আশুলিয়ায় কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেড নামের গ্যাস লাইটারের কারখানার আগুন উন্নয়নের ভেতরের খবরও ফাঁস করে দিয়েছে। এক শিশুশ্রমিকের মৃত্যু জানিয়ে দিয়েছে, কারখানার মালিক বেআইনিভাবে শিশুশ্রম কিনতেন। মারাত্মক দগ্ধ ২৫ জন নারীশ্রমিক জানিয়ে দিলেন যে সেখানে কম মজুরিতে নারীদের কাজ করানো হতো। নারীদের মজুরি দিতে হয় কম, শিশুদের দিতে হয় আরও কম। মৃত্যুকূপে কম বেতনে শ্রমিক খাটানোর ব্যবসা চালানো কি একা মালিকের অপরাধ? সরকারের শিল্প মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের এখানে কি কোনো দায় নেই?

২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদামের আগুনে পুড়ে মারা যান ১১৭ জন। ২০১২–তে সাভারের তাজরীন গার্মেন্টসে পুড়ে অঙ্গার হন ১২৬ জন শ্রমিক। এ বছর টাম্পাকোয় মারা যান আরও ৩৯ জন। রানা প্লাজায় নিহত ১ হাজার ১২৯ জন, আহত ২ হাজার ৫০০ জন এবং নিখোঁজ ৯৯৬ জন। তাঁদের অধিকাংশও নারী। অবহেলাজনিত এসব মৃত্যুকে দুর্ঘটনা না বলে ‘কাঠামোগত হত্যাকাণ্ডই’ বলা ভালো। এসব ঘটনা এখনো বিচারাধীন থাকায় শাস্তির বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। শুধু এটুকু নিশ্চিত, এই দেশে মুনাফার আগুনে শ্রমিকের জীবন নিতান্তই খরচযোগ্য।

শিল্প টিকিয়ে রাখার স্বার্থে, নারকীয় মৃত্যু ঠেকানোর স্বার্থে কঠোর বিচারের পাশাপাশি কর্মপরিবেশ নিরাপদ করার ব্যবস্থা কঠোর করুন। আহত ব্য​িক্তদের সুচিকিৎসা এবং আহত-নিহত সবার ক্ষতিপূরণ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।