আরেক ফাল্গুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের অন্যতম একটি নাম জহির রায়হান। তিনি শহীদ হয়েছিলেন স্বাধীন বাংলাদেশে ঢাকার মিরপুরে ১৯৭২ সালের জানুয়ারি মাসে। লোকমুখে জেনেছিলেন, সেখানে তাঁর বড় ভাই শহীদুল্লা কায়সারসহ অনেক বুদ্ধিজীবীকে আটকে রেখেছে পাকিস্তানি সেনাবাহিনী ও অবাঙালি রাজাকার-আলবদররা। সেখানে যাওয়ার পর জহির রায়হানকে আর কখনো কেউ কোথাও দেখেনি। অবরুদ্ধ মিরপুরকে মুক্ত করতে সেদিন তুমুল যুদ্ধ হয়েছিল, মিরপুর মুক্তও হয়েছিল। কিন্তু প্রাণ বিসর্জনও দিতে হয়েছিল অনেককে। জহির রায়হানের অনুপস্থিতি নানা রকমের কল্পনার জন্ম দিয়েছিল। কেউ বলেছিলেন, তাঁকে পাকিস্তানে নিয়ে গেছে সেনাবাহিনী। কেউ-বা ভেবেছিলেন, তিনি বেঁচে আছেন অন্য কোথাও। হয়তো ফিরে আসবেন যেকোনো দিন। এ নিয়ে দীর্ঘদিন অনুসন্ধানী গবেষণা করে ছুটে বেড়িয়েছেন সাংবাদিক জুলফিকার মানিক। বুকের ভেতর শোকের পাথর একমুহূর্ত স্বস্তি দেয়নি জহির রায়হানের সন্তান অনল রায়হানকে। অবশেষে সত্যিটা আবিষ্কৃত হয়েছে। আমরা জেনে গেছি, মিরপুর মুক্ত করার ওই রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ হয়েছেন জহির রায়হান। মুক্তিযুদ্ধের নয় মাস জহির রায়হান রণাঙ্গনে ছুটে বেড়িয়েছিলেন বন্দুকের চেয়েও আরও শক্তিশালী একটি অস্ত্র নিয়ে। তাঁর কাঁধে ছিল সেলুলয়েড ক্যামেরা। সীমান্তের ওপারের শরণার্থী শিবিরে কোটি বাঙালির সর্বস্ব হারানোর হাহাকার, পাকিস্তানি হানাদারদের পাশবিকতায় ধর্ষিত কিশোরীর বিহ্বল মুখ কিংবা উদোম গায়ে কান্নারত শিশুর অস্থির আর্তনাদ তিনি চিত্রায়ণ করেছিলেন। পুড়ে যাওয়া বসতভিটা, মৃতদেহের ওপর কুকুর ও শকুনের হামলে পড়া, চলতি পথে বয়সের ভারে বসে পড়া নিরুপায় বৃদ্ধাকে তাঁরই সন্তান কিংবা স্বজন কাঁধে তুলে নিয়ে ছুটে চলেছে সত্রাসে, হু হু করা কান্নার এসব দৃশ্য সম্পাদনা করে তিনি নির্মাণ করেছিলেন তাঁর অসাধারণ তথ্যচিত্র স্টপ জেনোসাইড। কুশলী নির্মাতা হিসেবে তাঁর খ্যাতি ছিল যুদ্ধের আগে থেকেই। তাঁরই হাতে নির্মিত হয়েছিল জীবন থেকে নেয়ার মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উনসত্তরের গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক জাগরণে এই চলচ্চিত্র বারুদে আগুন দেওয়ার ভূমিকা পালন করেছিল। জহির রায়হান ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, চলচ্চিত্রকার এবং রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মী। বাম পন্থার মতানুসারী মুক্ত হাতে তিনি বেশ কটি উপন্যাস রচনা করেছিলেন। এর একটির নাম আরেক ফাল্গুন। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের এই উপন্যাসে তিনি ভবিষ্যৎদ্রষ্টার মতো করে সত্য ভাষণ উচ্চারণ করেছিলেন। ট্রাকে ট্রাকে করে গ্রেপ্তার করা ছাত্র-রাজনৈতিক-কর্মীদের যখন জেলখানায় ঢোকানো হচ্ছিল, উপচে পড়ছিল বন্দীদের ভিড় ও কোলাহল, তখন বিরক্তিতে চোখ-মুখ কুঁচকে মাটিতে থুতু ফেলে জেলার বিড়বিড় করে বলেছিলেন, আর কত আসবে? সেই কথা শুনে উপন্যাসের নায়ক চিৎকার করে বলেছিলেন, ‘জেলার সাহেব, জেলখানা বড় করুন। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব।’১৯৭১-এ সেই কথা বাঙ্ময় হয়েছিল সশস্ত্র যুদ্ধে তরুণদের অকাতর বলিদানে। দেশের কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী নারী আর তাঁদের অগ্রপথিক হিসেবে টগবগে তারুণ্য ও যৌবনের শক্তি সম্মিলিত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশকে। কিন্তু তার পরের ৪২ বছরে সারা দেশটাই একটা কারাগারে রূপান্তরিত হয়ে পড়ছিল। