আশুলিয়া ট্র্যাজেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন নামের এক তৈরি পোশাক কারখানায় আগুন লেগে যে মহাবিয়োগান্ত ঘটনা ঘটে গেল, তাতে আমাদের সমৃদ্ধ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা আবারও প্রকটভাবে ফুটে উঠল। এ পর্যন্ত ১১১টি মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে, আহত দেড় শতাধিক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, যা বিশ্বের সেরা ও নামী-দামি বিভিন্ন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে, সেখানে শ্রমিকদের কর্মক্ষেত্র এতটা ঝুঁকিপূর্ণ হওয়া আসলেই নির্মম পরিহাস।রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা শোক প্রকাশ করেছেন; আজ জাতীয় শোক দিবস পালিত হচ্ছে, চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে; বিজিএমইএর পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণাও এসেছে। সবই ঠিক আছে। কিন্তু আশুলিয়া এলাকায় কোনো কিছু ঠিক নেই। সহকর্মী-স্বজন হারানো শ্রমিকদের বিক্ষোভে বন্ধ হয়ে গেছে সব কারখানা; অচল হয়ে পড়েছে আশপাশের সড়কগুলোও। শোক পালন, ক্ষতিপূরণ কোনো কিছুতেই শ্রমিকেরা পুরোপুরি আশ্বস্ত হতে পারেন না। কারণ, তাঁরা সবকিছুর আগে চান প্রাণের নিরাপত্তা। নিশ্চিন্তপুর এলাকায় পোশাকশ্রমিকদের মধ্যে আতঙ্ক: যদি তাঁদের কারখানাটিতেও আগুন লাগে!অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে ১৫ দিনের মধ্যে। আপাতত ফায়ার সার্ভিস সূত্রে জানতে পারছি যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বেঁচে যাওয়া শ্রমিকদের কেউ কেউ অভিযোগ করেছেন, আগুন লাগার সময় কারখানা ভবনটি থেকে বের হওয়ার পথে তালা লাগানো ছিল। আরও কেউ কেউ অভিযোগ করেছেন, আগুন লাগার পর কর্তৃপক্ষ তাঁদের আতঙ্কিত না হওয়া ও ভবন থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছিল। যে কারণেই হোক না কেন, আগুন লাগার পর প্রচুরসংখ্যক শ্রমিক যে কারখানা থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারেননি—এতেই প্রমাণিত হয়, কারখানাটির জরুরি নির্গমনব্যবস্থা কার্যকর নয়। ১২ জন শ্রমিক হাসপাতালে মারা গেছেন, যাঁরা আগুন থেকে বাঁচার আশায় ভবনটি থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছিলেন। ৫৮টি লাশ এমনভাবে পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। আশুলিয়ার এক দিন পরই গতকাল সোমবার সকালে ঢাকার দক্ষিণখানে আরেকটি পোশাক কারখানায় আগুন লেগেছে।আশুলিয়ার প্রাণসংহারী আগুনের উত্তাপ খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ইউরোপ-আমেরিকার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে পোশাক কারখানায় আগুন লেগে শতাধিক শ্রমিকের মৃত্যুর খবর প্রচারিত হয়েছে। সেসব খবরে শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা তুলে ধরার পাশাপাশি জানানো হয়েছে আমাদের এই শ্রমিকেরা ইউরোপ-আমেরিকার কোন কোন নামী-দামি ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে দেন। অর্থাৎ এই অগ্নিকাণ্ডের অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে ইউরোপ-আমেরিকার বাজারে আমাদের তৈরি পোশাকশিল্পের ভাবমূর্তির ওপর। এ ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঠেকানোর ব্যবস্থা করাই এ মুহূর্তের প্রধান কর্তব্য।