আশ্রয়হীনদের আশ্রয়কেন্দ্র ছাড়ার নির্দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস আগে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার সময় জেলা প্রশাসন তাদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল। কিন্তু সেই আশ্বাস ভুলে গিয়ে এখন পুনর্বাসন না করে শুধু কিছু টাকা, চাল আর দুই বান্ডিল টিন দিয়ে তাদের চলে যেতে বলা হচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসনের এ কেমন বিবেচনা? এভাবে যদি আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, তাহলে দরিদ্র এসব মানুষ যাবে কোথায়? খাবে কী? জেলা প্রশাসক আশ্রিত লোকজনকে নিরাপদ স্থান দেখে ঘরবাড়ি বানাতে বলেছেন। এই নিঃস্ব মানুষগুলো কীভাবে ঘরবাড়ি বানাবে?

জেলা প্রশাসনের বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে নিরাপদ জায়গা না পাওয়ায় এবং দীর্ঘদিন আশ্রয়কেন্দ্র পরিচালনা করা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম আলোর খবর অনুযায়ী, ওই ছয়টি আশ্রয়কেন্দ্রে ৩০১টি পরিবারের ৭০০ লোক বসবাস করছে। হতে পারে এত মানুষকে প্রতিদিন দুই বেলা খাবারের জোগান দেওয়া জেলা প্রশাসনের জন্য চাপ হয়ে দাঁড়ায়, তাই বলে তো তাদের এভাবে চলে যেতে বলা যায় না। তাদের যদি ফের সেই খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়, তাহলে কী লাভ হলো?

রাঙামাটি জেলা প্রশাসনের উচিত, প্রতিশ্রুতি অনুযায়ী আগে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং এরপর তাদের আশ্রয়কেন্দ্র ছাড়তে বলা। শুধু তা-ই নয়, যতটুকু সম্ভব তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা উচিত। দরিদ্র, নিঃস্ব মানুষগুলোকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়।