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে বারবার। যাঁরা এই সময়গুলোতে রাষ্ট্রক্ষমতায় বসেছেন, প্রত্যেকেই মদদ দিয়েছেন যুদ্ধাপরাধীদের, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। শোষণ মুক্তির পথে বাংলাদেশ হাঁটেনি। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে টুঁ-শব্দ উচ্চারিত হয়নি। ক্ষমতার রাজনীতি ও তার লক্ষ্যে প্রাসাদ ষড়যন্ত্র চলেছে বাধাহীন। মুক্তিযুদ্ধ শব্দটাকে তাঁরা ব্যবহার করেছেন হাতিয়ার হিসেবে। কেউ কেউ রাজনৈতিক ইস্যুর কথা বলে সরাসরি যুদ্ধাপরাধী এবং তাঁদের রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে রাজপথে হেঁটেছেন, সংসদে বসেছেন। সংবিধানে রাষ্ট্রধর্ম সংযোজিত হয়েছে। সামরিক স্বৈরতন্ত্র এসে বারবার গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গলায় পা দিয়ে দাঁড়িয়েছে। এর কোনোটিই মুক্তিযুদ্ধের চেতনা নয়। আর তখনই সব সীমাবদ্ধতা ভেঙে সব রকমের সিদ্ধান্তহীনতা, দ্বিধা আর আপসের গালে প্রবল চপেটাঘাত করে সময়ের তারুণ্য জ্বলে উঠল রাজধানীর শাহবাগে অন্ধকার সন্ধ্যায় আলোর মশাল জ্বেলে। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে মুক্তিযুদ্ধের চেতনা। এই গণজাগরণ তারই উদ্দাম ও ব্যাকুল প্রকাশমাত্র। এর আড়ালে আছে মানুষের জমে থাকা বঞ্চনার ক্ষোভ আর নিঃশর্ত দেশপ্রেম। কত মানুষই না এসেছেন সেখানে! প্রথম দিনের সন্ধ্যার মানববন্ধনে এসেছিলেন চলচ্চিত্রকর্মী বাবুল শরীফ। গোলাম রব্বানী বিপ্লবের স্বপ্নডানায় চলচ্চিত্রের প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। সজল চোখে হাত আঁকড়ে ধরলেন। বললেন, ‘আমার বড় দুই ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁদের সার্টিফিকেটগুলো আমার কাছে। আমি আজ যখন ঘরে ফিরব, ওই সার্টিফিকেটগুলো আমার দিকে তাকিয়ে থাকবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি একটু আমাকে বলে দিত, আমি ওদের কী বলব!’ ভিড়ের ভেতর হারিয়ে যান বাবুল শরীফ। দ্বিতীয় দিনের শাহবাগ চত্বরে কয়েক হাজার মানুষ। সমাবেশে গান গাওয়ার ডাক এল। গান শেষ করে ভিড় ঠেলে হাঁটছি। একজন দীর্ঘকায় মানুষ জড়িয়ে ধরে বললেন, ‘ভাই, আমি পুলিশ বাহিনীর সদস্য। ইউনিফর্ম পরে আসতে পারি না এখানে। ছুটি নিয়ে বিকাল থেকে এখানেই আছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা।’ শুনে আমার চোখ ভিজে ওঠে। সকাল-সন্ধ্যা দীর্ঘরাত অবধি সমাবেশে থাকেন সজীব। সজীব একজন ব্লগারও। বন্ধুকে বাসে উঠিয়ে দিয়ে কল্যাণপুর থেকে বাসে চড়েই ফিরছিলেন। বয়স্ক একজন যাত্রীকে আসন ছেড়ে দিলেন। প্রবীণ মানুষটিও সস্ত্রীক শাহবাগেই আসবেন, সমাবেশে। কন্ডাক্টর আসতেই বিপত্তি। প্রবীণ মানুষটি সজীবের বাস ভাড়া দিয়ে দেবেন। সজীবের হাতের কবজিতে বাঁধা জাতীয় পতাকা দেখে কন্ডাক্টর বললেন, ‘শাহবাগ যাইবেন তো? হাফ ভাড়া দেন।’ এসব শুনে চোখ জলে ভরে ওঠে। শুক্রবার, ৮ ফেব্রুয়ারি ছিল মহাসমাবেশের দিন। ক্লান্ত শরীর নিয়ে ছবির হাটে গিয়ে বসেছি সন্ধ্যায়। হঠাৎ দেখি মুসা। বউবাজারের মাছ-বিক্রেতা। মাথায় জাতীয় পতাকা বাঁধা। আমি বলি, তোমার দোকানদারির কী অবস্থা? মুসা দাঁত বের করে হাসে, বন্ধ। বলেই লাফ দিয়ে মানুষের ভিড়ে হারিয়ে যায়। সমাবেশে অবিরাম যে তারুণ্য স্লোগানে নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম তরুণীটির নাম লাকী। লাকীকে কেউ লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে। পত্রিকায় এসেছে, আক্রমণকারীরা ছাত্রলীগের সদস্য (প্রথম আলো, ১১ ফেব্রুয়ারি)। তাঁদের উদ্দেশে বলছি, ভয় পাচ্ছেন গণজাগরণ দেখে? এই ফাল্গুনের সমাবেশ, আসছে ফাল্গুনে দ্বিগুণ শুধু নয়, হাজার গুণ বড় হবে। এটা কেবল স্ফুলিঙ্গ মাত্র। দাবানল জ্বলে উঠবেই। স্বদেশ, তুমি সাক্ষী থাকো। মাহমুদুজ্জামান বাবু: গায়ক ও সংস্কৃতিকর্মী। [email protected]