আরও কত আছে খুঁজে দেখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথিতযশা সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরী জীবন দিয়ে দেখিয়ে গেলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে ‘মোহনা’ নামে একটি অবৈধ হাসপাতাল আছে, যেখানে জরুরি চিকিৎসার অভাবে মানুষ মারা যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটি বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা কি নিজেদের দায় এড়াতে পারে? মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়ন্ত্রণ না থাকায় বিভিন্ন স্থানে চিকিৎসার নামে ধোঁকাবাজি চলছে। এটা বিপজ্জনক।
মোহনা হাসপাতালের মালিক ২৩০ চিকিৎসকের বেশির ভাগই সরকারি দল-সমর্থিত সংগঠন স্বাচিপের নেতা বা কর্মী। অনেকে সরকারি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উঁচু পদে রয়েছেন। অনেকে চিকিৎসকদের সংগঠন বিএমএর বড় বড় নেতা। অভিযোগ রয়েছে, নিজেদের হাসপাতালের কাজে কম গুরুত্ব দিয়ে অনেকে ‘মোহনা’ হাসপাতালে বেশি সময় দেন। বিষয়টি অনুসন্ধান করে কর্তব্যে অবহেলার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
দেশে বেসরকারি খাতে অনেক ভালো হাসপাতাল আছে। আবার বিভিন্ন এলাকায় হঠাৎ গজিয়ে ওঠা হাসপাতালও আছে। প্রায়ই তাদের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন ওঠে। কেরানি-চাপরাসিরা কোনো কোনো ‘হাসপাতাল’ বা ‘ক্লিনিকে’ বড় বড় বিশেষজ্ঞ হিসেবে দিব্যি ‘চিকিৎসা ব্যবসা’ চালিয়ে যাচ্ছেন, এমন অভিযোগও পাওয়া যায়। কোনো দুর্ঘটনা ঘটলেই কেবল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, হাসপাতাল বা ক্লিনিক পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এরপর সেগুলো যথাযথভাবে চলছে কি না বা অবৈধভাবে কেউ হাসপাতাল খুলে বসছে কি না, তা দেখবে কে? মাত্র তিন সদস্যের একটি পরিদর্শন দল দিয়ে এ কাজ চালানো কঠিন। তাই টিমের সদস্য বাড়াতে হবে। হাসপাতালগুলোর যন্ত্রপাতি ঠিক আছে কি না, চিকিৎসক-নার্স পর্যাপ্ত কি না, জরুরি চিকিৎসার ব্যবস্থা আছে কি না, এসব তাদের নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে।
মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করুক। স্বাস্থ্যসেবা নিয়ে নৈরাজ্য চলতে দেওয়া যায় না।