ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন শিশুকে প্রথমে ছাড়পত্র দিয়ে বিদায় ও তারপর অন্য কোনো বিদ্যালয়ে ভর্তি হতে না দিয়ে তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর পেছনে কলকাঠি নাড়ছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ। শিশুকে শিক্ষাবঞ্চিত রাখাই কি একজন জনপ্রতিনিধির কাজ? যেখানে সরকার সব শিশুকে প্রাথমিক শিক্ষায় নিয়ে আসতে চাইছে, সেখানে সাংসদ চাইছেন শিশুর শিক্ষার সব সুযোগ বন্ধ করতে। সাংসদ শিশুকে শারীরিকভাবে না মারলেও শিক্ষায় মারছেন। অন্যভাবে শিশু নির্যাতন করছেন।
শিশুর মা-বাবা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা সাংসদকে না জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করে অন্য বিদ্যালয়ে বদলি হওয়ায় নাকি এই বিপদ! কিন্তু এ জন্য কেন একজন শিক্ষকের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হবে আর কেনই-বা এ কারণে তাঁর চতুর্থ শ্রেণির শিশুসন্তানের পড়ালেখার সব পথ বন্ধ করে দেওয়া, তা বোঝা কঠিন। তবে কি সাংসদ তাঁর এলাকায় জমিদারি প্রথা কায়েম করলেন? তাঁর হুকুম ছাড়া গাছের পাতাও নড়বে না? সাংসদের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা জরুরি। না হলে গৌরীপুরে নৈরাজ্য ও অরাজকতা স্থায়ী আসন গেড়ে বসবে।
সাংসদের কারণে চতুর্থ শ্রেণির শিশুর পড়াশোনা বন্ধ!ছেলের ভর্তির সুযোগ লাভের জন্য সাংসদের সমর্থকদের বায়না মেটাতে শিশুর বাবাকে নাকি দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কিনে দিতে হয়েছে। তারপরও ছেলেকে ভর্তি করানো যায়নি। সমাজের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে! সরকার বিনা পয়সায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে আর সাংসদের লোকজন ভর্তির সুযোগের জন্য চাঁদাবাজি করছেন। শিক্ষায় সর্বনাশের আর বাকি থাকল কী?
শিশুর বাবা গত শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যেসব গুরুতর অভিযোগ তুলেছেন, অবিলম্বে তার তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। সবচেয়ে আগে শিশুর ভর্তির সুযোগ দেওয়া হোক। তার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে। একজন সাংসদের জেদের কারণে যেন কোনো শিশুর পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সেটা মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। মন্ত্রী শিশুটিকে স্কুলে ভর্তি করানোর জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে রোববার নির্দেশ দিয়েছেন। এখন সে নির্দেশ বাস্তবায়ন এবং শিশুটির অভিভাবকদের দুর্ভোগেরও অবসান ঘটাতে হবে।