আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল এস পি এম ত্রিপাঠির জন্ম ত্রিশের দশকের গোড়ার দিকে উত্তর প্রদেশে। ভারতীয় সেনাবাহিনীর ট্যাংকবহরের সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে অবসর গ্রহণ শেষে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। বর্তমানে লোকসভায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের দেওরিয়া আসন থেকে নির্বাচিত সাংসদ। দায়িত্ব পালন করেছেন লোকসভার যৌথ কমিটির চেয়ারম্যান হিসেবে। ১৫ ডিসেম্বর মিত্র বাহিনীর ১৭ সদস্যের এক প্রতিনিধিদলের নেতা হিসেবে তিনি ঢাকা সফর করেন। ওই সফরের সময় সাবেক এই সেনা কর্মকর্তা ১৮ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের ভিআইপি কমপ্লেক্সে প্রথম আলোর সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থনের পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক ও বাংলাদেশের আগামী দিনের বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজপ্রথম আলো  বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর প্রায় চার দশক পেরিয়ে গেছে। এই যুদ্ধে আপনার একটা ভূমিকা ছিল। দীর্ঘ এই বিরতির পর এ দেশে এসে কেমন লাগছে?এস পি এম ত্রিপাঠি  সত্যি বলতে, আমার মধ্যে মিশ্র একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। একদিকে যেমন খুব অভিভূত হয়েছি এখানকার মানুষের আতিথেয়তায়। তেমনি আক্ষেপ হয়েছে কেন এত দেরিতে এলাম!আসলে সেনাবাহিনী থেকে অবসরের পর জড়িয়ে গেলাম রাজনীতিতে। অবসরের পর ছুটি বলতে যা বোঝায়, তা আর পেলাম না। সে কারণেই এত দিন বাংলাদেশে আসা হয়ে ওঠেনি। এবার এসে বুঝলাম, এত দিন না এসে কতটা বঞ্চিত হলাম! দেখুন, বাংলাদেশে আসার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল। কারণ, সৌভাগ্যক্রমে বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পেরে গর্ব বোধ করি। খুব সংগত কারণেই বাংলাদেশের সঙ্গে একটা আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু চাকরি ছাড়ার পরপরই জড়িয়ে পড়ি সক্রিয় রাজনীতিতে। ফলে অবসরের পর শুরু হলো জীবনের নতুন অধ্যায়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশে আসা হয়ে ওঠেনি। এবারের সফরের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ছাড়াও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়েছে। আলোচনা হয়েছে। আমরা ঢাকার বাইরে কুমিল্লা সেনানিবাসে স্মৃতিস্তম্ভ, লাকসামে স্মৃতিচারণা অনুষ্ঠান ও বধ্যভূমি পরিদর্শন করেছি। এ সফরের সময় যে আতিথেয়তা ও ভালোবাসা পেয়েছি, তা আমাকে মুগ্ধ করেছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে এখানকার মানুষের হূদয় এখনো এতটা সজীব আছে দেখে আমি অভিভূত।প্রথম আলো  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কীভাবে জড়িয়ে পড়লেন?ত্রিপাঠি  বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত লড়াইয়ের ফসল স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়। একটু পেছনে তাকালেই দেখব, ঊনসত্তর সাল থেকেই আমরা আভাস পেতে শুরু করলাম স্বাধীনতাসংগ্রামে নামছে বাংলাদেশ। আর একাত্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা এবং ২৫ মার্চে পাকিস্তানি সেনাদের অভিযানের পর সেটা আরও স্পষ্ট হয়ে উঠল। পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞ যেন বিশ্ববাসীকে জানিয়ে দিল স্বাধীনতার বার্তা। জানিয়ে দিল নতুন দেশ গড়ার লড়াইয়ে নামছে বাংলাদেশের মানুষ।প্রথম আলো  ভারত কখন মুক্তিযুদ্ধে সহায়তার সিদ্ধান্ত নিল?ত্রিপাঠি  বলতে গেলে মুক্তিযুদ্ধের শুরুতেই বাংলাদেশকে সব ধরনের সমর্থনের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দিকে আমরা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও মানবিক সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করেছি। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা শুরুতে যেভাবে পাকিস্তানিদের প্রতিহত করেছে, সেটি ছিল এক অভিভূত ঘটনা।কিন্তু সম্মুখসমরে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ শুরু হয় ৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারতীয় ভূখণ্ডে আক্রমণের পর, যার স্থায়িত্ব ছিল মাত্র ১৫ দিন। এই ১৫ দিনেই পাকিস্তানি বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এ কথা বলার অপেক্ষা রাখে না যে মাত্র দুই সপ্তাহের মাথায় যুদ্ধে বিজয় লাভ করে একটি স্বাধীন দেশের অভ্যুদয় মানবসভ্যতার ইতিহাসে এক উল্লেখযোগ্য অর্জন।প্রথম আলো  আপনি তখন কোথায় দায়িত্ব পালন করেছেন?ত্রিপাঠি  একাত্তরের ডিসেম্বরে আমি ভারতীয় সেনাবাহিনীর ১৪তম জিওসি ডিভিশনের ট্যাংক বিভাগে সিনিয়র মেজর হিসেবে কাজ করছি। বাংলাদেশে এসে আমি হিলি, ফুলবাড়ী, ক্ষেতলাল—এসব এলাকায় দায়িত্ব পালন করি। লড়াইয়ের ময়দানে নেমে দেখতে পেলাম, মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাদের যেভাবে পর্যুদস্ত করে রেখেছে, তাতে ভারতীয় সশস্ত্র বাহিনীকে তেমন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে না। তবে জায়গাটা চেনা ছিল না বলে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছিল।