আরব আমিরাতে ভিসা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক নেওয়া বন্ধ করার পর এবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের সব ধরনের ভিসা বন্ধের সিদ্ধান্ত খুবই উদ্বেগের বিষয়। সরকারিভাবে জানানো না হলেও ওই দেশে নিযুক্ত বাংলাদেশ মিশন-প্রধান তা নিশ্চিত করেছেন। এই অবস্থায় বিষয়টি অস্বীকার করা কিংবা হাত-পা গুটিয়ে থাকার সুযোগ নেই।গত ২৭ আগস্ট গালফ নিউজ মেজর জেনারেল নাসির আল মেনহালির বরাত দিয়ে নিশ্চিত করে, বাংলাদেশের জন্য ভিসা নিষেধাজ্ঞার কোনো সিদ্ধান্ত নেই। আবুধাবির বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে ভিসা না পাওয়ার অভিযোগ পাচ্ছিল। তবে ওই জেনারেলের কথায় স্পষ্ট ও যৌক্তিক ইঙ্গিত রয়েছে যে, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক না পেলে তাঁরা অন্য রাষ্ট্রের দিকে মনোযোগী হবেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানও সেই ইঙ্গিত করেছেন। তাঁর কথায়, ‘বাজার স্বাভাবিক করার জন্য আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি।’ সেটা তাঁরা অবশ্যই চালাবেন। কিন্তু সব ধরনের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত কূটনীতির মৌলিক রীতিনীতিবিরুদ্ধ। ইউএইর পক্ষ থেকে বলা হচ্ছে, এটা কোনো নিষেধাজ্ঞা নয়, সাময়িক একটি ব্যবস্থা। কিন্তু এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে যে সার্বভৌমত্বের মর্যাদার প্রশ্ন জড়িত, আশা করি সে বিষয়ে বন্ধুপ্রতিম ইউএই সরকার সজাগ আছে।এ ক্ষেত্রে পরিষ্কার হওয়া দরকার, আরব আমিরাত যদি সত্যিকারভাবে সব ধরনের ভিসা বন্ধ করে দেয়, সেটা তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানোর কথা নয়। বিষয়টি অঘোষিত কিংবা অনানুষ্ঠানিক থাকাটাই সংগত। আরব আমিরাতের মিডিয়ার ধারণা, সে দেশের প্রশাসন যেকোনো কারণেই হোক, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে ক্ষুব্ধ হয়েছে এবং ভিসা জালিয়াতির অভিযোগও পাওয়া গেছে। বাংলাদেশ মিশন ও ঢাকার বিভিন্ন সংস্থার উচিত হবে, তাদের ন্যায্য উদ্বেগ ও অস্বস্তির কারণগুলো চিহ্নিত করে তা দূর করতে সচেষ্ট হওয়া। ক্রমেই সংকুচিত হওয়া আন্তর্জাতিক শ্রমের বাজারে আরব আমিরাতের সম্ভাবনা ও গুরুত্ব বাংলাদেশি নীতিনির্ধারকদের না বোঝার কারণ থাকার কথা নয়। দেশটি যদি অদক্ষ শ্রমিকের পরিবর্তে প্রতিযোগিতামূলকভাবে দক্ষ শ্রমিক আমদানির সিদ্ধান্ত নেয়, তা হলে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতেই হবে। কিন্তু গড়ে মাসে শ্রমিক গমন ৩০ হাজার থেকে দুই হাজারে নেমে আসা খুবই অস্বাভাবিক।গালফ নিউজ-এর খবর অনুযায়ী, পাসপোর্ট ও ভিসা নিয়ে ‘জাল-জালিয়াতির’ কারণে এই ‘বিপর্যয়’ ঘটলে জরুরি ভিত্তিতে সরকারকেই তা নিরসন করতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার মহাসচিব অভিযোগ করেছেন, তাঁদের পক্ষে তাগিদ সত্ত্বেও সরকার আরব আমিরাতের উদ্বেগগুলো নিরসনে আন্তরিক হয়নি। সার্বিক বিবেচনায় আমরা মনে করি, বাংলাদেশ মিশন ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা যেন বিষয়টি হালকাভাবে না নেন।