আর্থিক সক্ষমতা ও প্রাসঙ্গিক বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে ইতিমধ্যে বিস্তর লেখা হয়েছে। সম্ভবত এখন সময় হয়েছে কথা থামিয়ে কাজে নামার। যেভাবেই আমরা পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করি না কেন, সে ক্ষেত্রে আমাদের কারিগরি সক্ষমতা কতটুকু, আর্থিক সক্ষমতা কতটুকু, তা আমাদের আগে নির্ণয় করা জরুরি। এই লেখায় আমি আর্থিক সক্ষমতাসংক্রান্ত ইস্যুগুলো নিয়ে ব্যক্তিগত মতাবস্থানটি তুলে ধরব।মহাজোট সরকারের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ১৫.২ ধারায় ‘পদ্মা সেতু নির্মাণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি’ দেওয়া হয়েছিল। পাশাপাশি অগ্রাধিকারপ্রাপ্ত যে পাঁচটি বিষয়ের উল্লেখ ওই নির্বাচনী ইশতেহারে ছিল, তার এক নম্বর বিষয় ছিল, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ও বিশ্বমন্দা মোকাবিলা’ এবং দুই নম্বরে ছিল, ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা’ গ্রহণের প্রতিশ্রুতি। দুই দিক থেকেই তাই বলা যায় যে দুর্নীতিশূন্যভাবে, স্বচ্ছভাবে, পদ্মা সেতু নির্মাণে অগ্রসর হতে পারাটা সরকারের জন্য একটা রাজনৈতিক সম্মানের ইস্যু। তবে এই মুহূর্তে সরকারের অবস্থান স্পষ্ট নয়। একদিকে অর্থমন্ত্রীর বক্তব্য থেকে মনে হয় যে এ ক্ষেত্রে সরকারের পর্যায়ক্রমিক অগ্রাধিকার হচ্ছে—ক) বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা করে পদ্মা সেতু তাদের সাহায্য বা ঋণ নিয়েই নির্মাণ করা।খ) বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা না হলে অন্য দাতাদের বা ঋণদাতাদের সাহায্য বা ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা।গ) স্ব-অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা।পক্ষান্তরে, প্রধানমন্ত্রীর নানা সময়ে প্রদত্ত বক্তব্য থেকে ধারণা হয় যে তিনি বিশ্বব্যাংকের কাছে ধরনা দিতে নারাজ। তিনি বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা ও অপ্রমাণিত বলে মনে করেন এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণই অধিকতর কাঙ্ক্ষিত। কারণ, ইতিমধ্যেই একে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং তা হবে শর্তহীন। অর্থাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকারক্রমটি অর্থমন্ত্রীর অগ্রাধিকারক্রমের বিপরীত।সরকারের সর্বশেষ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা দুটি সিদ্ধান্তে উপনীত হতে পারি—ক) সরকার বিশ্বব্যাংকের বাতিল করা ঋণচুক্তি পুনর্বিবেচনার যে অনুরোধ প্রথম থেকেই করে আসছিলেন, সেটি বিশ্বব্যাংক যাতে করে, তার জন্য অনুকূল আবহাওয়া তৈরির কাজ প্রায় সমাপ্ত করে ফেলেছে (চিঠি লেখা ছাড়া!)। এখন বল বিশ্বব্যাংকের কোর্টেই।