দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা নিতান্তই অপ্রতুল। এই বিবেচনায় সরকারি হাসপাতালগুলোতে নতুন ছয় হাজার ৯২ জন চিকিৎসক নিয়োগের খবর নিঃসন্দেহে সুখবর। একসঙ্গে এত বেশিসংখ্যক চিকিৎসক নিয়োগের ঘটনা এটাই প্রথম। এখন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবায় চিকিৎসকদের ওপর রোগীর চাপ কিছুটা লাঘব হবে।
তবে এই চিকিৎসকেরা যেন নিজ নিজ কর্মস্থলে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সেটা নিশ্চিত করা জরুরি। কারণ, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসকদের মধ্যে গ্রামাঞ্চলের কর্মস্থলে বসবাস না করার প্রবণতা প্রকট। তাঁদের অধিকাংশই শহরাঞ্চলে থাকতে চান। এর আগে ২০১০ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগ করেছিল, কিন্তু তাঁদের একটা বড় অংশই গ্রামাঞ্চলে থাকেননি।
এবারের নিয়োগ-প্রক্রিয়ায় চিকিৎসকদের নিজ নিজ এলাকা বা উপজেলা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। সরকারের প্রত্যাশা এই যে তাঁরা নিজেদের গ্রামাঞ্চলে থেকে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করবেন। যাঁরা টানা দুই বছর গ্রামাঞ্চলের কর্মস্থলে নিবেদিতভাবে চিকিৎসাসেবা দেবেন, উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া, পদোন্নতির ক্ষেত্রেও তাঁদের অগ্রাধিকার থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীকেও চিকিৎসকদের গ্রামে যেতে উৎসাহ দিতে দেখা গেছে। কিন্তু তার সুফল তেমন একটা পাওয়া যায়নি। আমরা আশা করব, এই নতুন চিকিৎসকেরা গ্রামে থেকে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবেন।
চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত উপস্থিত থেকে ভালোভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের প্রণোদনার গুরুত্ব রয়েছে। চিকিৎসকেরা সেই প্রণোদনাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন—এই প্রত্যাশার পাশাপাশি এটাও স্মরণ রাখা উচিত যে কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকা এবং যথাযথভাবে দায়িত্ব পালন করা সরকারি-বেসরকারি নির্বিশেষে সব চাকরিরই বাধ্যবাধকতা। সরকারি চিকিৎসকেরা এর বাইরে নন।