আলোচনা হবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্টের শোকাবহ দিনে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কেক কাটার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা। তাঁদের এই সমালোচনা অযৌক্তিক নয়। খালেদা জিয়া কেবল বিরোধী দলের নেতা নন, তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কাছে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। সাধারণ মানুষ তো বটেই, তাঁর দলের অনেকেই বিষয়টি ভালো চোখে দেখছেন না। দলীয় ফোরামে তাঁরা সেটি বলতে না পারলেও ব্যক্তিগত আলোচনায় জানিয়ে থাকেন। কিন্তু বিরোধী দলের নেতার এই অনাকাঙ্ক্ষিত আচরণকে অজুহাত হিসেবে খাড়া করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যেভাবে বিরোধী দলের সঙ্গে আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছেন, তা দেশবাসীর উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়াবে। ১৫ আগস্ট নিয়ে বিরোধী দলের অবস্থানের আমরা সমালোচনা করতে পারি, প্রতিবাদ ও নিন্দা জানাতে পারি। কিন্তু চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা না করার ঘোষণা একেবারেই অগ্রহণযোগ্য।আওয়ামী লীগের নেতা আব্দুল লতিফ সিদ্দিকী আবার হরতাল ডাকলে হরতাল আহ্বানকারীদের ঘরে গিয়ে ‘হত্যা’ করার কথা বলেছেন বলে পত্রিকায় এসেছে। সরকারের একজন মন্ত্রী হয়ে তিনি এ রকম দায়িত্বজ্ঞানহীন কথা কীভাবে বলতে পারেন? তাঁর এই কথায় যেমন দম্ভ প্রকাশিত হয়েছে, তেমনি এর মধ্য দিয়ে নিজেকে আইনের ঊর্ধ্বে রাখার ধৃষ্টতাও রয়েছে। মন্ত্রী হিসেবে তিনি যত ক্ষমতাবানই হোন না কেন, কাউকে ‘হত্যার’ হুমকি দিতে পারেন না। এ ধরনের হুমকি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় দেশ যে গভীর সংকটে পড়েছে, সেই সত্যটি ক্ষমতাসীনেরা উপলব্ধি করতে না পারলেও সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এত দিন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর সবিশেষ গুরুত্ব দিয়ে আসছিলেন। এমনকি তিনি আন্দোলন করে সমস্যার সমাধান হবে না বলেও জানিয়েছেন। কোনো দলের নেতার অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে সেই আলোচনার পথ রুদ্ধ হয়ে যেতে পারে না।আজ আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলছেন, ১৯৯৪-৯৫ ও ২০০৫-০৬ সালে বিএনপির নেতারাও সেই ভাষায় কথা বলতেন। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। বিরোধী দল ইতিমধ্যে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে। এই অবস্থায় আলোচনার মাধ্যমে সরকার ও বিরোধী দল একটি সমঝোতায় পৌঁছতে না পারলে দেশে যে ভয়াবহ অরাজক পরিস্থিতি তৈরি হবে, তা সামাল দেওয়া কঠিন হবে বলেই আমাদের বিশ্বাস। দেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রীতিনীতি অগ্রাহ্য করতে পারে না। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ট্যাংকের মুখেও পাকিস্তানি শাসকদের সঙ্গে আলোচনায় বসতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতারা এখন কেন আলোচনার দরজাটি বন্ধ করে দেবেন?