আশুলিয়া থেকে জুরাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার আগে এই নগরের ধনী-দরিদ্র সবারই শেষনিঃশ্বাস ত্যাগ করার পর ঠাঁই হতো আজিমপুরে। ষাটের দশকে পয়সাওয়ালাদের শেষশয্যার জন্য তৈরি হয় আজিমপুর নতুন কবরস্থান। টাকাওয়ালা লোকের সংখ্যা বাড়তে থাকে আনুপাতিক হারে। তারা ইহলোক ত্যাগ করতে থাকায় আজিমপুর নতুন কবরস্থানে স্থানসংকুলানে সমস্যা দেখা দেয়। বনানী-গুলশান আবাদ হচ্ছিল অতিদ্রুত। বনানী-গুলশানের বড়লোকদের লাশ খাটিয়ায় করে আজিমপুর পর্যন্ত আনা কষ্টকর। তখন নগরের বড়লোকদের মাটির তলার নতুন আবাসিক প্রকল্প গড়ে তোলা হয় বনানীতে। শুধু জীবিত অবস্থায় নয়, মরণোত্তর মর্যাদাটা রক্ষা করাও শ্রেণীবিভক্ত সমাজের বৈশিষ্ট্য। তাই যখন কাউকে জিজ্ঞেস করা হয়, আপনার বাবা/শ্বশুরকে রাখলেন কোথায়? জবাব আসে, ‘বনানী’তে। বুঝতে হবে তিনি গরিব-গুর্বা ছলিমুদ্দি-কলিমুদ্দি ছিলেন না, ছিলেন একজন উচ্চবিত্ত। স্বাধীনতার পরে জ্যামিতিক হারে ধনীর সংখ্যা বাড়তে থাকে। দেশপ্রেমিকের সংখ্যা বাড়তে থাকে আরও দ্রুতগতিতে। সুতরাং বিত্তবান ও দেশপ্রেমিকের জন্য প্রয়োজন হয় আরেকটি কবরস্থানের। মিরপুরের মুক্তিযোদ্ধা কবরস্থানের পাশেই গড়ে তোলা হয় মিরপুর কবরস্থান। ওখানে সমাহিত হওয়াও গৌরবের। ওখানে ঠাঁই পাওয়াটা শুধু অর্থনৈতিক অবস্থান নয়, সামাজিক মর্যাদারও পরিচায়ক। তা ছাড়া, মিরপুরে শেষশয্যা পেলে কেউ বলতে পারবে না লোকটা রাজাকার ছিল। যদিও নয় মাসের আট মাসই পাকিস্তানি বাহিনীর হুকুমবরদারি করেছেন। মুক্তিযোদ্ধা ও হিন্দুদের বাড়ি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ১৫ মিনিট পরেই দেখা গেছে তা জ্বলছে দাউ দাউ করে। বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে বেঁচে থাকা অবস্থায় কে কী ছিল, তার চেয়ে মরার পরে কোথায় ঠাঁই হলো, সেটাই গুরুত্বপূর্ণ। বাংলার মাটিতে মানবসন্তানের মৃতদেহেরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কোনো লাশের জন্য উপযুক্ত স্থান আজিমপুর, কোনো প্রাণহীন শরীরের জন্য বনানীর মাটি, কোনো মৃতদেহের জন্য মিরপুর এবং কোনো কোনো লাশের জন্য জুরাইন। কবরস্থান হওয়া উচিত এলাকাভিত্তিক। দক্ষিণ ঢাকার আদিবাসীদের জন্য আজিমপুর। উত্তর ঢাকার ভাগ্যবানদের লাশ চলে যাবে সোজা বনানীতে। সংসদ ভবনের পশ্চিম-উত্তর পাশের লাশ মিরপুরে। বঙ্গভবনের পূর্ব-দক্ষিণ দিকের অধিবাসীদের লাশ জুরাইনে। বাংলাদেশে সব ধর্মের মানুষই আছে। তাদেরও মরতে হয়। তবে পোস্তগোলা বা ওয়ারীতে যারা যায়, তাদের মধ্যে মরণোত্তর বৈষম্য নেই। আশুলিয়া থেকে বনানী খুব কাছে। মিরপুরও কাছে। আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে জুরাইন জায়গাটি