লেখার শুরুতে ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে, যাদের বিরুদ্ধে জনগণের অভিযোগের অন্ত নেই। তারা দুর্নীতিপরায়ণ, ঘুষ খায়, অলস, সময়মতো আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে না, সুযোগ পেলে নিজেরাই নানা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়—কত রকমের অভিযোগ তাদের বিরুদ্ধে। বিগত জোট সরকারের অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান পুলিশ বাহিনীর জন্য বাড়তি অর্থ বরাদ্দের কথা উঠলে মন্তব্য করেছিলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী স্বাস্থ্যগতভাবে এতই দুর্বল যে তারা নিজের দেহের ওজনের ভারে একজন সামান্য চোরকেও দৌড়ে ধরতে পারে না। সেই পুলিশ এখন সংবাদপত্রের শিরোনাম। কারণ, তাঁরা জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাত থেকে অন্যদের জীবন রক্ষা করতে গিয়ে নিজেরা জীবন দিচ্ছেন। এঁদের কাউকে কাউকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, কেউ মারা যাচ্ছেন জামায়াত-শিবিরের সম্মিলিত গণপ্রহারে, আবার কেউ নিহত হচ্ছেন দুর্বৃত্তদের গুলিতে। কেউ একজন ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। একজন সদ্য নিহত হওয়া ইউনিফর্ম পরিহিত পুলিশ, যাঁর কোমরে তাঁর পিস্তলটিও আছে, তাঁকে তাঁর দুজন সহকর্মী পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছেন। নিচে মন্তব্য: এই বেচারা পুলিশটির কোমরে পিস্তল ছিল কিন্তু তিনি তা ব্যবহার না করেও নির্মমভাবে নিহত হয়েছেন। ছবিটি আমিও শেয়ার করি। কিছুক্ষণ পরে আমার ছাত্রসম একজন মন্তব্য করে, ‘এই এক পুলিশের মৃত্যুতেই আপনি এত কাতর? দেখছেন না তারা কীভাবে দেশে মানুষ হত্যা করছে?’ বুঝতে অসুবিধা হয় না সে তরুণ কাদের পক্ষ হয়ে কথা বলছে। এতে তাকে আমি খুব দোষ দিই না, কারণ দেশের একশ্রেণীর রাজনৈতিক নেতা যখন পুলিশ মানুষের জানমাল রক্ষা করতে গিয়ে অথবা নিজের জীবন রক্ষা করতে গিয়ে গুলি করে, তখন তাঁরা বলেন, দেশে গণহত্যা চলছে। এই যে দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের ওপর হামলা হলো, কানসাটে বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ করে তা পুরো ভস্মীভূত করা হলো, যার ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা এবং এর ফলে ওই অঞ্চলের কয়েক হাজার হেক্টর জমিতে সেচের অভাবে চাষাবাদ হবে না, প্রায় ৩০ হাজার মানুষকে দীর্ঘদিন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হবে, তখন যদি পুলিশ দুর্বৃত্তদের ওপর গুলি চালাত, হয়তো অনেক হতাহত হতো। তখনো নিশ্চয় বিরোধী দলের নেতা-নেত্রীরা চিৎকার করে বলতেন, আওয়ামী পুলিশ দেশে গণহত্যা চালাচ্ছে। আবার যখন দেশে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়ল, জনগণের জানমালের ক্ষতি হলো, তখন কিন্তু এই একই ব্যক্তিরা বলতে শুরু করলেন, সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশ অ্যাকশনে গেলে তখনো মানুষ মারা পড়ত। পুলিশ এখন জামায়াত-শিবিরের প্রধান টার্গেট, কারণ তারা বর্তমানে নামে-বেনামে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং পুলিশ হচ্ছে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। পুলিশকে রাষ্ট্র একটি বৈধ অস্ত্র দেয় এবং সে যদি দেখে, বিদ্যমান অবস্থায় সে অস্ত্র ব্যবহার করার প্রয়োজন আছে, তখন সে তা ব্যবহার করবেই। কিন্তু তা করলেও বিপদ আর না করলে নিজের জীবনও বিপন্ন হতে পারে। আসলে পুলিশের এখন অনেকটা ত্রিশঙ্কু অবস্থা।