আরও দুটি নতুন ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের আপত্তি অগ্রাহ্য করে যে নয়টি বেসরকারি ব্যাংককে অনুমতি দেওয়া হয়েছিল, তার দু-একটা বাদে অন্যগুলো ইতিমধ্যে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলার নিয়ামক হয়ে উঠেছে। এ ছাড়া আরও কিছু ব্যাংক মনে হয় বিধিবদ্ধ নীতিমালা মেনে চলাকেই আপদ ভাবতে শুরু করেছে। এ বিষয়ে প্রতিকারের তেমন কোনো উদ্যোগই যখন দেখা যাচ্ছে না, তখন আরও দুটি বেসরকারি ব্যাংক খোলার অনুমতি প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আমাদের অবাক করেছে।
প্রস্তাবিত দুটি ব্যাংক উন্নত ব্যবস্থাপনার মডেল হতেই পারে না, তা আমরা হলফ করে বলতে পারি না, কিন্তু তারা যে রুগ্ণ হবে না, সেই ভরসাও আমরা পাই না। রাষ্ট্রকে অবশ্যই সৎ ব্যাংকার ও ব্যাংকিংকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। কিন্তু বর্তমানে পুরো ব্যাংকিং খাতের ওপর সরকারের অবাঞ্ছিত ও অযাচিত হস্তক্ষেপ দিন দিন ডালপালা বিস্তার করে চলেছে। অন্যদিকে এসবের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের চেহারাও দিন দিন মলিন হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার মান উন্নত হচ্ছে, এমন কোনো বার্তা আমরা পাই না। বরং সেখানে যাঁদের বিরুদ্ধে দৃশ্যত বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ নৈতিকতায় ঘাটতি গভীরতর হলে তা ব্যাংকিং খাতের চলমান অসুস্থ প্রতিযোগিতাকে আরও যে অবনতিশীল করবে, তাতে আর সন্দেহ কী।
২০০৯ সালেই বাংলাদেশ ব্যাংক বলেছিল যে দেশে আর কোনো বেসরকারি ব্যাংক খোলার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও সংকীর্ণ রাজনৈতিক বিবেচনায় একসঙ্গে নয়টি ব্যাংক চালুর ওই অনুমতি দিয়ে ব্যাংকিং খাতের সুষ্ঠু ব্যবস্থাপনার ধারণাটিকে একটা স্থায়ী হুমকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সম্প্রতি ওই নয়টি ব্যাংকের একটির বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ব্যাংকিং নীতিমালা লঙ্ঘনের নির্দিষ্ট অভিযোগ সাক্ষ্য–প্রমাণসহ প্রকাশিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নিতে সরকারকে উদাসীন থাকতে দেখা যাচ্ছে।
একটি দেশের আর্থিক খাতের সব থেকে সংবেদনশীল জীবনীশক্তি হলো একটি দেশের ব্যাংকিং খাত। সেই খাতের বিশৃঙ্খলা শুধু ব্যাংকিং খাতেরই নয়, অন্যান্য খাতেরও ক্ষতি ডেকে আনছে। আমরা আশা করব নতুন ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য স্বচ্ছতার নীতি অনুসরণ করা হবে। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা রোধ করতে না পারলে নতুন ব্যাংক প্রতিষ্ঠার কোনো সৎ উদ্যোগও ভন্ডুল হওয়ার ঝুঁকি থাকবে।