দেশের অন্যতম সফল ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী গত মঙ্গলবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বিশেষ বক্তৃতায় এমন কিছু কথা বলেছেন, যা কেবল ব্যবসা-বাণিজ্য নয়, জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় হতে পারে। সমাজে এ রকম একটি ধারণা আছে যে ব্যবসা মানেই খারাপ এবং অসততার আশ্রয় নেওয়া ছাড়া মুনাফা করা যায় না। কিন্তু সেই ধারণা যে সঠিক নয়, সৈয়দ মঞ্জুর এলাহীর প্রতিষ্ঠানসহ বাংলাদেশের আরও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তার প্রমাণ রেখেছে।
সৈয়দ মঞ্জুর এলাহী ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সততা, কঠোর পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে বলেছেন, এমনকি সাময়িক ক্ষতি হলেও প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। প্রতিশ্রুতি রক্ষা করা ব্যবসার ধর্ম, হোক সেটি ব্যাংকের ঋণ নেওয়া কিংবা উৎপাদিত পণ্যের মান রক্ষার ক্ষেত্রে। তিনি বলেছেন, কাউকে না ঠকিয়ে সৎভাবে ব্যবসা করে যেতে হবে, সাফল্য এমনিতে চলে আসবে।
আমরা অনুরূপ প্রতিধ্বনি শুনতে পাই ভারতের ব্যতিক্রমী শিক্ষাব্রতী অচ্যুত সামন্তের কণ্ঠে। হতদরিদ্র ঘরে জন্ম নেওয়া এই অধ্যাপক, যিনি কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কিট) ও কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (কিস) নামে দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তিনি গত ২৭ জুলাই ঢাকায় বলেছেন, ভালো মানুষ হতে পারলে সাফল্য তার পেছনে ঘুরবে। তিনি শুধু নিজের জীবনেই তা প্রতিষ্ঠা করে দেখাননি, হাজার দরিদ্র শিক্ষার্থীকেও সেই পথে উদ্বুদ্ধ করেছেন। তাঁর কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে ১৫ হাজারের বেশি আদিবাসী শিক্ষার্থী বিনা খরচে পড়াশোনা ও থাকা-খাওয়ার সুযোগ পাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে যখন সততা ও নৈতিকতার প্রকট অভাব, তখন একজন সফল ব্যবসায়ী ও ব্যতিক্রমী শিক্ষাব্রতীর বক্তব্য নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করে। সৈয়দ মঞ্জুর এলাহী ব্যাংককে ব্যবসায়ীর বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। কেননা, ব্যবসায়ীর পুঁজির জোগান দিয়ে থাকে এই আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু যখন অসাধু ব্যবসায়ীরা সেই ব্যাংকের টাকা লোপাট করে দেন, তখন ব্যবসা ও ব্যাংক দুটোই পথে বসে। সোনার হাঁস মেরে ডিম পাওয়া যাবে না, ডিম পেতে হলে সোনার হাঁসকে বাঁচিয়েই রাখতে হবে।