প্রথম আলো  যুদ্ধের এমন কোনো স্মৃতি কি আছে, যা এখনো আপনাকে নাড়া দেয়?ত্রিপাঠি  আগেই বলেছি, আমি এসেছিলাম ১৫ দিনের জন্য। কাজেই রণাঙ্গনে ব্যস্ত থাকা ছাড়া কারও সঙ্গে যোগাযোগ ও পরিচয়ের সুযোগ ছিল না। তবে ট্যাংক বাহিনীর সদস্য হিসেবে ভিন্ন পরিবেশে কাজ করতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। আর ওই প্রতিকূল পরিবেশের কারণেই রীতিমতো মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলাম। তারিখটা ঠিক মনে পড়ছে না। সম্ভবত ১০ ডিসেম্বরের পরের কোনো এক সন্ধ্যায় ধানখেতে আটকে গেল আমার ট্যাংক। রাত পেরোল। এর পরদিনও অনেক চেষ্টা করে এক ইঞ্চি সরানো গেল না ট্যাংকটা। শুনতে পেলাম, খবরটা জানতে পেরেছে পাকিস্তানি বাহিনী। তারা এগিয়ে আসছে। এ সময় আমাদের সঙ্গে থাকা মারাঠা ডিভিশনের তিন জওয়ান তাঁদের রাইফেল তুলে দিলেন আমার হাতে। বলা বাহুল্য, ওই তিন জওয়ানই ছিলেন মুসলমান। আমি হতবিহ্বল হয়ে গেলাম। নিজেদের হাত খালি করে আমার প্রাণ বাঁচাতে অস্ত্র তুলে দিলেন আমার হাতে। অথচ ধর্মের দোহাই দিয়ে ভারত ভাগ করা হয়েছিল। সাতচল্লিশে যারা ধর্মের নামে পাকিস্তান ভাগ করেছিল, তারাই একাত্তরে ধর্মের নামে ঝাঁপিয়ে পড়েছে বাঙালিদের ওপর।সে যা-ই হোক, পাকিস্তানি বাহিনী আসার আগেই অন্য জায়গা থেকে লোকজন এসে ট্যাংক ও আমাকে উদ্ধার করলেন। সে যাত্রায় আমি বেঁচে গেলাম।প্রথম আলো  দীর্ঘ বিরতির পর বাংলাদেশে এসে মুগ্ধতার কথা জানালেন। দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে কীভাবে মূল্যায়ন করেন?ত্রিপাঠি  স্বাধীনতার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিছুটা সংকটে পড়ে। যার প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়তে পারে। তবে সেটা ছিল সাময়িক। তারপর নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও গতি এসেছে।প্রথম আলো  আপনি কি বলতে চাইছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করেছে?ত্রিপাঠি  আমি বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের কথা বলছি। এতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে সংকট তৈরি হয়েছে, তা আমি বলছি না। তবে টানাপোড়েন দেখা দেওয়া অস্বাভাবিক নয়। একটু পেছনে ফেরা যাক। এবার বাংলাদেশে এসে আমার মনে হয়েছে, যুদ্ধের শেষে আরও কিছুদিন অবস্থান করতে পারলে এ দেশের অবকাঠামো উন্নয়নে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে পারতাম। সেটি আমার ব্যক্তিগত মত।সে যা-ই হোক, গত চার দশকে দুই প্রতিবেশীর সম্পর্কটা নানাভাবে এগিয়েছে। তবে এ কথা অনস্বীকার্য যে বর্তমান সরকার আসার পর বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশেষ একটি পর্যায়ে পৌঁছেছে। গত জানুয়ারি মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী ও কর্মকর্তা পর্যায়ে নিয়মিতভাবে সফর বিনিময় হচ্ছে। এর মানে শুধু এটা ভাবলে চলবে না, সম্পর্কোন্নয়নটা শুধু সরকারি পর্যায়েই সীমিত। এখানে এসে দেখলাম ভারতকে নিয়ে মানুষের আগ্রহ আর ভালোবাসা। এ আগ্রহ আর ভালোবাসা দুই দিক থেকেই দরকার। এবং তা ভারতের জনগণের মধ্যেও আছে বলেই আমার বিশ্বাস। ঐতিহাসিকভাবে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। বর্তমানে দুই দেশের সরকার ও জনগণ এ সম্পর্ককে নানাভাবে এগিয়ে নিতে আগ্রহী। যত বেশি আসা-যাওয়া হবে, সম্পর্ক তত এগোবে। কাজেই দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক যেমনটা হওয়া উচিত, সেভাবে এটি এগোচ্ছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশা করছি। আর দুই দেশের উন্নতির স্বার্থেই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।প্রথম আলো  দীর্ঘ বিরতির পর বাংলাদেশে এসে মুগ্ধতার কথা বললেন। সন্তুষ্টি প্রকাশ করছেন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে। বাংলাদেশের ভবিষ্যৎ আপনার দৃষ্টিতে কেমন? ত্রিপাঠি  গত ৩৯ বছরে বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, বিশেষ করে আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। এ ছাড়া স্বল্পোন্নত দেশের নেতৃত্বদানে বাংলাদেশের ভূমিকা বিশ্বসম্প্রদায়ের নজর কেড়েছে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশের ভূমিকা উল্লেখ করার মতো। তবে সবচেয়ে উল্লেখ করার মতো বিষয়, এ দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এ কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের আগামী দিনের সমৃদ্ধির জন্য যেমন, তেমনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এখানে একটা টেকসই ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ। ত্রিপাঠি  আপনাকেও ধন্যবাদ।