আরও বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি বা শতক পূর্ণ হলেও উচ্চশিক্ষার প্রসার কতটা হয়েছে, সেই প্রশ্ন না উঠে পারে না। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ১০ দিনের মাথায় সরকার আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। এর আগে চলতি মাসের মাঝামাঝি দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। এ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০১।
সর্বশেষ অনুমোদন পাওয়া দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটির উদ্যোক্তা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এটি প্রতিষ্ঠা করার কথা বান্দরবানে। দ্বিতীয়টির উদ্যোক্তা ব্যবসায়ী এ বি এম শামসুল হক, এটি প্রতিষ্ঠা করার কথা রাজশাহীতে। বান্দরবানে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় না থাকলেও রাজশাহীতে সরকারি-বেসরকারি মিলে চারটি বিশ্ববিদ্যালয় আছে। এরপরও সেখানে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে কি না, সেটিও ভেবে দেখার বিষয়।
বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা দান করে না, শিক্ষা সৃষ্টিও করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে কম দৃষ্টি দেয় গবেষণা তথা জ্ঞান সৃষ্টির কাজে। যেখানে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণার কাজে ১ শতাংশেরও কম ব্যয় করে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কী, তা সহজেই অনুমান করা যায়। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়নের প্রয়াস ও প্রতিযোগিতা লক্ষ করা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই বৈশ্বিক মানের কাছাকাছি পৌঁছাতে পারেনি। এমনকি দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিচের দিকে।
আমাদের শিক্ষাক্ষেত্রে রয়েছে চরম বিশৃঙ্খলা। যেই শিক্ষার মানবসম্পদ তথা দেশের উন্নয়নে অপরিহার্য, সেই শিক্ষা আমরা দিতে পারছি না। অথচ একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে চলেছি। এর উপযোগিতাও পরখ করে দেখা হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ ন্যূনতম শর্ত মানছে না। সবচেয়ে নাজুক অবস্থা কারিগরি ও মেডিকেল কলেজগুলোর, যার বেশির ভাগেরই প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। প্রকৃতপক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা প্রসারের চেয়ে ব্যবসা প্রসারের কাজেই বেশি আগ্রহী।
সাম্প্রতিক কালে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে, বেশির ভাগই পেয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ ও স্থানীয় নেতারা। উচ্চশিক্ষার নামে ব্যবসা কিংবা সনদ বিতরণের অসুস্থ প্রতিযোগিতা চলতে পারে না। সরকার যে বাছবিচারহীনভাবে অনুমোদন দিয়ে যাচ্ছে, তার প্রমাণ অনুমোদন পাওয়া নয়টি বিশ্ববিদ্যালয় এখনো চালুই হয়নি। আমরা শিক্ষার প্রসার চাই, সংখ্যার আধিক্য নয়।