আরাকানে নতুন সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু আমরা গভীরভাবে বিচলিত এই কারণে যে মিয়ানমার সরকারের জনৈক মুখপাত্র হামলাকারীদের পরিচয় নির্দিষ্ট করতে গিয়ে ‘বাঙালি’ শব্দ ব্যবহার করেছেন। এই মনোভাব দুর্ভাগ্যজনক এবং সৎ প্রতিবেশীসুলভ চিন্তাচেতনার পরিপন্থী। আমরা আশা করি, পুলিশ ফাঁড়িতে হামলার যে ভাষ্য প্রচারিত হয়েছে, তার বিস্তারিত বিবরণ স্বাধীন গণমাধ্যম সূত্রে শিগগিরই বিস্তারিত প্রকাশ পাবে।

আমরা আমাদের সীমান্তের কাছে একটি সম্ভাব্য সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানে উদ্বিগ্ন। আবার একই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের অন্যায্য নীতি অযথা আরও প্রলম্বিত হওয়ায় বিচলিত। উল্লিখিত দুটি অবস্থার যেকোনোটির কিংবা উভয়ের কারণে বাংলাদেশের স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। বর্তমানে বাংলাদেশ নিশ্চিতভাবেই উভয়সংকটে আছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে যেটা বুঝতে হবে সেটা হলো, এই অঞ্চলে জঙ্গিবাদের বিস্তার ঘটলে পরিস্থিতি কারও পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।  

আমরা এই রূঢ় বাস্তবতা উপেক্ষা করতে পারি না যে এর আগে পুলিশ ফাঁড়ির ওপর যে হামলার সূত্রে মিয়ানমার বাহিনী ব্যাপকভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করেছে, তারা যে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা চালিয়েছে, সেই হামলার বিষয়ে কোনো নিরপেক্ষ ব্যাখ্যা আমরা পাইনি। সেই অস্পষ্টতার মধ্যে এখন দ্বিতীয় সন্ত্রাসী ঘটনা ঘটল।

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও বিদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়ে কোনো অগ্রগতি নেই। যখন কফি আনান কমিশন নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে নতুন রিপোর্ট পেশ করেছে, যখন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে সরকারি বাহিনীর প্রশ্রয়ে শত শত রোহিঙ্গা মুসলমানকে অবরুদ্ধ রাখার খবর এসেছে, ঠিক সেই প্রেক্ষাপটে নতুন করে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

আমরা এ হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি। একই সঙ্গে আশা করি রোহিঙ্গাদের বাঙালি বলে তাদের নাগরিক অধিকার হরণের যে নীতি নিয়েছে িময়ানমার সরকার, তা থেকে তারা সরে আসবে এবং নাগরিক মর্যাদা ফিরিয়ে দেবে।