আশার আলো পায়নি পার্বত্যবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের শেষ সময়ে পার্বত্য চট্টগ্রামের একটি জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে মানুষের মধ্যে বেশ আশার সঞ্চার করেছিল। তবে তিনি এসে যা বলে গেলেন, তাতে পাহাড়ি-বাঙালি কারও সে আশা পূরণ হয়েছে বলা যাচ্ছে না। সবাই তাঁর কাছ থেকে আরও সুনির্দিষ্ট বক্তব্য আশা করেছিল। চার বছর ধরে সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষ যেসব শুনে আসছে, সেই কথাগুলোই পুনরাবৃত্তি করে গেলেন প্রধানমন্ত্রী। বান্দরবান শহরের রাজার মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উসকানি না শুনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এটা ঠিক যে, অধিকাংশ মানুষ স্বভাবগতভাবে শান্তিপ্রিয়। কিন্তু সমস্যা জিইয়ে থাকলে পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি কতটুকু আশা করা যায়? যেখানে পরস্পরবিরোধী দুটি সম্প্রদায় নানা স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব আর টানাপোড়েনে প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেছেন। এটা ঠিক, পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ অবকাঠামো এবং স্বাস্থ্য, শিক্ষাসহ মানুষের মৌলিক কিছু চাহিদা পূরণে ধারাবাহিক উন্নতি হচ্ছে। তবে পার্বত্য চট্টগ্রামের মানুষের যেটা সবচেয়ে বেশি জরুরি, তা হলো সমস্যার রাজনৈতিক সমাধান। সেই জরুরি সমস্যা সমাধানে ১৪ বছর আগে স্বাক্ষরিত পার্বত্য চুক্তিতে দিকনির্দেশনা আছে। কিন্তু সেই পথে দ্রুত এগোনো যাচ্ছে না। সে কারণে পার্বত্য চট্টগ্রামের মানুষ হতাশ। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশ্বাসের কারণে এখানকার মানুষ বিগত সংসদ নির্বাচনে মহাজোটকে ভোট দিয়েছিল।প্রধানমন্ত্রী ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি গঠনসহ অনেক বিষয় বাস্তবায়ন করার কথা বলেছেন। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষ থেকে পার্বত্য এলাকার জনগণকে যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, সেভাবে কি সমস্যা সমাধানে বা পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার তৎপর? বর্তমান সরকারের কাছ থেকে এ পর্যন্ত তেমন রাজনৈতিক সদিচ্ছা আমরা দেখতে পাইনি। এটা ঠিক যে, পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রত্যেক সরকারের আমলে পার্বত্য চুক্তির মৌলিক বিষয়; পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটি, ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে। কিন্তু কমিটি গঠন বা পুনর্গঠন যে চুক্তি বাস্তবায়ন নয়, সেটা কাউকে বলার অপেক্ষা রাখে না। এসব কমিটি গঠন করা হলেও বিগত ১৪ বছরে আমরা কমিটিগুলো অকার্যকরই দেখে আসছি। সে কারণে সরকারি হিসাবে সোয়া এক লাখের বেশি পাহাড়ি-বাঙালি পরিবার এখনো উদ্বাস্তু রয়ে গেছে। ভারত থেকে ফিরে আসা অনেক শরণার্থী পরিবার তাদের ভিটেমাটিতে ফিরে যেতে পারেনি। ভূমি-সমস্যা দিন দিন জটিলতর হয়ে উঠছে। পাহাড়ি-বাঙালি অবিশ্বাস, অনাস্থা বাড়ছে। বাড়ছে নানা সন্দেহ। এমনকি উসকানি দেওয়ার মানুষের সংখ্যাও বাড়ছে। পার্বত্য চট্টগ্রামের মূল ও প্রধান সমস্যা ভূমি। আর সেটাকে মেনে নিয়ে পার্বত্য চুক্তিতে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের শর্ত ছিল। সেই শর্ত অনুযায়ী কমিশন গঠন করা হয়েছে। ২০০১ সালে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনও জাতীয় সংসদে পাস করা হয়েছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও বিভিন্ন আদিবাসী সংগঠনের দাবি অনুযায়ী সেই আইনের ২৩টি ধারা পার্বত্য চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়। সেই দাবির সবটা মেনে না নিলেও সরকার অর্ধেক মেনে নিয়েছে। প্রায় ১১ বছর নানা দেনদরবারের পর এ বছরের ৩০ জুন সরকার ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মধ্যে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩টি ধারা সংশোধনের ব্যাপারে মতৈক্য হয়। কথা ছিল, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে সেই সংশোধনী উত্থাপন করা হবে। কিন্তু পরবর্তী সময়ে তা আর জাতীয় সংসদে উত্থাপন করা হয়নি। সংসদের চলতি অধিবেশনে যে তা উত্থাপিত হবে, সে আশা কেউ রাখতে পারছেন না। এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ গঠন করা হয়েছে। কিন্তু পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামের মানুষ এই দুটি প্রতিষ্ঠানকে যেভাবে নিজেদের সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছিল, সে আশা পূরণে কি সরকার কোনো কার্যক্রম হাতে নিয়েছে? পার্বত্য জেলা পরিষদগুলো এখন সরকারি দলের নেতাদের পুনর্বাসন কেন্দ্র ছাড়া আর কিছুই নয়। চুক্তি স্বাক্ষরের ১৪ বছরেও পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন হচ্ছে না। অপরদিকে আঞ্চলিক পরিষদ একদিকে যেমন অনির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে, তেমনি আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালা সরকার অনুমোদন না করায় তা রয়ে গেছে নখদন্তহীন এক প্রতিষ্ঠান হিসেবে। অপরদিকে সরকার চুক্তির অনেক কিছু বাস্তবায়নের দাবি করলেও বাস্তবে দেখা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার চার বছরে তিনটি পার্বত্য জেলা পরিষদের মাত্র পাঁচটি সরকারি বিভাগ হস্তান্তর করা হয়েছে। চার বছরে যদি পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের গতি এমন হয়, তাহলে আগামী এক বছরে আর কতটুকু বাস্তবায়িত হবে, তা ভেবে দেখার বিষয়। এসব সমস্যা নিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ বড়ই অস্বস্তিতে রয়েছে। সেই অস্বস্তি দূর করার কোনো আশার আলো প্রধানমন্ত্রীর বান্দরবানে দেওয়া বক্তব্যে ফুটে ওঠেনি। তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে আগামী এক বছরে সরকার পার্বত্য চট্টগ্রামের মানুষের আশার আলো দেখাতে পারে বলে অনেকের বিশ্বাস। কারণ, পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলোর কাঠামো তৈরি আছে। সেগুলোকে কার্যকর করা হলে সবটা না হোক, অনেক কিছু করা সম্ভব।হরি কিশোর চাকমা: সাংবাদিক।