আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির সর্বসাম্প্রতিক ভিডিওবার্তাটির সত্যতা নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ভারত সরকারের নড়েচড়ে ওঠার খবরে মনে হয়, বাংলাদেশেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
জাওয়াহিরির ভিডিওবার্তার ভাষ্য অনুযায়ী, আল-কায়েদার শ্যেনদৃষ্টি আফগানিস্তান-পাকিস্তান পেরিয়ে প্রসারিত হয়েছে পুব দিকে মিয়ানমার পর্যন্ত। তাঁর বর্ণিত ‘কায়েদাত আল-জিহাদ ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ যদি বাস্তব হয়ে ওঠে, তাহলে পুরো উপমহাদেশই আফগানিস্তানের রূপ ধারণ করতে পারে।
প্রথমত লক্ষ রাখা প্রয়োজন যে আফগানিস্তান-পাকিস্তানের মাত্রায় না হলেও বাংলাদেশেও ইসলামি জঙ্গিদের তৎপরতা দেখা গেছে। আরও ভাবনার বিষয় হলো, এই দেশ থেকে অনেক জঙ্গি আফগানিস্তানে গিয়ে সোভিয়েত দখলদারির বিরুদ্ধে লড়াইরত মুজাহিদিন বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল, এমনকি আল-কায়েদা ও আফগান তালেবানের হাতে তাদের প্রশিক্ষণের তথ্যও আমরা জেনেছিলাম। ২০০৫ সালে ইসলামি জঙ্গিরা দেশজুড়ে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের শক্তি জাহির করেছিল, সন্ত্রাসী বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানদের উপদ্রবও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। হরকাতুল জিহাদ, জামাআতুল মুজাহিদিন, জামাআতুল মুসলেমিন ইত্যাদি নানা নামে তারা আজও এই দেশে রয়ে গেছে, যদিও বর্তমান সরকারের প্রবল জঙ্গিবিরোধী অভিযানে তারা ঘাপটি মেরে রয়েছে। এই জঙ্গি গোষ্ঠীগুলোর আল-কায়েদার সঙ্গে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে বাংলাদেশের জনগণ ধর্মের নামে সহিংসতাকে প্রবলভাবে নাকচ করেছে বলে ইসলামি জঙ্গিবাদ এই দেশে স্থান পায়নি। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন, গোপনে সক্রিয় দুষ্কৃতকারীদের মতো তাদের আচরণ। অতীতে প্রকাশ্যে তাদের যেটুকু সক্রিয়তা দেখা গেছে, তার পেছনে তৎকালীন সরকারের কোনো কোনো অংশের গোপন সমর্থন ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের জঙ্গিবাদবিরোধী অবস্থান প্রবল বলে জঙ্গিরা মাথাচাড়া দিতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হোক, জঙ্গিবাদের বিরুদ্ধে একধরনের বোঝাপড়া থাকলে আল-কায়েদা অন্তত বাংলাদেশের মাটিতে স্থান পাবে না।