আগামী নির্বাচন নিয়ে চলমান রাজনৈতিক সংকট উত্তরণ সম্পর্কে বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন সাক্ষাৎকার নিয়েছেনমিজানুর রহমান খান ও মশিউল আলমপ্রথম আলো রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে?খন্দকার মাহবুব হোসেন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব—বিরোধী দল ও সরকারি দল, উভয় দলই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আলোচনার ভিত্তিতে সমঝোতায় এসে জনগণকে সংঘাতময় পরিস্থিতি থেকে রক্ষা করবে।প্রথম আলো কিন্তু সে রকম কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না।খন্দকার মাহবুব হোসেন যে সংকট ঘনীভূত হয়েছে, তার মূল কারণ আগামী নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে মতবিরোধ। কিন্তু আমাদের একটা স্বীকৃত ও গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা ছিল। সেই পদ্ধতি অনুসরণ করে কয়েকটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করেছেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটি রায়ের ওপর ভিত্তি করে সেই তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতিটা সংবিধান থেকে তুলে দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে এটাও বলা হয়েছিল যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি সংসদ মনে করে তাহলে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে হতে পারে।প্রথম আলো সরকারের পক্ষ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কলুষিত হয়ে পড়েছিল, ওই ব্যবস্থার কারণে ওয়ান-ইলেভেনের মতো ঘটনা ঘটেছিল। খন্দকার মাহবুব হোসেন কিন্তু সেই ব্যবস্থার অধীনেই বিগত নির্বাচনটিও অনুষ্ঠিত হয়েছে এবং সে নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সৃষ্টি। এই ব্যবস্থা প্রবর্তনে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল। যে রাজনৈতিক পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়েছিল, সেটি কিন্তু বর্তমানে আরও অনেক বেশি প্রকট আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতা আরও বেড়েছে। এ রকম পরিস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সংঘাত আরও বেড়ে যাবে।প্রথম আলো সংবিধান সংশোধনের পর এখন নির্বাচন অনুষ্ঠানের যে বিধান রয়েছে, সে অনুযায়ী নির্বাচন হলে সমস্যা কী?খন্দকার মাহবুব হোসেন বর্তমান সংবিধানে ১২৩ অনুচ্ছেদে রয়েছে যে সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন ঘোষণা করা হবে এবং নির্বাচন অনুষ্ঠিত করা হবে। সে ক্ষেত্রে যাঁরা সংসদের সদস্য আছেন, তাঁরা সাংসদ হিসেবে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর পদে বহাল থাকবেন এবং তিনি ইচ্ছা করলে তাঁর মন্ত্রিসভাও থাকবে। একজন সাংসদ তাঁর পদাধিকারবলে স্বাভাবিকভাবে নানা ধরনের প্রটোকল, সুযোগ-সুবিধা পান। তাঁর সঙ্গে একজন সাধারণ নাগরিক যদি ভোটযুদ্ধে অবতীর্ণ হন, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবিধানে আরেকটি বিষয় আছে এবং আমাদের প্রধানমন্ত্রী একবার বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে থাকবেন? সংবিধানের ৫৭ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে পরবর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীই তাঁর পদে বহাল থাকবেন। আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা সর্বময়, ইংল্যান্ডের রানিরও বোধ হয় এত ক্ষমতা নেই। এ অবস্থায় বর্তমানে সংবিধানে বিদ্যমান পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর সুষ্ঠু নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি চাপিয়ে দেওয়া হয় এবং তা যদি হয় প্রহসনমূলক, তাহলে দেশের এই অশান্তি, অরাজকতা, সংঘাত আরও বাড়বে।প্রথম আলো তাহলে উপায়?খন্দকার মাহবুব হোসেন আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটি মাত্র পথই আছে। সরকারকে সমঝোতায় আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারই বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারই বলেন, একটি নির্দলীয়-নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নির্বাচনের একটি রূপরেখা সরকারকে ঘোষণা করতে হবে। তাঁরা রূপরেখা ঘোষণা করার পরে বিরোধী দল হয়তো বলবে, এটা না হয় ওটা হবে। মূল কথা হলো, সরকারের প্রধান কে থাকবেন?প্রথম আলো কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হয়, সংবিধানে সবই পরিষ্কার লেখা আছে কীভাবে নির্বাচন হবে। তাঁরা তো কোনো রূপরেখা দেওয়ার কথা বলেন না..খন্দকার মাহবুব হোসেন সংবিধান তো জনগণের কল্যাণের জন্য। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর নির্বাচনব্যবস্থা যদি বর্তমান সরকার এই দেশে চালু করতে চায়, তাহলে সেটা হবে অবাস্তব। তা ছাড়া বর্তমান সরকারের গত চার বছরের যে কর্মকাণ্ড, তাতে জনগণ সেটা মেনে নেবে না। তাতে করে সংঘাত আরও বাড়বে। বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী এই সুযোগ নিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চালাবে। তাতে দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে।প্রথম আলো দুই-আড়াই মাস ধরে দেশে যে সংঘাত, প্রাণহানি, ধ্বংসযজ্ঞ চলেছে, তাতে কিন্তু নির্বাচনের ইস্যুটি চাপা পড়ে গেছে। নাকি নির্বাচনের বিষয়টিই এসব অস্থিরতা ও সংঘাতের পেছনের কারণ?খন্দকার মাহবুব হোসেন গত চার বছরে সরকারের ব্যর্থতা, পদ্মা সেতুতে দুর্নীতি, হল-মার্ক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট কেলেঙ্কারি ইত্যাদি গুরুতর বিষয় থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য একটার পর একটা ইস্যু তৈরি করা হয়েছে বলে আমার ধারণা। মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো এভাবেই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এসব বাস্তবতার জ্ঞানবিবর্জিত ভাবনা বলে আমি মনে করি। আর বিরোধী দলের ওপর যে ধরনের দমন-পীড়ন চালানো হচ্ছে, তা কোনো গণতান্ত্রিক সরকার করতে পারে না। আজকে বিরোধী দলের শীর্ষ দশজন নেতাসহ সর্বস্তরের হাজার হাজার নেতা-কর্মী কারারুদ্ধ। হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। হরতালের সময় গাড়ি ভাঙচুর হয়েছে—এ রকম অভিযোগে মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ, আমাদের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মতো ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাঁদের গ্রেপ্তার করে জেলে পাঠানোর পেছনে কোনো নীতিগত বা যৌক্তিক ব্যাপার ছিল?প্রথম আলো সরকার এসব কেন করছে বলে আপনার ধারণা?খন্দকার মাহবুব হোসেন আমার মনে হচ্ছে, এর কারণ হতে পারে দুটো। একটা হতে পারে, সরকার ইতিমধ্যে জেনে ফেলেছে যে আগামী নির্বাচনে তাদের জয়লাভের সম্ভাবনা নেই। তাই যেকোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার জন্য তারা এসব করছে। এ রকম প্রচেষ্টা অতীতেও হয়েছে। আমরা যারা স্বৈরশাসন দেখেছি, নির্বাচিত সরকার দেখেছি, তারা লক্ষ করেছি যে তারা ক্ষমতা ধরে রাখার জন্য তাদের বাহিনী লেলিয়ে দিয়ে, হামলা করে, মামলা দিয়ে বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবারও সেটা সম্ভব হবে না।প্রথম আলো আর দ্বিতীয় কারণ?খন্দকার মাহবুব হোসেন দ্বিতীয়ত, এ রকম হতে পারে যে সরকার হয়তো দেশের প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে পারছে না। তাই তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যে পরিস্থিতিতে হয়তো বা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বাইরের শক্তি ক্ষমতায় এসে আবার আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চালাবে। কিন্তু সেটা কোনো অবস্থাতেই জনগণের জন্য শুভ হবে না, বর্তমান সরকারের জন্যও শুভ হবে না, বিরোধী দলের জন্যও শুভ হবে না।প্রথম আলো তাহলে কি আপনি বলতে চাইছেন, আমাদের চলমান রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য এই সরকারের অদূরদর্শিতা বা বাস্তবতা অনুধাবনের অক্ষমতা ও ক্ষমতা আঁকড়ে থাকার একগুঁয়েমিই কেবল দায়ী? বিরোধী দলের কোনো দায়দায়িত্ব নেই?খন্দকার মাহবুব হোসেন বর্তমান সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকার একগুঁয়ে মনোভাব নিয়ে এগোচ্ছে। কিন্তু এর ফলে তারা তো ক্ষমতা থাকতে পারবেই না, উপরন্তু দেশের চরম সর্বনাশ করে যাবে। আমরা চাই না অতীতের পুনরাবৃত্তি হোক। সে জন্য, এখনো সময় আছে, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। সরকার একটি মাত্র ইস্যুর সমাধান করে দিক: সরকার বলুক, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করব। সেটা কীভাবে হবে, এই আমাদের রূপরেখা। সংবিধানে যেভাবে করা হয়েছে, সেভাবে আমাদের দেশে নির্বাচন করার সময় এখনো আসেনি। আমাদের পারস্পরিক আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়নি। তাই একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠুভাবে সবার পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আর কোনো বিকল্প পদ্ধতি আমাদের নেই। অন্য কোনো বিকল্প পদ্ধতিতে সরকার যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, আরও রক্তপাত হবে, আরও ধ্বংসযজ্ঞ হবে। তাই আমি আশা করব, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। দেশের প্রতি যদি তাঁদের বিন্দুমাত্র দরদ ও দায়িত্ববোধ থাকে, তাহলে অবশ্যই তাঁরা দেশের এই ক্রান্তিলগ্নে মান-অভিমান ভুলে গিয়ে, একগুঁয়ে মনোভাব ত্যাগ করে সংকট সমাধানের উদ্যোগ নেবেন। আমি এখনো আশা করি, তাঁরা সমঝোতার লক্ষ্যে এগিয়ে আসবেন। সে ক্ষেত্রে বিরোধী দল যদি অসহযোগিতা বা বাধার সৃষ্টি করে, তাহলে অবশ্যই তারা জনগণের সমালোচনার শিকার হবে, তাদের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। আমার বিশ্বাস, বিরোধী দল জনগণের সমালোচনার শিকার হতে চাইবে না।প্রথম আলো আপনাকে ধন্যবাদ।খন্দকার মাহবুব ধন্যবাদ।