খ) সরকারকে অবশ্যই পদ্মা সেতু নির্মাণের কাজ যে করেই হোক এ বছরেই শুরু করতে হবে এবং এই সেতু প্রকল্পে যাতে কোনো দুর্নীতি না হয়, তা নিশ্চিত করতে হবে।বামপন্থীদের অবস্থানসরকারের ভেতরে ও বাইরে বামপন্থী শক্তির মত হচ্ছে, বিশ্বব্যাংকের সাহায্য বাতিল হওয়াটা হচ্ছে একধরনের শাপে বর। কারণ, বিশ্বব্যাংক প্রথমত এই চুক্তি কোনো দুর্নীতির কারণে বাতিল করেনি। তারা নিজেরাই দুর্নীতিপরায়ণ এবং এ রকম ভূরি ভূরি দুর্নীতির উদাহরণ রয়েছে, যেখানে তারা ঋণ বা সাহায্য অব্যাহত রেখেছে। দ্বিতীয়ত, বিশ্বব্যাংক ঋণের অনেক কোলেটারেল ড্যামেইজ আছে। প্রধান আনুষঙ্গিক ক্ষতি হচ্ছে, তাদের নির্দেশিত উন্নয়ন কৌশল গ্রহণ করে ‘মুক্তবাজার অর্থনীতির’ দর্শন গ্রহণ করতে হবে, যা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘কল্যাণ ধনতন্ত্র’ থেকে আলাদা। বর্তমান সরকার ইতিমধ্যে যতটুকু নয়া উদারনৈতিক নীতিমালা থেকে সরে এসেছে, তা পরিত্যাগ করতে হবে। অবশ্য শ্রেণীগত ভিত্তির কারণে বর্তমান সরকার নিজেই এসব ক্ষেত্রে দোদুল্যমান। পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বর্তমান সরকারের যে দোলাচল দেখা যাচ্ছে, সেটাও সরকারের অভ্যন্তরীণ দুর্বলতা ও বিশ্বব্যাংকের চাপের সমীকরণের একটি অভিপ্রকাশ মাত্র।কিন্তু যদি সত্যিই গণজাগরণ সৃষ্টি করা যায়, তাহলে নিজস্ব উদ্যোগে ‘পদ্মা সেতু’ বাস্তবায়ন মোটেও কঠিন হবে না এবং সামগ্রিক বিচারে তার তাৎপর্য নিছক অর্থনৈতিক হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তা হবে এক দিক পরিবর্তনকারী উন্নয়ন দর্শনের যাত্রাবিন্দু। অবশ্য সেই সক্ষমতা বর্তমান সরকারের কতটুকু আছে, তা নিয়ে বিভিন্ন মূল্যায়ন আছে।কিছু অর্থনৈতিক হিসাব-নিকাশআগামী চার বছরে পদ্মা সেতু নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার বা প্রায় ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক প্রতিশ্রুতি ঋণের পরিমাণ হচ্ছে মোট ব্যয়ের প্রায় ৪০ শতাংশ। বাকি অর্থের মধ্যে ২০ শতাংশ প্রদান করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ১৪ শতাংশ দেবে জাইকা ও ৫ শতাংশ দেবে ইসলামি উন্নয়ন ব্যাংক। এভাবে মোট ৭৯ শতাংশ অর্থায়ন হওয়ার কথা বৈদেশিক উৎস থেকে। বাকি ২১ শতাংশ অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করার পরিকল্পনা আদিতে গৃহীত হয়েছিল।এখন অবস্থা যদি পাল্টে যায়, তাহলে তার অর্থনৈতিক অর্থ কী দাঁড়ায়? ধরা যাক, বিশ্বব্যাংক ঋণচুক্তি পুনর্বিবেচনা করল না, তার সঙ্গে সঙ্গে যত দূর জানা যায়, এডিবিও হয়তো পিছিয়ে যাবে। সে ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ অর্থ দেশীয়ভাবেই সংগ্রহ করতে হবে এবং সেই অর্থ বৈদেশিক মুদ্রায় সংগ্রহ করতে হবে, অর্থাৎ প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৪ হাজার ৪০০ কোটি টাকা।