আলো-ছায়ার মহানগর ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলো ও ছায়া’ অমর কথাশিল্পী শরৎচন্দ্র রচিত অনবদ্য গল্পগুলোর একটি। গল্পটির সূচনা করে তিনি লেখেন, ‘প্রথমেই যদি তোমরা ধরিয়া ব’স, এমন কখ্খনও হয়না, তবে ত আমি নাচার। আর যদি বল হইতেও পারে—জগতে কত কি যে ঘটে, সবই কি জানি? তাহলে কাহিনী পড়িয়া ফেল; আমার বিশ্বাস, তাহাতে কোন মারাত্মক ক্ষতি হইবে না।’ নিবন্ধকারেরও ভয়, দেশের রাজধানী ঢাকা মহানগরের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি ব্যয়ের ক্ষেত্রে দেশের অপরাপর অংশ থেকে শোচনীয় রকমের বঞ্চনার শিকার, এ ধরনের একটি শিরোনাম দিয়ে লেখাটি ছাপা হলে পাঠক গাঁজাখুরি ভেবে এটা পাঠে বিরত থাকতে পারেন। তাই শরৎচন্দ্র থেকে টেনে আনা হলো, ‘জগতে কত কি যে ঘটে, সবই কি জানি?’ এবার হয়তো পাঠক কৌতূহলী হয়ে একটু ধৈর্য ধরে লেখাটির মূল বিষয়বস্তুতে যেতে পারেন।এটা আমরা সবাই জানি ও মানি যে দেশের সব নাগরিক সুবিধা রাজধানী ঢাকায় কেন্দ্রীভূত করা হয়েছে। আলো ঝলমল সুরম্য ইমারতের এ মহানগরের রাস্তায় দামি গাড়ির ভিড়। মূল্যবান দ্রব্যাদিতে ভরপুর বিপণিবিতানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর হাসপাতালও রয়েছে বেশুমার। তাই সারা দেশ থেকে মানুষ ছুটে আসছে রাজধানীতে। ২০১১ সালের জনগণনা অনুসারে সারা দেশের লোকসংখ্যা যেখানে প্রায় ১৫ কোটি ২৫ লাখ, সেখানে শুধু রাজধানীতেই থাকে এক কোটি ৪৫ লাখ। তা-ও আরও আসছে। যারা এসেছে, তাদেরও ফেরত যাওয়ার কোনো গরজ নেই। কেননা, গ্রামের বাড়িতে হয়তো বা বসতভিটে আছে, কিন্তু নেই কাজ। তাই প্রায়ই থাকতে হয় নিরন্ন। দিনের পর দিন এভাবে থাকা যায় না। আর যখন খবর পায়, প্রতিবেশী পরিবারটি ঢাকায় গিয়ে খেয়ে-পরে ভালো আছে, তখন ছোটে এখানে। কেউ পরিবার-পরিজন শুরুর দিকে রেখে আসে গ্রামের বাড়িতে। তা-ও নানা সমস্যায় কিছুদিন পর নিয়ে আসতে হয়। বাড়তে থাকে রাজধানীবাসীর সংখ্যা। সে সংসারের গৃহকর্তা হয়তো বা দিনমজুর, রিকশাচালক বা ফেরিওয়ালা। তাঁর স্ত্রী বাসাবাড়িতে ঠিকে কাজ করে। ছেলে একটু বড় হলে টেম্পোর হেলপার কিংবা বাজারের মিনতি। মেয়েটি নেহাতই ভাগ্যবতী হলে পোশাককর্মী; তা না হলে বাসাবাড়ির কাজেই লাগতে হয়। খেতে পায়—এটা ঠিক। থাকে বস্তিতে গাদাগাদি করে। গড়ে ৫০ বর্গফুট একটি কুঠুরির ভাড়া ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা। নেই পানি কিংবা পয়োনিষ্কাশন-সুবিধা; বিদ্যুৎ-সুবিধাও পায় খুব কম ক্ষেত্রে। আর তা-ও সীমিত ও দুর্মূল্য। গ্যাসের কথা তো চিন্তাই করতে পারে না। লাকড়ির মণ ৫০০ টাকা। মাঝেমধ্যেই হতে হয় উচ্ছেদের শিকার। অথচ আমরা গ্রামগুলোতে কিন্তু প্রায় শতভাগ নাগরিকের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি; করা হয়েছে স্বাস্থ্যকর পায়খানার ব্যবস্থা। থাকার জায়গায়ও এত চড়া দামে হয় না। রাজধানীতে এ ধরনের জীবনযাপন যারা করে, তাদেরও ভাগ্যবান বলতে হয়। কেননা, কোনো নির্ধারিত থাকার জায়গা নেই—এমন লোকই তো কয়েক লাখ। ফুটপাত, রেল ও বাসস্টেশনে রাত কাটায় তারা। এটুকু বিষয় পর্যন্ত হয়তো বা অনেকেই জানেন। কেননা, বস্তিবাসীর সমস্যা নিয়ে বিভিন্ন স্থানে হয় সেমিনার, গোলটেবিল বৈঠক কিংবা এ ধরনের কিছু।