শিশুমৃত্যুর হার দৃষ্টিগোচর মাত্রায় কমিয়ে আনায় বাংলাদেশের সাফল্য পুনর্নিশ্চিত হয়েছে ইউনিসেফের অগ্রগতি প্রতিবেদনে। ১৯৯০ সালের তুলনায় শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার সাফল্য অভিনন্দনযোগ্য। তবে গত ২৫ বছরে পাঁচ বছরের নিচের শিশুমৃত্যুর হার অর্ধেকের সামান্য বেশি কমা যথেষ্ট নয়।
উন্নত দেশগুলোয় যেখানে প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা পাঁচ থেকে সাত, সেখানে বাংলাদেশে তা ৩৮। প্রতিবছর সামগ্রিক শিশুমৃত্যুর কমার হার ৫ দশমিক ৪ শতাংশ। কিন্তু নবজাতকের মৃত্যুর হার এখনো বেশি। তবে সামগ্রিকভাবে অগ্রগতি অস্বীকার করা যাবে না।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, ৪৮৮টি উপজেলার মধ্যে ১৫৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের অস্ত্রোপচারসহ পূর্ণাঙ্গ সেবা পাওয়ার কথা। কিন্তু এদের মাত্র ৮০টিতে শল্যচিকিৎসক ও অবেদনবিদ আছেন। কমিউনিটি ক্লিনিকগুলোর সব কটি চালুও নয়, সুসম্পন্নও নয়। চিকিৎসক, সরঞ্জাম ও সেবার মান সন্তোষজনক নয়। দেশের বিভিন্ন অপূর্ণাঙ্গ ক্লিনিকে শিশু ও নবজাতকের মৃত্যু ঘটছে সময়মতো চিকিৎসা না পাওয়া, অস্ত্রোপচারকক্ষে পরিচ্ছন্নতার অভাবজনিত সংক্রমণের জন্য।
আশার কথা, কৃষিতে নারীর অংশগ্রহণ যত বাড়ছে, পরিবার ও শিশুদের পুষ্টি পরিস্থিতির তত উন্নতি হচ্ছে। প্রথমআলোর প্রতিবেদন দেখাচ্ছে, নারীরা তাঁদের আয়ের ৭০ থেকে ৯০ শতাংশই ব্যয় করছেন পরিবারের খাদ্য ও পুষ্টিনিরাপত্তায়। মায়েরা আগের চেয়ে শিশুদের সুষম ও পুষ্টিকর খাদ্য বেশি দিতে পারছেন।
ইউনিসেফের প্রতিবেদন দেখাচ্ছে, দারিদ্র্য আর শিশুমৃত্যু পাশাপাশি বিরাজ করে। এর অর্থ, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবার সুবিধা এখনো কম। দ্বিতীয়ত, দারিদ্র্য বিমোচন ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য যে আসবে না, সেই বিবেচনাকে সবার আগে স্থান দিতে হবে। সেই অনুসারে নীতি ও কর্মসূচি নিতে হবে। এ দায়ভার কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা পর্যায়ে সিভিল সার্জন দপ্তরের।