দেবে।