আরবের দুঃস্বপ্ন, ওবামার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার সংক্ষিপ্ত মধ্যপ্রাচ্য সফর আরবজগৎকে ক্ষমতার রাজনীতির এক নির্মম শিক্ষাই দিল। ইসরায়েলে উচ্চারিত প্রতিটি শব্দ প্রতিটি নড়াচড়া দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট অতীতের যেকোনো সময়ের থেকে বেশি ঘনিষ্ঠ। একই সঙ্গে তিনি দেখিয়ে দিয়েছেন আরবের স্বার্থের বিষয়ে তিনি কতটাই বিমুখ। ফিলিস্তিন প্রশ্নকে গুরুত্ব দেওয়ায় তাঁর অনীহায় এটাই প্রমাণিত হয়।হয়তো আর কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের পক্ষে এতটা বিশ্বস্ততার সঙ্গে আর আরবদের বিষয়ে এতটা উদাসীনতা দেখাননি। ইসরায়েল এবং এর আরব প্রতিবেশী দেশে সফর ওবামার প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই সফর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তিনি মার্কিন সরকার ও সমাজে গভীর প্রভাব বিস্তারকারী ইসরায়েলি লবির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে আগ্রহী নন। এর মাধ্যমে আরবদেরও জানিয়ে দেওয়া হলো ফিলিস্তিন সমস্যার সমাধান তাঁর অগ্রাধিকারের তালিকায় নেই। দৃশ্যত তিনি যেই হোন পরের মার্কিন প্রেসিডেন্টের জন্য এই সমস্যা ঝুলিয়ে রেখেই তিনি হোয়াইট হাউস ছাড়তে চান। অনেক আরবই ভেবেছিলেন যে ওবামা তাঁর প্রথম আরব সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার একটা সমাধানের পথ খুঁজবেন। এমনকি একেবারে শেষ মুহূর্তে হলেও। কিন্তু তাঁদের হতাশা তিক্ততায় পরিণত হয়েছে। তাঁরা বুঝতেই পারেননি, কীভাবে আরব অঞ্চলে এবং ওয়াশিংটনে আবির্ভূত হওয়া ক্ষমতাচক্র ইসরায়েলের ভূমিগ্রাসী নেতৃত্বের হাতকেই শক্তিশালী ও কঠোর করে তুলবে। গত দুই বছরে আরবদের মনোযোগ দখল করে ছিল তাদের নিজেদের সমাজের অস্থিতিশীল অবস্থা। তিউনিসিয়া, মিসর ও ইয়েমেনের বিপ্লব থেকে শুরু করে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়েই তারা ব্যস্ত ছিল। এর বাইরে আর কোনো কিছু নিয়ে ভাববার সময় তাদের ছিল না। কিন্তু এই আরবরা বুঝতে ব্যর্থ হয়েছে, তাদের এই বিপ্লবগুলো—যে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতিই দিক না কেন—আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থানকে কম জোরিই করেছে। তাই অবাক হওয়ার কিছু নেই, মধ্যপ্রাচ্যে সফরের সময় ওবামা আরবদের আশ্বস্ত করার কোনো প্রয়োজনই বোধ করেননি, ফিলিস্তিনের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা অর্জনে সাহায্য করা তো দূরের কথা। বিপরীতে বরং ওবামা যেটা করলেন তা হলো, আরব অঞ্চলের শক্তি হিসেবে ইসরায়েলের বহু রকম সাফল্যকে অভিষিক্ত করা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অতীব ঘনিষ্ঠ সম্পর্কের সুখও উদ্যাপন করলেন। কোনো সন্দেহ নেই যে আজকের আরবদের করুণ পরিস্থিতির মুখে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করায় তাঁর কোনো অস্বস্তিই হয়নি। এই সফরে ওবামার তরফে ইসরায়েলের প্রতি উপহার হলো, তুরস্ক-ইসরায়েল শান্তিচুক্তি। এখানে মনে করিয়ে দেওয়া দরকার যে তাদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল ২০১১ সালে যখন মাভি মারমারা নামের একটি তুর্কি জাহাজ গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে সেখানে ত্রাণ-সাহায্য পাঠাতে যায়। এই জাহাজে হাজির শত শত বিভিন্ন দেশীয় মানবাধিকারকর্মীদের ওপর ইসরায়েল হামলা চালায় এবং নয়জন তুর্কি নাগরিক নিহত হন। ইসরায়েলে এই সফরের সময় ওবামা ইসরায়েলের কাছে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি একটি প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এবং ক্ষতিপূরণের আহ্বান জানান। এভাবেই শেষ হয় দুই বন্ধুর ঝগড়া। হঠাৎ করে ইসরায়েল ও তুরস্কের এই প্রীতির ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছে আরবরা। তারা ভেবেছিল তুরস্কের সহায়তায় তারা ইসরায়েলের বিরুদ্ধে খাড়া হতে পারবে। তার বদলে ওবামা ইসরায়েল, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঁতাত