আরও পাঁচটি মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতি জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ’ নীতির অংশ হিসেবে আরও পাঁচটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যে উদ্যোগ সরকার নিয়েছে, তার প্রয়োজনীয়তা হয়তো অস্বীকার করা যাবে না। যদিও কোনো কোনো গবেষণামতে, দেশে বর্তমানে প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক আছেন। সংখ্যার বিচারে না হলেও মানের বিচারে যে চিকিৎসকের ঘাটতি আছে, সেটি হলফ করে বলা যায়। চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। দেশে তাঁরা উন্নত চিকিৎসা পেলে বিদেশে যেতেন না।

গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারীতে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। চলতি বছরই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এ ছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। পাঁচটি নতুন মেডিকেল কলেজে আসনসংখ্যা হবে ২৫০টি। অন্যদিকে চলতি শিক্ষাবর্ষের জন্য সার্বিকভাবে আরও ৫০০ আসন বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের চেয়ে চলতি শিক্ষাবর্ষে আরও ৭৫০ জন মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

উদ্বেগের বিষয় হলো, নতুন ও পুরোনো মিলে বেশির ভাগ মেডিকেল কলেজে প্রয়োজনীয় শিক্ষক নেই। অবকাঠামোগত সুবিধা অপ্রতুল। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৫টি মেডিকেল কলেজে এখন শিক্ষকের সংখ্যা ৯ হাজার ৪০৩। দরকার ২৫ হাজার ৩০০ জন। অর্থাৎ ৬৩ শতাংশ শিক্ষক কম রেখেই মেডিকেল শিক্ষা দিয়ে যাচ্ছে কলেজগুলো।

প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনার নীতিমালা মানছে না। অধিকাংশ মেডিকেল কলেজে ভৌত অবকাঠামো ও শিক্ষা সরঞ্জাম নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব অনুসন্ধান ও পর্যালোচনায়ও নতুন সরকারি কলেজগুলোর দুর্বলতা এবং বেসরকারি কলেজগুলোর অনিয়ম ধরা পড়েছে। দেশে ৩৬টি সরকারি ও ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজারের বেশি। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বলেছে, কলেজের স্বীকৃতি পেতে হলে কম্পিউটার, সাধারণ মেডিকেল ল্যাব, শল্যবিদ্যা চর্চার আয়োজন, মাল্টিমিডিয়া ও ফটোকপি যন্ত্রসহ ‘মেডিকেল স্কিল সেন্টার’ থাকতে হবে, যা অধিকাংশ মেডিকেল কলেজে নেই।

বিএমডিসির নীতিমালা অনুযায়ী, চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিষয়গুলোয় (বেসিক সায়েন্স) প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকতে হবে। কিন্তু বাস্তবে কোনো সরকারি মেডিকেল কলেজে সেই অনুপাতে শিক্ষক নেই। আর বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা আরও কম। অনুমোদন নেওয়ার সময় তারা যেসব শর্ত পূরণের ওয়াদা করেছে, তার অধিকাংশই মানছে না। সরকার দু-একটি বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বেশির ভাগই থেকে গেছে জবাবদিহির ঊর্ধ্বে।

তাই, আমাদের পরিষ্কার কথা হলো, সরকারি হোক আর বেসরকারি হোক প্রতিটি মেডিকেল কলেজ পরিচালিত হতে হবে প্রয়োজনীয় অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা। একই সঙ্গে অবকাঠামোগত সুবিধা ও চিকিৎসার সরঞ্জামও নিশ্চিত করতে হবে। চিকিৎসাবিজ্ঞান হলো হাতে-কলমে শেখার বিষয়। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার তথা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা বিষয়টি যত দ্রুত অনুধাবন করবেন, ততই মঙ্গল।

একের পর এক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে চিকিৎসক বাড়ানোর যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসক বাড়িয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা যাবে না। একই হারে নার্স ও প্যারামেডিকস তৈরি করা জরুরি। কিন্তু এসব বিষয়ে সরকারের মাথাব্যথা আছে বলে মনে হয় না।