পরিসংখ্যান থেকে স্পষ্ট, রাজধানীতে দেশের জনসংখ্যার প্রায় এক-দশমাংশ বসবাস করে। যে চাকচিক্যের বহিরাবরণ আমরা দেখতে পাই, তার সুবিধা ভোগ করে—এমন সৌভাগ্যবান নাগরিকের সংখ্যা রাজধানীবাসীর অর্ধেকেরও কম। কেননা, বেশির ভাগই নিম্ন বেতনভোগী সরকারি-বেসরকারি কর্মচারী, ছোট দোকানদার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, গৃহকর্মীসহ কম আয়ের লোকজন। তাঁরা সবাই বস্তিবাসী নয় বটে, তবে তাঁদের জীবনযাত্রার মানও করুণ। আর হয়তো বা ধরে নেওয়া হয় রাজধানীতে যারা আছে, তাদের জন্য যথাযথ পরিমাণ রাষ্ট্রের সামাজিক খাতে ব্যয়ের আবশ্যকতা নেই। ধরে নেওয়া হয়, এ জন্য বলব যে গৃহায়ণ খাতে হতদরিদ্র নগরবাসীর জন্য সরকারি উদ্যোগে ব্যবস্থা নেওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হতে পারে। কিন্তু প্রাথমিক শিক্ষা আর স্বাস্থ্যসেবা?রাষ্ট্র সবার জন্য প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে বহু কার্যক্রম নিয়েছে। শিশুদের স্কুলে পাঠাতে বহু ধরনের প্রচার-প্রচারণাও চলছে। প্রাথমিক শিক্ষা প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবশ্য এ জন্য বেসরকারি খাত উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলছে। এটাকে উৎসাহিতই করা উচিত। কেননা, এতে সরকারের অর্থই ব্যয় হয় না। তবে সবার পক্ষে কি বেসরকারি খাতে শিক্ষা নেওয়া সম্ভব? অবশ্যই নয়। কেননা, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনায় যথেষ্ট ব্যয় হয়। আর এ ব্যয় স্বাভাবিকভাবে ছাত্রদের ওপরই আসে। তাহলে ঢাকাবাসীর নিম্নমধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র আর হতদরিদ্র শিশুরা কি প্রাথমিক শিক্ষা থেকেও বঞ্চিত থাকবে? পরিসংখ্যান বলে, তা-ই থাকছে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৩৭ হাজার ৬৭০টি। রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২২ হাজার ৯২। এগুলোও সরকারীকরণের নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ দুটো মিলে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় ৫৯ হাজার ৭৬৯। আর এর মধ্যে ঢাকা মহানগরের ভাগে পড়েছে সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে ২৯৪ আর ৪৬টি। যোগ করলে প্রায় সাড়ে তিন শ। শতকরা ১ ভাগও নয়। এমনকি এনজিওগুলোও ঢাকা মহানগরের এ বিষয় উপেক্ষা করছে বলে মনে হয়। ব্র্যাক স্কুল চালায় মোট ১০ হাজার ৩৪৮টি। আর অন্য এনজিও দুই হাজার ৭৮৮টি। এর মধ্যে রাজধানীতে ব্র্যাক ও অন্য এনজিওর স্কুল সংখ্যা যথাক্রমে ১৩৪ ও ৯৪। একুনে ২২৮। শতকরা হার নির্ণয়ের ভার পাঠকের ওপরই রইল। তাহলে প্রাথমিক শিক্ষা খাতে ঢাকা মহানগরের এ তুলনামূলক বঞ্চনা আর কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। তাদের হয় যেতে হবে ব্যয়বহুল বেসরকারি স্কুলে, না হয় থাকতে হয় নিরক্ষর। অনেক দরিদ্র মা-বাবা, বিশেষ করে বিধবা বা স্বামী পরিত্যক্তা নারী তাঁর ছেলেসন্তানকে ভর্তি করাতে চেষ্টা করেন এতিমখানাসংলগ্ন মাদ্রাসায়। এ শিক্ষার ফলাফল আর আলোচনা না-ই বা করা হলো।এরপর আলোচনা করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ সামাজিক খাত স্বাস্থ্যসেবা নিয়ে। সরকারি হাসপাতালগুলোর শয্যাসংখ্যাই প্রথমে বিবেচনায় নেওয়া যায়। ঢাকায় তিনটি মেডিকেল কলেজে দুই হাজার ৬৭৫টি আর ঢাকার বাইরে ১৪টি সরকারি মেডিকেল হাসপাতালসহ জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় শয্যাসংখ্যা ৩৯ হাজার। এতে ঢাকা বা ঢাকার বাইরের বিশেষায়িত সরকারি হাসপাতালগুলোর হিসাব বিবেচনায় নেওয়া হয়নি। ঢাকার বাইরে এ ছাড়া রয়েছে ১০ হাজারেরও অধিক কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র। এগুলোতেও প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া যায়। সেই বিবেচনায় ঢাকা মহানগর? অতি করুণ চিত্র! অবশ্য আইনের বিধান অনুসারে মহানগর এলাকায় প্রাথমিক স্বাস্থসেবা