গঠন করে আরবদের ইচ্ছামতো চালানোর বন্দোবস্ত করলেন। আরবরা বহুদিন হলো এত দুর্বল ও নাজুক অবস্থায় পড়েনি। যেমন, ১. মিসর প্রায় দেউলিয়া হওয়ার মুখে, যার কারণে ওই অঞ্চলে মিসরের প্রভাব দারুণভাবে বিপন্ন। একসময়কার সবচেয়ে শক্তিশালী আরব রাষ্ট্র এখন বহু বছরের স্বৈরশাসন এবং জনসংখ্যা বিস্ফোরণে পীড়িত। ১৯৫২ সালে নাসেরের মুক্ত অফিসাররা মিসরের ক্ষমতা দখল করার সময় জনসংখ্যা ছিল এক কোটি ৮০ লাখ। এখন তারা সাড়ে আট কোটি। মিসরের এখন মরিয়াভাবে আন্তর্জাতিক ঋণ প্রয়োজন। এর জন্য তাদের আমেরিকার সমর্থন দরকার হবেই। এ অবস্থায় গাজার হামাসের প্রতি সহানুভূতি জানানোর সুযোগ তাদের থাকছে না। ২. ইরাক এখনো ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। ইরাকে আগ্রাসন এবং নয় বছরের দখলদারির পেছনে ছিল ইসরায়েলপন্থী নব্য রক্ষণশীল ব্যক্তিরা। এখন শিয়া নেতৃত্ব দিয়ে এবং ইরানের সঙ্গে মিলে তাদের পক্ষে একসময়কার মর্যাদাবান প্রভাব ফিরিয়ে আনা কঠিন। কার্যত ইরাক তার কুর্দি অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং শিয়া-সুন্নি বিভাজনে বিভক্ত অবস্থায় আছে। ৩. সিরিয়া নৃশংস গৃহযুদ্ধ পার করছে। এর ধর্মনিরপেক্ষ বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে দেশটি শাসন করে আসছে। আসাদ সরকারের পতন হলে সিরিয়া চলে যাবে ইসলামপন্থীদের হাতে। তারাই তখন চালাবে সিরিয়ার শাসন। কেবল তাই নয়, সিরিয়াকে তখন ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে। যারা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কোন্দল করবে। এই প্রক্রিয়ায় দেশটির জনগণের মনোবল যেভাবে বিধ্বস্ত হবে এবং যে পরিমাণ সহায়-সম্পদ ধ্বংস হবে, তাতে আরব জগতে সিরিয়ার মর্যাদাবান প্রভাবের কিছুই আর থাকবে না। ৪. ইসরায়েলি চাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম অবরোধ চাপিয়ে রেখেছে। এতে করে ইরান-সিরিয়া-হিজবুল্লাহর যে মিত্রশক্তি ইসরায়েলের ক্ষমতাকে সামলে রেখেছিল, তা আরও দুর্বল হয়ে যাবে। বর্তমানে এই মৈত্রী ভেঙে পড়ার মুখে। ইরান আগ্রাসী অবরোধের বিরুদ্ধে লড়ছে, সিরিয়া ভাঙনের মুখে, আর অস্থির হিজবুল্লাহ তার দুই বিদেশি বন্ধু হারানো নিয়ে বিচলিত। জেরুজালেমে ২১ মার্চে ওবামা ইসরায়েলের দাবি মোতাবেক বিদেশি সরকারগুলোর কাছে হিজবুল্লাহকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়েছেন। ইরানের ভয়ে অন্ধ এবং তেল ও গ্যাস সম্পদে মত্ত কিছু উপসাগরীয় আরব রাষ্ট্র ইরান-সিরিয়া-হিজবুল্লাহ জোট ধ্বংসের স্বপ্ন দেখছে। তারাও যোগ দিয়েছে ইসরায়েলি শিবিরে। হয়তো একসময় তারা এর জন্য অনুতাপ করবে। তাহলে সার্বিক পরিস্থিতিটি কী দাঁড়াল? কী কারণে ফিলিস্তিনিদের একটি ক্ষুদ্র রাষ্ট্র মেনে নেওয়ার ব্যাপারে ইসরায়েল এত কঠিন বিরোধিতা করে আসছে? কোন শক্তিতে তারা নিষ্ঠুর ভূমি দখল চালিয়ে যেতে পারছে? অংশত এর কারণ মিসরের দুর্বল হয়ে যাওয়া, ইরাকি সমাজের গভীর বিভক্তি ও দশকব্যাপী চলা সহিংসতা, মিসরের গৃহযুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সংগ্রাম ক্রমশ কঠিন হয়ে ওঠা। সব বিচারেই আরব জনমত ইসরায়েলের প্রতি ওবামার বেপরোয়া প্রেমে মর্মাহত। এমন নয় যে আরবরা বেশি কিছু আশা করেছিল। তাদের নিরীহ আকাঙ্ক্ষায় তারা ভেবেছিল যে হয়তো নিরপেক্ষতা দেখানোর খাতিরেও ওবামা সংযত হবেন এবং ইসরায়েলি বসতি স্থাপনকে স্থগিত করতে বলবেন। তারা উপলব্ধি করেনি—বা হয়তো তারা ভুলে গিয়েছিল যে ওয়াশিংটনে আরবের কণ্ঠস্বর কতটাই মৃদু। তারা এ-ও চিন্তা করেনি যে তাদের দীর্ঘমেয়াদি বিপ্লব কীভাবে তাদের শক্তিকে নিঃশেষ করছে এবং আন্তর্জাতিক স্তরে তাদের প্রভাব কমিয়ে দিয়েছে। এখান থেকে তাদের এখন প্রয়োজন শক্ত এক জাতীয়তাবাদী জাগরণ। এজেন্স গ্লোবাল থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতপ্যাট্রিক সিল: মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ বিশেষজ্ঞ। তাঁর নতুন বই, দ্য স্ট্রাগল ফর আরব ইনডিপেনডেন্স।