আরও কঠোর শাস্তি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাদকাসক্তি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সুযোগে যত্রতত্র গড়ে উঠেছে তথাকথিত মাদক নিরাময় কেন্দ্র বা হাসপাতাল। কিন্তু এই নিরাময় কেন্দ্রগুলো যে নিজেরাই নিরাময়ের বাইরে চলে যাচ্ছে, সে খবর কজন রাখেন?
গত শুক্রবার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) রাজধানীর হুমায়ুন রোডের সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালে অভিযান চালানোর পর জানা গেল, সেখানে চিকিৎসার নামে প্রতারণা চলছে। রোগীদের মারধর ও বন্দী করে রাখা হচ্ছে। হাসপাতালটিতে ৫২ জন রোগীর জন্য চিকিৎসক ছিলেন মাত্র একজন, তা-ও সাধারণ এমবিবিএস। অথচ বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ ছাড়া এ ধরনের রোগীদের চিকিৎসা সম্ভব নয়।
এ কথা সর্বজনবিদিত যে, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা করতে হয় অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে। কেবল ওষুধ এর প্রতিষেধক নয়। নিবিড় পরিচর্যা ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতিই এই রোগ থেকে মুক্তি দিতে পারে। কিন্তু আলোচ্য হাসপাতালটি কেবল অপচিকিৎসা নয়, রোগীদের প্রতি নিষ্ঠুরতাও চালাচ্ছে!
এই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তরের সনদ ছাড়াই। অথচ আইন অনুযায়ী, যেকোনো হাসপাতাল প্রতিষ্ঠা করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এসব অনিয়ম ও দুর্নীতির দায়ে ম্যাজিস্ট্রেট এর মালিককে ছয় মাসের জেল, দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি হাসপাতালটি সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেন।
কিন্তু মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের জন্য এই শাস্তি যথেষ্ট নয়। ম্যাজিস্ট্রেট যদি রোগীদের কথা ভেবে এই নির্দেশ দিয়ে থাকেন, তা-ও গ্রহণযোগ্য নয়। সাত দিন পর যে তারা একই কায়দায় রোগীদের ওপর অত্যাচার করবে না,
তার নিশ্চয়তা কী? তাই এ ধরনের হাসপাতালের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।