এবার আসি মূল প্রসঙ্গে। দেশে একটি চরম অস্থির সময় চলছে। এমনিতে সরকারের শেষ বছরে এসে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়। যাঁরা সরকারের বাইরে থাকেন, তাঁরা চান কীভাবে আসন্ন নির্বাচনে ক্ষমতায় যাওয়া যায়, সেটি গণতান্ত্রিক ব্যবস্থাকে তছনছ করে হলেও, যেমনটি দেখা গিয়েছিল ২০০৬ সালে। অন্য পক্ষ চায়, পরবর্তী নির্বাচনেও আবার বিজয়ী হয়ে কীভাবে ক্ষমতায় ফিরে আসা যায়। ২০১৩ সালে এসেও ঠিক তেমনটি হওয়ার কথা ছিল। বিরোধী দলও বিগত বছরে সেই আভাস দিয়েছিল। তারা ঘোষণাও করেছিল, সময় হলেই তারা এক দফার আন্দোলন শুরু করবে। কিন্তু সব পরিকল্পনা ওলটপালট হয়ে গেল ২০১০ সালে এসে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হওয়ার প্রেক্ষাপটে। ৪০ বছর পর কোনো সরকার এই যুদ্ধাপরাধীদের বিচারকাজটি করবে, তেমন বিশ্বাস কেউ করেনি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল, তারা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করবে। সুতরাং তাদের সেই বিচার-প্রক্রিয়া শুরু করতেই হলো। গোল বাধল, যে দলটি একাত্তরের যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত, সেই জামায়াতে ইসলামী আবার প্রধান বিরোধী দল বিএনপির প্রধান মিত্র এবং বিএনপি ভ্রান্তভাবে হলেও মনে করে, নির্বাচনে জিততে হলে জামায়াতের সমর্থন তাদের প্রয়োজন। জামায়াত এটা ভালো করেই জানে, যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি এমন একটি ইস্যু, যা সাধারণ জনগণের কাছে বেশ স্পর্শকাতর। ভরসা একমাত্র বিএনপিই। সাংবিধানিকভাবে নিষিদ্ধ জামায়াতকে ১৯৭৮ সালে আবার বাংলাদেশে রাজনীতি করার লাইসেন্স দেওয়া হয়েছিল। সুতরাং বিএনপির হাতে পুনর্জন্ম হওয়ায় এখন বিএনপির দায়িত্ব হয়ে পড়েছে, এই দলের অস্তিত্বের লড়াইয়ে তাদের সঙ্গে থাকা এবং তাদের রক্ষা করা, যদিও কৌশলগতভাবে অনেক বিশ্লেষকের মতে, এটি বিএনপির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। জামায়াত সবচেয়ে ভালো সময়েও দেশের সাধারণ ভোটারদের চার ভাগের বেশি ভোট পায় না। অন্যদিকে সাম্প্রতিক কালে যেহেতু জামায়াত সারা দেশে ভয়ংকর একটি সন্ত্রাসী দল হিসেবে আবির্ভূত হয়েছে, সেহেতু এখন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটি অস্বীকার করা যাবে না যে দীর্ঘদিন ধরে একটি শক্তি দেশকে আবার একাত্তর-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে চেষ্টা করছে। বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যেটি জিয়াউর রহমান, বিচারপতি সাত্তার আর খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে প্রায় ১৬ বছর শাসন করেছে। কিন্তু নানা কারণে তারা কেন জানি নিজের শক্তির ওপর আর ভরসা রাখতে পারছে না। তারা মনে করছে, এখন তাদের একমাত্র ভরসা জামায়াত। তার কারণ, জামায়াত একটি ক্যাডারভিত্তিক দল, বিপুল আর্থিক সম্পদের মালিক, আছে বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক আর আছে তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী ছাত্রশিবির। ইতিমধ্যে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং তাদের তিনজনের বিচারের রায়ও ঘোষণা করা হয়েছে। এই তিনজনের মধ্যে বাচ্চু রাজাকার পলাতক, কাদের মোল্লা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আর দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুদণ্ডে দণ্ডিত। দলের আরও দুজন শীর্ষস্থানীয় নেতার রায় হয়তো কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। এখন স্বাভাবিক কারণে জামায়াত মরিয়া হয়ে উঠবেই এবং কৌশলগত কারণেই বিএনপিকে তারা ব্যবহার করবে। আর বিএনপি অনেকটা বোকার মতো জামায়াতের পাতা ফাঁদে পা দিয়েছে। সোজা কথায় বলতে হলে বিএনপি এখন পুরোপুরি জামায়াতের খপ্পরে পড়ে গেছে।