আরও সতর্কতা ও নজরদারি প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার কলতাবাজার থেকে পুলিশ এবার ‘সাইকেলবোমা’ উদ্ধার করেছে—খবরটি বিশেষ উদ্বেগজনক। কারণ, এ ধরনের বোমার ব্যবহারের কথা জানা যায় পাকিস্তান-আফগানিস্তানে, বাংলাদেশে এর অস্তিত্বের কথা জানা গেল এবারই প্রথম। এই ‘সাইকেলবোমা’ ব্যবহারের আগেই যে সেটা জব্দ করা গেছে, এটা একটা স্বস্তির কথা। কিন্তু এ রকম আরও কত সাইকেলবোমা সম্ভাব্য আক্রমণকারীদের কাছে রয়ে গেছে, কিংবা তৈরি হচ্ছে তা ভেবে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২-এর কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলন ডেকে জানানো হয়েছে, ‘সাইকেলবোমা’র সঙ্গে আরও উদ্ধার করা হয়েছে ৫৮টি ককটেল, ৪৮টি পেট্রলবোমা, ৫০০ গ্রাম সালফার পাউডার, পাইপবোমা, পাথরসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। সাইকেলবোমা একটি মারাত্মক প্রাণঘাতী বোমা, যা একটি চলন্ত বোমা হিসেবে বিপুলসংখ্যক মানুষকে হতাহত করতে পারে। এটি উদ্ধারের সঙ্গে সঙ্গে পুলিশ কয়েকজন যুবককে গ্রেপ্তার করেছে, তাঁদের কাছ থেকে আরও তথ্য পুলিশ উদ্ধার করতে পারবে বলে আশা করা যায়। র্যাব জানিয়েছে, সাইকেলবোমাটি একদম প্রস্তুত অবস্থায় সরবরাহ করা হয়েছে যশোরের সীমান্ত থেকে। এর অর্থ, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি এ ধরনের বোমা-বিস্ফোরক পাচার রোধেও বাড়তি নজর রাখতে হবে।
এ ছাড়া সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় পুলিশ নাশকতাকারীদের ‘গোপন আস্তানা’র সন্ধান পেয়েছে এবং সেখান থেকে ৬৯টি পেট্রলবোমা, ৫০টি ককটেল, চারটি হালকা আগ্নেয়াস্ত্র (এলজি), ১০টি কিরিচ ও গুলি উদ্ধার করেছে। এসব বোমা, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার থেকে এটা স্পষ্ট যে দেশের বিভিন্ন এলাকায় নাশকতাকারীরা গোপনে গোপনে বেশ তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেননা, পেট্রলবোমা ও ককটেলে ইতিমধ্যে বহু মানুষ হতাহত হয়েছেন। এখনো প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মানুষ এসবের শিকার হচ্ছেন।