বেশ দূরে। তবে সব শ্রেণীর মানুষের জন্য বনানীর অভিজাত কবরস্থানের দরজা উন্মুক্ত নয়। সুতরাং ওদের ৫৯ জনের জন্য জুরাইনের কোনো বিকল্প ছিল না। গত ৩০ বছরে কোনো রাজনৈতিক নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, সাংসদ বা শিল্পপতিকে জুরাইনে রাখা হয়েছে, তা আমরা টিভি চ্যানেলের খবরে শুনিনি। পোশাকশিল্পের মালিকদের মায়ের পেটের বোন তো দূরের কথা, তাঁদের চাচাতো-মামাতো বোন, এমনকি ফুফাতো-খালাতো শালীদের সৎকারও জুরাইনে করবেন কি না তাতে আমার গভীর সন্দেহ। আসলে সব মাটির উপাদান একই। হতে পারে জুরাইনের মাটি একটু কালচে ও বেলে দো-আঁশ, বনানীর মাটি সামান্য লালচে ও আঠালো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম মুসলমানদের লাশ দাফনে অসামান্য কাজ করে আসছে। আঞ্জুমানের কাজ রাস্তায় কুড়িয়ে পাওয়া বেওয়ারিশ লাশ ধর্মীয় রীতিতে দাফন করা। অথবা যেসব দরিদ্র পরিবারের মৃতের সৎকারের আর্থিক সংগতি নেই, তাদের সহায়তা দেওয়া। পোশাকশিল্পের কয়লায়িত মানুষগুলোর দায়িত্ব আঞ্জুমানের ঘাড়ে বর্তাবে কেন? বিজিএমইএর অতি উঁচু ও অবৈধভাবে নির্মিত সুরম্য ভবনটির দিকে তাকিয়ে তো মনে হয় না পোশাকশিল্পের মালিকেরা ব্যাংকে ঋণ থাকা সত্ত্বেও নিঃস্ব। ৫৯টি লাশের সম্মানজনক গণকবরের ব্যবস্থা শিল্পের মালিকের পক্ষ থেকে করলেই তা হতো নৈতিক ও ব্যবসায়িক দায়িত্ব পালন। মাদার তেরেসার সঙ্গে আমার তিনবার কথা বলার সৌভাগ্য হয়েছিল। তাঁর ‘নির্মল হূদয়’ কালীঘাটে আমি বহুবার গিয়েছি। তাঁর একটি কথা মনে পড়ে: জীবনে বহু হতভাগ্যকে অনেক দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। মৃত্যুর আগে সে যেন একটু শান্তি পেয়ে যেতে পারে, সে ব্যবস্থা করা আমাদের কর্তব্য। এবং মৃত্যুর পরে যেন তার মৃতদেহটা যথাযথ মর্যাদায় সৎকার হয়। কারণ, মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি।বেঁচে থাকা অবস্থায় পোশাকশিল্পের শ্রমিকদের আমরা উপযুক্ত প্রাপ্য ও মানবিক মর্যাদা দিই না। পুড়িয়ে কয়লা বানানোর পর তাদের সৎকারে মানবিক ছোঁয়াটুকু দিতেও আমাদের কার্পণ্য। আমাদের ভেতর থেকে মনুষ্যত্বের উপাদানগুলো উঠে যাচ্ছে।ওরা আর কোনো দিন বেতন চাইবে না। বেতন-ভাতা বাড়ানোর জন্য দাবি করবে না। বোনাস না পেয়ে চোখের পানি ওড়নার আঁচলে মুছবে না। আর কিছুই চাইবে না যারা কোনো দিন, তাদের কয়লায়িত দেহগুলোকে আরেকটু মর্যাদায় সৎকার করা যেত। লোক দেখানো শোক দিবস পালন না করে দেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়া বেশি জরুরি। গণকবরটি জুরাইনে না হয়ে মুক্তিযোদ্ধা কবরস্থানের পাশে বিশেষভাবে হলে সেটাই হতো যথাযথ।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।