অনেক দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে শান্তি ফিরিয়ে আনার জন্য সবাই দুই প্রধান দল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আলোচনার কথা বলছে। সংকট হলে আলোচনার বিকল্প নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন, আলোচনা অবশ্যই হতে পারে। কিন্তু সেই আলোচনা ততক্ষণ পর্যন্ত ফলপ্রসূ হবে না, যতক্ষণ না বিএনপি জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করছে, যেটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর বিএনপিকে জামায়াত যেভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে, তাকে তারা ছাড়বে কেন? সুতরাং যাদের প্রত্যাশা, দুটি দলের মধ্যে আলোচনা হবে, তাদের হয়তো এ মুহূর্তে হতাশ হতে হবে। সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ ডেকেছিল। এদিন দিনের বেলায় অধিকাংশ সাধারণ মানুষ এটি বলাবলি করছিল, আগামী দিন, মানে মঙ্গলবার তো হরতাল হবে। জানতে চাই, কীভাবে বুঝলেন? সোজাসাপটা উত্তর, সমাবেশ শান্তিপূর্ণভাবে হলেও শেষ সময়ে এসে সভার ধারে-কাছে কিছু ককটেল ফাটবে এবং সঙ্গে সঙ্গে জামায়াত বিএনপিকে দিয়ে হরতাল আহ্বান করাবে। ঘটনা ঠিক তা-ই হলো। সভা শেষের দিকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই স্টেজের কাছে কয়েকটি ককটেল ফাটল আর সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলামসহ জামায়াত-শিবিরের কর্মীরা হরতাল হরতাল স্লোগান শুরু করে দিল। সভার আশপাশে প্রচুরসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। স্লোগানের পরপরই জামায়াত-শিবিরের কর্মীরা তাদের প্রতি বৃষ্টির মতো ব্যাপক ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চলার পর তখন তারা বাধ্য হয় অ্যাকশনে যেতে। এসব দৃশ্য দেশের মানুষ সরাসরি টিভিতে দেখেছে। আমি এখনো বিশ্বাস করতে চাই, এই আক্রমণে বিএনপির চেয়ে জামায়াত-শিবিরের অংশ ছিল অনেক ব্যাপক। সুতরাং যতক্ষণ পর্যন্ত বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার কোনো সুযোগ দেখি না। আশা করব, সময় থাকতে বিএনপির বোধোদয় হবে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।বুধবার চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ সমাবেশ ডেকেছে। সেখানে ঢাকার নেতাদের বক্তব্য দেওয়ার কথা। কিন্তু বাদ সেধেছেন চট্টগ্রামের হেফাজতে ইসলামের আমির পীর কামেল আল্লামা শাহ আহমদ শফি। তাঁর মতে, গণজাগরণ মঞ্চে নাস্তিকেরা আসবে, সুতরাং তাদের সভা করতে দেওয়া যাবে না। আল্লামা শফি একজন কামেল মানুষ বলেও জানি। বিনয়ের সঙ্গে তাঁকে বলি, তিনি হয়তো ভুল তথ্যের ওপর তাঁর সিদ্ধান্ত নিয়েছেন। আমি একজন নগণ্য মুমিন। তাঁর মতো আমার সুযোগ হয়েছে একাধিকবার আল্লাহর ঘর দর্শন করার। আমি অনেক দিন গণজাগরণ মঞ্চে গিয়েছি। কখনো সেখানে নাস্তিকতার কিছু দেখিনি। পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে আজান হলে মঞ্চের সব কর্মকাণ্ড বন্ধ থাকে। তিনি একজন সমঝদার মানুষ। আশা করব, তিনি তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।রাজনৈতিক সংকট দূর করার জন্য আলোচনা অবশ্যই করতে হবে। এর জন্য বড় দুই দলকেই তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। মঙ্গলবার পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে যেভাবে তল্লাশি চালাল, হয়তো তার প্রয়োজন ছিল বা ছিল না, এটি তর্কের বিষয়। কিন্তু এটাই হোক এ ধরনের কর্মসূচির শেষ দৃশ্য। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।