টাকার অঙ্কে বাংলাদেশের অর্থনীতি এখন যে মাত্রায় আছে, তা মোটেও খুব একটা ছোট নয়। ২০১১-১২ সালে চলতি মূল্যে আমাদের জিডিপি ছিল নয় লাখ ১৪ হাজার ৭৮৪ কোটি টাকা। সুতরাং, যে টাকা আমাদের সংগ্রহ করতে হবে, তার পরিমাণ হচ্ছে জিডিপির মাত্র ১ দশমিক ৬ শতাংশ। চলতি অর্থবছরে আমাদের এডিবির আয়তন প্রস্তাব করা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। সেই হিসাবে পদ্মা সেতুর জন্য সংগৃহীতব্য অর্থের পরিমাণ যদি ধরে নেই গড়ে মোট ব্যয়ের এক-তৃতীয়াংশ (ধরে নিলাম তিন বছরে সম্পূর্ণ বরাদ্দ অর্থ খরচ হবে) অর্থাৎ চার হাজার ৯১১ কোটি টাকা, তাহলে সে অর্থটুকু হচ্ছে প্রস্তাবিত এডিবির মাত্র ৮ দশমকি ৯৩ শতাংশ। যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের এডিপির ৫ থেকে ২০ শতাংশ ব্যয় কখনোই আমরা সম্পূর্ণ করতে পারি না। সুতরাং ওই অব্যবহূত অংশের সঙ্গে সামান্য সারচার্জ, ইত্যাদি বাবদ অর্থায়ন যোগ করলেই অর্থের সংকুলান হয়ে যাওয়ার কথা।এই প্রস্তাবের দুটো পূর্বানুমান রয়েছে—প্রথমত, এডিপি থেকে প্রয়োজনীয় অর্থ বাঁচানো সম্ভব। দ্বিতীয়ত, ওই অর্থকে প্রয়োজনীয় মাত্রায় বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা সম্ভব হবে। প্রথমটি নিয়ে খুব একটা বিবাদ নেই। কারণ, বিশ্বব্যাংক অভিমুখী অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে প্রথম বছরে পদ্মা সেতু নির্মাণের যে ব্যয় হবে, তা দেশের বাজেটের ভেতর থেকেই সংগ্রহ করা সম্ভব হবে। তবে সুশীল সমাজের পক্ষ থেকে কেউ কেউ একটি ভিন্ন আপত্তি তুলেছেন। যেহেতু বিশ্বব্যাংকের এই ঋণের সুদের হার নগণ্য এবং গ্রেস পিরিয়ড প্রচুর সে জন্য এর পরিবর্তে দেশীয় অর্থের ব্যবহারের একটি উচ্চ সুযোগ ব্যয় রয়েছে। অন্তত প্রতিকূল অর্থনৈতিক সামষ্টিক অবস্থা এই বাড়তি চাপের কারণে আরও প্রতিকূল হয়ে যেতে পারে। বিশেষ করে সরকার যদি ব্যাংক ঋণের মাধ্যমে এই বাড়তি অর্থ সংগ্রহ করে, তবে তা দেশের জন্য অধিকতর বিপদ (মুদ্রাস্ফীতি) ডেকে আনবে। এই আপত্তি যুক্তিসংগত বলে মনে করি, কিন্তু স্ব-অর্থায়ন যদি সত্যিই ‘অব্যবহূত’ এডিপির ব্যবহারের মাধ্যমে হয় এবং/অথবা ‘গণজাগরণ’ সৃষ্টি করে নতুন স্বেচ্ছাপ্রণোদিত অর্থ সংগ্রহের মাধ্যমে হয়, তাহলে এই ‘আশঙ্কা’ মিথ্যা হয়ে যাবে।