সিটি করপোরেশনের দেওয়ার কথা, সরকারের নয়। কিন্তু তারা কি আদৌ দেয়? নির্বাচিত কাঠামো থাকতেও এ ক্ষেত্রে তাদের ভূমিকা লক্ষণীয় হয়নি। হয়তো বা রয়েছে জনবল ও অর্থসংকট। আর এখন তো ঢাকা মহানগরের সিটি করপোরেশন দুটো সরকারের সম্প্রসারিত অঙ্গ হিসেবেই গণ্য করা চলে। তিনটি মেডিকেল কলেজ হাসপাতালকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকা মহানগরের সরকারি চিকিৎসাব্যবস্থা। সম্প্রতি প্রতিষ্ঠিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালটিতে এখন শুধু আউটডোর সেবাই দেওয়া হয়। অবশ্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে বেশ কয়েকটি। তবে সত্যিকারের নামীদামি বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল অবশ্যই রয়েছে। প্রতিটি অঞ্চলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে ডজন ডজন। এগুলোর চিকিৎসা ব্যয় তো ক্ষেত্রবিশেষে মধ্যবিত্তেরও নাগালের বাইরে। তবু সেগুলোতেই যেতে হয়। আর পাঁচ হাজার টাকার মাইনের বাসার দারোয়ান মামুলি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দালালের খপ্পরে পড়ে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। ছয় হাজার টাকা বিল দিয়ে হাতে-পায়ে ধরে নিষ্কৃতি পান—এমন ঘটনাও বিরল নয়। জনবহুল ও যানজটে সদা আক্রান্ত এ নগরে সরকারি হাসপাতালগুলো থেকে কোনো দূরবর্তী স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটলে সরকারি হাসপাতালে নিতে রোগীর প্রাণ যেতে পারে। ভর্তি হয় কাছাকাছি কোনো না-কোনো বেসরকারি হাসপাতালে। প্রয়োজন হয় অনেক টাকা। আর সবার তো সেই সামর্থ্য নেই। বলার অপেক্ষা রাখে না, বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই বেশির ভাগ ঢাকাবাসীর। ওষুধের দোকানগুলোয় ‘ডাক্তার সাহেব’ নামের হাতুড়ে ডাক্তাররাই তাদের ভরসা। তাঁরা নির্বিচারে প্রয়োগ করে অ্যান্টিবায়োটিক। চূড়ান্ত ক্ষতি যতটুকুই হোক, প্রাথমিক ফলাফল বেশ কিছু ক্ষেত্রে কার্যকর। রাজধানীবাসীর বিরাট একটি অংশের স্বাস্থ্যসেবার দায়িত্ব যেন কারোই নেই—এমনটা মনে হয়।এ নিবন্ধে বৈষম্যের যে তথ্য দেওয়া হচ্ছে, তা এ অর্থে নয় যে ঢাকার বাইরের মানুষ এসব ক্ষেত্রে ব্যাপক সুবিধা ভোগ করছে। সেখানে হাসপাতাল আছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে থাকে না চিকিৎসক আর মেলে না ওষুধ। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় পালা করে প্রায়ই গরহাজির থাকেন বেশ কিছু শিক্ষক। দূরদূরান্তের উপজেলাগুলোয় চিকিৎসকের পদে নিযুক্তি আছেন যাঁরা, তাঁরা মাঝেমধ্যে গিয়ে মাইনে নেন। তবে অনেকেই থাকেন না কর্মস্থলে। যানও কদাচিৎ। ঢাকায় বদলি হয়ে আসার চেষ্টায় থাকেন প্রায় সবাই। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্ষেত্রেও কিছুটা এ ধরনের আচরণ দেখা যায়। তাই প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে রাজধানীর বাইরের মানুষ প্রাতিষ্ঠানিকভাবে হয়তো বা কিছুটা সুবিধায় আছে। তবে সে প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে যথাযথ সেবা দেয় না।ঢাকা মহানগরের বাসিন্দাদের জন্য সামাজিক খাতে সরকারি ব্যবস্থাপনার করুণ চিত্র অনেকেরই জানা। কিন্তু কেউ জোর দিয়ে এসব কথা বলছেন না। এখানেও জনপ্রতিনিধি আছেন। ছিল নির্বাচিত সিটি করপোরেশন। তারাও কখনো এখানকার অন্ধকার এ চিত্রের বিষয়ে সোচ্চার হয়নি। এনজিওগুলোর ভূমিকাও আশানুরূপ নয়। তাহলে কি ঢাকাবাসী শুধু অদৃষ্টকে দোষ দিয়েই সন্তুষ্টি লাভ করতে থাকবে? আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]