এ ক্ষেত্রে দ্বিতীয় একটি আপত্তি হচ্ছে, দেশীয় মুদ্রার বৈদেশিক মুদ্রায় রূপান্তরশীলতা সম্ভব কি না, তা নিয়ে। এ প্রসঙ্গে বিপত্তির মাত্রাটি নির্ভর করবে, কোন বিকল্প উৎস থেকে এই বিদেশি মুদ্রা আমরা সংগ্রহ করব, তার ওপর। আমরা দেখছি, প্রতি মাসে গড়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন এক বিলিয়ন ডলার। পদ্মা সেতুর সমগ্র প্রকল্প ব্যয় ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং তার ৬০ শতাংশ যদি বৈদেশিক মুদ্রায় ব্যয় হয় (ড. আবুল বারকাত, ২০১২ দ্র.), তাহলে প্রয়োজন হবে সর্বমোট ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আমাদের ১ দশমকি ৮ মাসের পাঠানো রেমিট্যান্সের সমান। যদি তিন বছরে এই প্রয়োজন মেটাতে হয়, তাহলে চলতি বছরে গড়ে প্রয়োজন মেটাতে হবে মাত্র দশমকি ৫৯ বিলিয়ন ডলার। অর্থাৎ আমাদের বাৎসরিক রেমিট্যান্স আয়ের (১২ বিলিয়ন রেমিট্যান্স আয় ধরে নিয়ে) মাত্র কুড়ি ভাগের ১ ভাগ বা ৫ শতাংশ। অর্থনৈতিক সক্ষমতার বিচারে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সংগ্রহের সক্ষমতা আমাদের রয়েছে। তবে দেশীয় উৎসের ওপর বাড়তি চাপ সৃষ্টির বিষয়টিও সরকারকে ভাবতে হবে। এ কথা ঠিক যে আমরা যদি আন্তর্জাতিক পুঁজিবাজারে পাঁচ থেকে ১০ বছর মেয়াদি সভরেন বন্ড ছাড়ি, তাহলে সেখানে যদি বিদেশে অবস্থানরত বাঙালি ধনী সঞ্চয়কারীরা (বা যাঁরা বাইরে ডলার পাচার করে রেখে দিয়েছেন!) তা কেনেন, তাহলে এই অর্থ সংগ্রহ মোটেও কঠিন হবে না। বর্তমানে উন্নত পুঁজিবাদী দেশগুলোতে মন্দা চলছে এবং সুদের হার খুবই কম থাকায় ৪ থেকে ৬ শতাংশ সুদের বন্ডও বাঙালি প্রবাসী ধনিকদের জন্য লোভনীয় হতে পারে।এ ছাড়া সর্বশেষে আমরা ঋণ বা সাহায্যের জন্য অন্যান্য দেশ, যেমন—ভারত, চীন, রাশিয়া ইত্যাদি জায়গায় টোকা মেরে দেখতে পারি। অন্যদিক দিয়ে তা দীর্ঘমেয়াদে আমাদের জন্য নানা স্ট্র্যাটেজিক সুবিধাও এনে দিতে পারে। বিশ্বব্যাংকের ওপর অতিনির্ভরতা কমিয়ে আমাদের ঋণ সাহায্যের উৎস বহুমুখীকরণ আজ হোক কাল হোক আমাদের শুরু করতেই হবে। সেটা এই উপলক্ষে শুরু করলে মন্দ কী।উপরিউক্ত আলোচনা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে পদ্মা সেতু নির্মাণ স্ব-অর্থায়নে সম্ভব। কিন্তু তার ‘ব্যয়বাহুল্য’ কতটুকু বেশি হবে, তা নির্ভর করবে—ক) কত দেরিতে আমরা তা শুরু করছি তার ওপর।খ) জাইকা, এডিবি, ইসলামী ব্যাংক ইত্যাদি অন্য ঋণদাতাদের ভূমিকা কী দাঁড়ায়, তার ওপর।গ) বিদেশি মুদ্রার অংশটি কত ব্যয়ে সংগৃহীত হচ্ছে, তার ওপর।ঘ) দুর্নীতির ও অপচয়ের মাত্রা কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে, তার ওপর। আমি এর সঙ্গে যোগ করব যে এতসবের পরেও যদি প্রধানমন্ত্রী কথিত গণজাগরণ সৃষ্টি করে পদ্মা সেতু নির্মাণে বর্তমান সরকার সফল হয়, তাহলে তা বাংলাদেশের জন্য একটি ভিন্ন বার্তার সূচনা করতে পারে। তখন সমগ্র বিষয়টি ড. আবুল বারকাত যেমন বলেছেন শাপে বর হতে পারে। কিন্তু সে জন্য যে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজন হবে, তা এই সরকারের আছে কি?এম এম আকাশ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।